Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আবুধাবি শান্তি বৈঠকের প্রথম বৈঠকে সন্তুষ্ট ইউক্রেন-রাশিয়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৮

আবুধাবি শান্তি বৈঠকের প্রথম বৈঠকে সন্তুষ্ট ইউক্রেন-রাশিয়া

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে শুরু হওয়া ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনার প্রথম দিনকে ‘ফলপ্রসূ’ হিসেবে উল্লেখ করেছেন দুই দেশের কর্মকর্তারা। ৪ ফেব্রুয়ারি ইউক্রেনের প্রধান আলোচক ও জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান রুস্তেম উমেরভ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, আলোচনায় নির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ ও বাস্তবসম্মত সমাধান নিয়ে আলোচনা হয়েছে।  

তবে এই আলোচনার মধ্যেও ইউক্রেনে যুদ্ধ অব্যাহত রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এটিই সবচেয়ে বড় সংঘাত হিসেবে বিবেচিত হচ্ছে। বৈঠক শুরুর আগের দিন ৩ তারিখ ইউক্রেনে রাশিয়া রেকর্ডসংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছিলেন, যুক্তরাষ্ট্র-সমর্থিত সংক্ষিপ্ত যুদ্ধবিরতির সুযোগ নিয়ে রাশিয়া প্রচুর গোলাবারুদ মজুত করেছে।  

এক মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আলোচনাকে ‘ফলপ্রসূ’ বলে উল্লেখ করেছেন।

এদিকে ৪ ফেব্রুয়ারি রাতে নিয়মিত ভিডিও ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, আলোচনার মাধ্যমে যেন বাস্তব শান্তির পথে অগ্রগতি হয়, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সতর্ক করে বলেন, এই আলোচনা যেন রাশিয়াকে যুদ্ধ চালিয়ে যাওয়ার নতুন সুযোগ করে না দেয়। জেলেনস্কি ইউক্রেনের অংশীদারদের মস্কোর ওপর আরো চাপ প্রয়োগ করার আহ্বান জানান।  

তিনি বলেন, ইউক্রেনের জনগণকে এখনই বুঝতে হবে যে পরিস্থিতি সত্যিই শান্তির দিকে এগোচ্ছে এবং যুদ্ধের অবসান ঘটছে। রাশিয়া যেন আলোচনার সুযোগ নিয়ে নিজেদের সুবিধামতো হামলা চালিয়ে যেতে না পারে।  

জেলেনস্কি আরো আশা প্রকাশ করেন, আলোচনার ফলে শিগগিরই নতুন করে বন্দিবিনিময় হতে পারে। ফরাসি টেলিভিশন চ্যানেল ফ্রান্স-২ কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, রাশিয়ার সঙ্গে সংঘাতে যুদ্ধক্ষেত্রে নিহত ইউক্রেনীয় সেনার সংখ্যা প্রায় ৫৫ হাজার বলে ধারণা করা হচ্ছে।  

দুই দিনব্যাপী এই ত্রিপক্ষীয় বৈঠককে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে দীর্ঘস্থায়ী সংঘাত নিরসনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে যুদ্ধক্ষেত্রে চলমান হামলা ও প্রাণহানির কারণে শান্তি প্রতিষ্ঠার পথ এখনো কঠিন হয়ে আছে।

Logo