Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৬ ফেব্রুয়ারি ২০২৬

কুয়েতে সাহেল অ্যাপে প্রবাসীদের জন্য নতুন সেবা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০৩

কুয়েতে সাহেল অ্যাপে প্রবাসীদের জন্য নতুন সেবা

বাহরাইন

বাহরাইনে ভবন মালিকদের সতর্ক করল কর্তৃপক্ষ

বাহরাইনে ভবন মালিকদের নিম্নমানের অগ্নিনিরাপত্তা সরঞ্জাম ব্যবহার না করার জন্য কঠোর সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। সম্প্রতি রাজধানীর আরাদ এলাকায় একটি ভবনে রেস্টুরেন্টের গ্যাস লিক থেকে বিস্ফোরণ ঘটে ভবন ধসে পড়ার পর এ সতর্কতা দেওয়া হয়। এর ফলে প্রাণহানি ও সম্পদের ক্ষতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার আহ্বান জানানো হয়েছে। হিদ পুলিশ স্টেশনের প্রধান কর্নেল ড. ওসামা বাহার জানিয়েছেন, গত দুই বছরে অন্তত ২০টির বেশি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনার বড় অংশই ঘটেছে নিম্নমানের নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারের কারণে। অনেক ভবন মালিক নিরাপত্তা ব্যবস্থাকে গুরুত্ব দেন না, যা মারাত্মক ঝুঁকি তৈরি করছে। কর্তৃপক্ষ জানিয়েছে, রেস্টুরেন্ট ও আবাসিক ভবনে গ্যাস লাইন, অগ্নিনির্বাপক যন্ত্র, অ্যালার্ম সিস্টেম এবং জরুরি বহির্গমন পথের মতো মৌলিক নিরাপত্তা সরঞ্জাম মানসম্মত হতে হবে। নিম্নমানের বা ভুয়া সরঞ্জাম ব্যবহার করলে তা শুধু আইন লঙ্ঘন নয়, বরং মানুষের জীবন ও সম্পদের জন্য বড় হুমকি। সাম্প্রতিক দুর্ঘটনার পর নিরাপত্তা কর্মকর্তারা ভবন মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন নিয়মিতভাবে সরঞ্জাম পরীক্ষা করেন এবং প্রয়োজনে নতুন মানসম্মত সরঞ্জাম স্থাপন করেন। একই সঙ্গে রেস্টুরেন্ট মালিকদেরও সতর্ক করা হয়েছে, রান্নাঘরে গ্যাস লিক বা বৈদ্যুতিক ত্রুটি যেন দ্রুত শনাক্ত ও সমাধান করা হয়।  


কুয়েত

কুয়েতে সাহেল অ্যাপে প্রবাসীদের জন্য নতুন সেবা

কুয়েতে প্রবাসীদের জন্য নতুন ই-সেবা চালু করার ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির তথ্য মন্ত্রণালয় ও আবাসন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে সাহেল অ্যাপের মাধ্যমে এখন থেকে যাত্রীরা পাসপোর্ট সংক্রান্ত যে কোনো সেবা নিতে পারবেন। এই ই-সেবার ফলে সেবা গ্রহীতাদের পাসপোর্টের তথ্য পরিবর্তন বা নবায়নের জন্য আর সরাসরি অফিসে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না। এতে সেবার মান আরো উন্নত হবে এবং প্রবাসীরা আরো কম সময়ে সেবা নিতে পারবেন। কর্তৃপক্ষের বরাত দিয়ে দ্য আরব টাইমস অনলাইন আরো জানিয়েছে, সাহেল অ্যাপের মাধ্যমে ইতোমধ্যে বিভিন্ন সরকারি ই-সেবা প্রদান করা হচ্ছে এবং ধাপে ধাপে আরো নতুন সেবা এতে যুক্ত করা হবে। সরকারের পক্ষ থেকে প্রবাসী ও নাগরিকদের এই ডিজিটাল সেবার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।


সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে জালিয়াতকে হাতেনাতে ধরা

সংযুক্ত আরব আমিরাতে এক সন্দেহভাজন জালিয়াতকে হাতেনাতে ধরেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি শারজাহর একটি টাইপিং অফিসে সরকারি ও বিচার-সংক্রান্ত নথি জাল করে ব্যবহারের জন্য প্রস্তুত করছিল এবং সরকারি ই-সেবা ব্যবহারের মাধ্যমে তা অবৈধ কাজে লাগানোর চেষ্টা করছিল। নিশ্চিত গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে সেই প্রিন্টিংয়ের অফিসে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময়ই ওই অফিসে জাল নথি এবং জালিয়াতিতে ব্যবহৃত যন্ত্রপাতিসহ একজন অপরাধীকে আটক করা হয়। 

এদিকে, আমিরাতের মানবসম্পদ ও এমিরিটাইজেশন মন্ত্রণালয়, দেশটির বাসিন্দাদের ভুয়া ই-মেইল নিয়ে সতর্ক করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, কিছু প্রতারক সরকারি মন্ত্রণালয়ের নাম ও লোগো ব্যবহার করে সাধারণ মানুষের কাছে ই-মেইল পাঠাচ্ছে এবং ব্যক্তিগত তথ্য, ফাইল ডাউনলোড বা লিংকে ক্লিক করতে বলছে। এসব ই-মেইলের মাধ্যমে প্রতারণা ও তথ্য চুরির চেষ্টা করা হচ্ছে। মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, তারা কখনোই ই-মেইলের মাধ্যমে পাসওয়ার্ড, ওটিপি বা ব্যাংক-সংক্রান্ত তথ্য চায় না। সন্দেহজনক ই-মেইল পেলে তা খুলতে বা লিংকে ক্লিক না করে, সঙ্গে সঙ্গে মুছে ফেলার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।

Logo