Logo
×

Follow Us

বাংলাদেশ

জানুয়ারিতেই কৃষি ব্যাংকে এলো ৪০১ মিলিয়ন ডলারের রেমিট্যান্স

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৫৫

জানুয়ারিতেই কৃষি ব্যাংকে এলো ৪০১ মিলিয়ন ডলারের রেমিট্যান্স

জানুয়ারি মাসে ৪০১ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এনে নিজের নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এর মধ্য দিয়ে দেশের সব সরকারি ও বেসরকারি ব্যাংকের মধ্যে রেমিট্যান্স আহরণে দ্বিতীয় অবস্থান আবারও ধরে রেখেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি।

বাংলাদেশ ব্যাংকের জানুয়ারি মাসের রেমিট্যান্স প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরসহ বিগত পঞ্জিকা বছরেও রেমিট্যান্স আহরণে ধারাবাহিকভাবে দ্বিতীয় অবস্থান সুসংহত করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক।

চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম সাত মাসে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে মোট ২ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এই অঙ্কও দেশের সব ব্যাংকের মধ্যে রেমিট্যান্স আহরণের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০২৪-২৫ অর্থ বছরে রেমিট্যান্স আহরণে কৃষি ব্যাংকের অবস্থান ছিলো ৪র্থ। তারপর থেকে রেমিট্যান্স আহরণে এখন পর্যন্ত দেশের সব সরকারি ব্যাংকগুলোর মধ্যে ১ম অবস্থান ধরে রেখেছে ব্যাংকটি। 

ব্যাংকটির কর্মকর্তারা জানান, দেশের গ্রাম ও ইউনিয়ন পর্যায়সহ প্রত্যন্ত অঞ্চলে কৃষি ব্যাংকের বিস্তৃত শাখা নেটওয়ার্ক থাকায় প্রবাসীরা একে নিজেদের ‘আপন ব্যাংক’ হিসেবে বিবেচনা করেন। এই আস্থার কারণেই বিদেশে অবস্থানরত প্রবাসীরা স্বজনদের কাছে দ্রুত ও নিরাপদে অর্থ পাঠাতে কৃষি ব্যাংককেই বেশি বেছে নিচ্ছেন।

এর ফল হিসেবে সাম্প্রতিক বছরগুলোতে রেমিট্যান্স আহরণে ধারাবাহিকভাবে নিজের রেকর্ড ভাঙছে কৃষি ব্যাংক। গত ডিসেম্বরে ব্যাংকটির মাধ্যমে এসেছে ৩৫৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স।

কর্মকর্তারা আশা করছেন, প্রবাসীদের আস্থা ও ব্যাংকের সেবার পরিধি আরও বিস্তৃত হওয়ায় আগামী মাসগুলোতেও রেমিট্যান্স প্রবাহ ঊর্ধ্বমুখী থাকবে।

Logo