Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে ফুড ট্রাকের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণের দাবি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৫

বাহরাইনে ফুড ট্রাকের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণের দাবি

বাহরাইনে ফুড ট্রাক ব্যবসা দ্রুত জনপ্রিয় হয়ে উঠলেও এর অনিয়ন্ত্রিত বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংসদ সদস্য ও পৌর কর্তৃপক্ষ। তারা বলছেন, বিভিন্ন এলাকায় ফুড ট্রাকগুলো এলোমেলোভাবে ছড়িয়ে পড়ছে এবং এর ফলে জনসাধারণের ভোগান্তি বাড়ছে। একই সঙ্গে খাবারের দামও বেড়ে যাচ্ছে।  

সাম্প্রতিক বছরগুলোতে বাহরাইনে ফুড ট্রাক সংস্কৃতি ব্যাপক পরিবর্তন এনেছে। গুরমে বার্গার থেকে শুরু করে ফিউশন স্ট্রিট ফুড; সব ধরনের খাবারই এখন মোবাইল ভেন্ডরদের মাধ্যমে পাওয়া যাচ্ছে। তবে জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণহীনতা দেখা দিয়েছে। সংসদ সদস্যরা মনে করছেন, ফুড ট্রাক ব্যবসাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে হলে নির্দিষ্ট স্থান নির্ধারণ করা জরুরি। 

এ বিষয়ে সংসদ সদস্য আল ওলাইউই এবং ড. আল কাত্তান নতুন করে আহ্বান জানিয়েছেন। তাদের মতে, ফুড ট্রাক ব্যবসা স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করছে ঠিকই, কিন্তু সঠিক পরিকল্পনা ছাড়া এটি জনস্বার্থের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। তারা চান, সরকার নির্দিষ্ট এলাকায় ফুড ট্রাক পরিচালনার অনুমতি দিক, যাতে ব্যবসায়ীরা সুবিধা পান এবং জনসাধারণও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে খাবার উপভোগ করতে পারেন।  

পৌর কর্তৃপক্ষও বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তাদের মতে, ফুড ট্রাকের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করলে যানজট কমবে, স্বাস্থ্যবিধি মানা সহজ হবে এবং ব্যবসায়ীরা আরো ভালোভাবে সেবা দিতে পারবেন। একই সঙ্গে খাবারের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।  

স্থানীয়রা বলছেন, ফুড ট্রাক ব্যবসা শহরের সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করেছে। তবে এটি যেন বিশৃঙ্খলার কারণ না হয়, সে জন্য সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

Logo