বাহরাইনে ভবন মালিকদের সতর্ক করল কর্তৃপক্ষ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৩
বাহরাইনে ভবন মালিকদের নিম্নমানের নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার না করার জন্য কঠোর সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। সম্প্রতি রাজধানীর আরাদ এলাকায় একটি ভবনে রেস্টুরেন্টের গ্যাস লিক থেকে বিস্ফোরণ ঘটে ভবন ধসে পড়ার পর এ সতর্কতা দেওয়া হয়। গালফ ডেইলি নিউজে প্রকাশিত সংবাদ বলছে, এর ফলে প্রাণহানি ও সম্পদের ক্ষতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার আহ্বান জানানো হয়েছে।
হিদ পুলিশ স্টেশনের প্রধান কর্নেল ড. ওসামা বাহার জানিয়েছেন, গত দুই বছরে অন্তত ২০টির বেশি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনার বড় অংশই ঘটেছে নিম্নমানের নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারের কারণে। তিনি বলেন, অনেক ভবন মালিক নিরাপত্তা ব্যবস্থাকে গুরুত্ব দেন না, যা মারাত্মক ঝুঁকি তৈরি করছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, রেস্টুরেন্ট ও আবাসিক ভবনে গ্যাস লাইন, অগ্নিনির্বাপক যন্ত্র, অ্যালার্ম সিস্টেম এবং জরুরি বহির্গমন পথের মতো মৌলিক নিরাপত্তা সরঞ্জাম মানসম্মত হতে হবে। নিম্নমানের বা ভুয়া সরঞ্জাম ব্যবহার করলে তা শুধু আইন লঙ্ঘন নয়, বরং মানুষের জীবন ও সম্পদের জন্য বড় হুমকি।
সাম্প্রতিক দুর্ঘটনার পর নিরাপত্তা কর্মকর্তারা ভবন মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন নিয়মিতভাবে সরঞ্জাম পরীক্ষা করেন এবং প্রয়োজনে নতুন মানসম্মত সরঞ্জাম স্থাপন করেন। একই সঙ্গে রেস্টুরেন্ট মালিকদেরও সতর্ক করা হয়েছে, রান্নাঘরে গ্যাস লিক বা বৈদ্যুতিক ত্রুটি যেন দ্রুত শনাক্ত ও সমাধান করা হয়।
বাহরাইনের নিরাপত্তা বিভাগ বলেছে, ভবন মালিকদের অবহেলা অনেক সময় বড় ধরনের বিপর্যয় ডেকে আনে। তাই আইন অনুযায়ী নিরাপত্তা মান বজায় রাখা বাধ্যতামূলক। এ বিষয়ে কঠোর নজরদারি চালানো হবে এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সাম্প্রতিক দুর্ঘটনার পর তারা আতঙ্কে রয়েছেন। অনেকেই মনে করছেন, ভবন মালিকরা যদি নিরাপত্তা ব্যবস্থা ঠিকভাবে না নেন, তবে একই ধরনের দুর্ঘটনা আবারো ঘটতে পারে।
logo-1-1740906910.png)