সৌদি আরব সরকার উটের জন্য পাসপোর্ট বা অফিসিয়াল কাগজপত্র চালুর সিদ্ধান্ত নিয়েছে। দেশটির কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগ প্রাণী খাতের উৎপাদনশীলতা ও কার্যকারিতা বাড়াবে এবং উটের জন্য একটি নির্ভরযোগ্য তথ্যভিত্তিক ডাটাবেস তৈরি করবে।
৩ ফেব্রুয়ারি মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে উটের পাসপোর্টের ছবি প্রকাশ করেছে। সবুজ রঙের ওই পাসপোর্টে সৌদি আরবের কোস্ট অব আর্মস এবং একটি স্বর্ণের উটের ছবি রয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই প্রকল্পের মূল লক্ষ্য হলো উট পালন খাতকে সুশৃঙ্খল করা, প্রতিটি উটের পরিচয় নথিভুক্ত করা এবং সেবার মান উন্নত করা। একই সঙ্গে দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক বাজারে সৌদি আরবের উট ব্যবসার প্রতি আস্থা বাড়ানোও এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
প্রকল্পের আওতায় প্রতিটি উটের বিস্তারিত তথ্য, মালিকানা ও জাত রেকর্ড করা হবে। এসব তথ্যকে উটের স্বাস্থ্য ও আইনি তথ্যের সঙ্গে যুক্ত করা হবে। ফলে এই পাসপোর্টটি একটি দাপ্তরিকভাবে স্বীকৃত নথি হিসেবে কাজ করবে, যা উটসংক্রান্ত যে কোনো সেবা প্রদানকে আরো সহজ ও কার্যকর করবে।
কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, উট পাসপোর্ট একটি পূর্ণাঙ্গ পরিচয়পত্র হিসেবে কাজ করবে। এতে উটের মালিকানা, জাত, স্বাস্থ্য রেকর্ড এবং আইনি তথ্য একত্রে সংরক্ষিত থাকবে। এর মাধ্যমে উটের বাণিজ্য, পরিবহন ও চিকিৎসা সেবা আরো স্বচ্ছ ও কার্যকর হবে।
সৌদি আরবে উট শুধু প্রাণী নয়, বরং সংস্কৃতি ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। দেশটির মরুভূমি অঞ্চলে উট পালন একটি ঐতিহ্যবাহী খাত, যা আন্তর্জাতিক বাজারেও ব্যাপকভাবে প্রসারিত হয়েছে। নতুন এই উদ্যোগকে অনেকেই আধুনিক প্রযুক্তি ও প্রশাসনিক দক্ষতার সঙ্গে ঐতিহ্যকে যুক্ত করার পদক্ষেপ হিসেবে দেখছেন।
logo-1-1740906910.png)