কুয়েতে মানি এক্সচেঞ্জ কোম্পানিগুলোতে কড়াকড়ি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০২
কুয়েতের কেন্দ্রীয় ব্যাংক নতুন নির্দেশনায় প্রতিদিনের নগদ লেনদেন সীমা কমিয়ে দিয়েছে। এখন থেকে এক্সচেঞ্জ কোম্পানিগুলোতে একজন গ্রাহক সর্বোচ্চ ১ হাজার কুয়েতি দিনার নগদ জমা বা লেনদেন করতে পারবেন। আগে এই সীমা ছিল ৩ হাজার দিনার। অর্থ পাচার ও সন্ত্রাসী অর্থায়ন রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আরব টাইমস এ সংবাদ প্রকাশ করেছে।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, নগদ লেনদেনের সঙ্গে অর্থ পাচারের ঝুঁকি বেশি থাকে। তাই নগদ লেনদেন সীমিত করে ব্যাংকিং চ্যানেল ও ডিজিটাল পদ্ধতির ব্যবহার বাড়ানো হবে। নতুন নিয়ম অনুযায়ী, ১ হাজার দিনারের বেশি লেনদেন করতে হলে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ কেটে নিতে হবে অথবা অনুমোদিত নন-ক্যাশ পদ্ধতি ব্যবহার করতে হবে।
তবে মোট লেনদেনের ওপর কোনো সীমা নেই। অর্থাৎ গ্রাহক চাইলে বড় অঙ্কের অর্থ লেনদেন করতে পারবেন, কিন্তু নগদে তা সম্ভব নয়। এই সিদ্ধান্তে এক্সচেঞ্জ কোম্পানিগুলোকে তাদের কার্যক্রমে পরিবর্তন আনতে হবে। গ্রাহকদেরও অভ্যস্ত হতে হবে ব্যাংকিং চ্যানেল বা ডিজিটাল লেনদেন ব্যবহারে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক মান বজায় রাখতে এবং বৈশ্বিক আর্থিক নিয়ন্ত্রণ ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রাখতে এই পদক্ষেপ জরুরি ছিল। বিশ্বব্যাপী অনেক দেশ নগদ লেনদেন সীমিত করছে, যাতে আর্থিক খাত আরো স্বচ্ছ হয় এবং অবৈধ অর্থ প্রবাহ বন্ধ করা যায়। কুয়েতও সেই ধারায় যুক্ত হলো।
ব্যবসায়ীরা বলছেন, নগদ লেনদেন সীমিত হওয়ায় কিছুটা অসুবিধা হবে, বিশেষ করে যারা প্রতিদিন বড় অঙ্কের নগদ লেনদেন করেন। তবে দীর্ঘমেয়াদে এটি দেশের অর্থনীতির জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। কারণ এতে আর্থিক খাত আরো নিরাপদ হবে এবং আন্তর্জাতিকভাবে কুয়েতের ভাবমূর্তি শক্তিশালী হবে।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা মনে করছেন, এই পদক্ষেপ ক্ষুদ্র ব্যবসা ও সাধারণ গ্রাহকদের জন্যও নিরাপত্তা বাড়াবে। নগদ লেনদেন সীমিত হওয়ায় প্রতারণা ও অবৈধ অর্থ লেনদেন কমে আসবে। একই সঙ্গে ডিজিটাল লেনদেনের প্রসার ঘটবে, যা আধুনিক অর্থনীতির জন্য অপরিহার্য।
logo-1-1740906910.png)