Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ভারতজুড়ে ভুয়া কুয়েত ই-ভিসা চক্রের বিশাল নেটওয়ার্ক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৩

ভারতজুড়ে ভুয়া কুয়েত ই-ভিসা চক্রের বিশাল নেটওয়ার্ক

ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই দেশজুড়ে ব্যাপক অভিযানে ভুয়া কুয়েত ই-ভিসা ও চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা চালানো একটি বড় চক্রকে ধরেছে। আন্তর্জাতিক সাইবার অপরাধ দমন অভিযানের অংশ হিসেবে পরিচালিত এই অভিযানে দিল্লি ও আরো নয়টি রাজ্যে মোট ৩৫টি স্থানে তল্লাশি চালানো হয়।  

গালফ নিউজের এর প্রতিবেদনে জানা যায় ‘সাইস্ট্রাইক’ নামে বৈশ্বিক অভিযানের আওতায় পরিচালিত এই তল্লাশিতে এক প্রধান সাইবার প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে যুক্ত ছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কুয়েত, আয়ারল্যান্ড ও সিঙ্গাপুরের আইন প্রয়োগকারী সংস্থা, পাশাপাশি ইন্টারপোলও।  

তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্তরা ভুয়া ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করে কুয়েতি ই-ভিসা ও শীর্ষ কোম্পানিতে চাকরির প্রতিশ্রুতি দিচ্ছিল। তারা মূলত ভারতীয় নাগরিকদের টার্গেট করে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছিল।  

ভারতে সাম্প্রতিক বছরগুলোতে সীমান্ত পেরিয়ে পরিচালিত সাইবার প্রতারণা ব্যাপকভাবে বেড়েছে। প্রতারকরা ভুয়া ওয়েবসাইট, ডিজিটাল পেমেন্ট চ্যানেল ও জাল নথি ব্যবহার করে মানুষকে ফাঁদে ফেলছে। তারা কখনো ভিসা সেবা প্রদানকারী, কখনো বিদেশি চাকরির রিক্রুটার, আবার কখনো বিনিয়োগ প্ল্যাটফর্ম বা সরকারি ওয়েবসাইটের ছদ্মবেশে অর্থ হাতিয়ে নিচ্ছে।  

এ ধরনের চক্র সাধারণত ‘মিউল ব্যাংক অ্যাকাউন্ট’ ব্যবহার করে আন্তর্জাতিকভাবে অর্থ স্থানান্তর করে, যাতে শনাক্ত করা কঠিন হয়। ভারতের বিভিন্ন রাজ্যে তাদের কার্যক্রম ছড়িয়ে থাকে এবং ভুক্তভোগীরা থাকে নানা দেশে।   

ভারতীয় সংস্থাগুলো এখন বিদেশি আইন প্রয়োগকারী সংস্থা ও ইন্টারপোলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। কারণ এসব চক্র শুধু ভারতীয়দের নয়, যুক্তরাষ্ট্র, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার নাগরিকদেরও টার্গেট করছে।  

কর্তৃপক্ষ সতর্ক করে বলছে, চাকরিপ্রার্থী ও ভিসা আবেদনকারীরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তাদের পরামর্শ দেওয়া হয়েছে, সব সময় সরকারি ওয়েবসাইট যাচাই করতে এবং অচেনা চ্যানেলের মাধ্যমে অর্থ প্রদান না করতে।    

তদন্তে একটি ভুয়া ডোমেইন eservicemoi-kw.com চিহ্নিত হয়েছে, যেখানে ভুয়া ভিসা নথি ও চাকরির অফার দেখিয়ে মানুষকে প্রতারিত করা হচ্ছিল।  

গত ৩০ জানুয়ারি বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক, পাঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, তেলেঙ্গানা ও পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে অভিযান চালানো হয়। এতে একাধিক সাইবার প্রতারণা নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছে, যেগুলো ভুয়া পরিচয়ে পরিচালিত হচ্ছিল।

Logo