মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৩ ফেব্রুয়ারি ২০২৬
সৌদি আরবে স্থগিত হয়েছে ১৮০০ বিদেশি ট্রাভেল এজেন্টের চুক্তি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২৬
বাহরাইন
বাহরাইনে বাড়ছে বিভিন্ন ধরনের মাংসের দাম
বাহরাইনে পবিত্র রমজান মাস শুরুর আগেই বিভিন্ন ধরনের মাংসের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রমজানকে কেন্দ্র করে ঘরোয়া ইফতার আয়োজন ও পরিবার-পরিজনদের একত্র হওয়া; সব মিলিয়ে দেশটিতে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। এই সময়ে গরু ও খাসির মাংসের চাহিদা স্বাভাবিকভাবেই অনেক বেড়ে যায়। বাহরাইনের স্থানীয় মাংস বিক্রেতারা নিউজ অব বাহরাইনকে জানিয়েছেন, রজব মাস থেকেই মাংসের দাম বাড়তে শুরু করেছে। বর্তমানে প্রতি কেজিতে মাংসের দাম গড়ে ৩০০ থেকে ৫০০ ফিলস পর্যন্ত বেড়েছে। পাশাপাশি বাজারে হিমায়িত খাসির মাংসের চাহিদা ও বিক্রি দুটিই বেড়েছে। কেনিয়ার খাসির মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি প্রায় ৩ বাহরাইনি দিনার দামে। অস্ট্রেলিয়ার খাসির মাংসের দামও বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩ দশমিক ২ দিনার প্রতি কেজি। অন্যদিকে পাকিস্তানি গরুর মাংস বিক্রি হচ্ছে প্রায় ২ দশমিক ৫ দিনার প্রতি কেজিতে এবং বোনলেস গরুর মাংসের দাম পৌঁছেছে প্রায় ৩ দিনারে। এছাড়া সোমালিয়ান আস্ত গরু বিক্রি হচ্ছে প্রায় ৬৫ দিনার দামে। রমজান যত ঘনিয়ে আসছে, বাহরাইনের বাজারগুলো ততই জমে উঠছে। রেস্টুরেন্ট ও কেটারিং ব্যবসায়ীরা ব্যাপক হারে কারকাস কিনতে ব্যস্ত হয়ে পড়েছেন। একই সঙ্গে দেশটিতে বসবাসরত নাগরিক ও প্রবাসীরাও নিজেদের প্রয়োজন অনুযায়ী মাংস সংগ্রহ করছেন। তবে ব্যবসায়ীরা জানিয়েছেন, ঈদের পর চাহিদা দ্রুত কমে যাবে। তখন মাংস বিক্রি কঠিন হয়ে পড়বে। সে কারণেই রমজানের আগের এই সময়েই তাদের জন্য সবচেয়ে ব্যস্ত এবং দামও থাকে সর্বোচ্চ।
সৌদি আরব
সৌদি আরবে স্থগিত হয়েছে ১৮০০ বিদেশি ট্রাভেল এজেন্টের চুক্তি
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় দুর্বল পরিষেবার কারণে ১৮০০টি বিদেশি ট্রাভেল এজেন্সির সঙ্গে চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, নিয়মিত পরিদর্শনে এসব ট্রাভেল এজেন্টের সেবার মানে ঘাটতি এবং ব্যবস্থাপনায় দুর্বলতা ধরা পড়েছে। এর পরিপ্রেক্ষিতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে যাদের ইতোমধ্যে ওমরাহ ভিসা রয়েছে বা বুকিং সম্পন্ন হয়েছে, তাদের ওপর কোনো প্রভাব পড়বে না। স্থগিত হওয়া ট্রাভেল এজেন্সিগুলোকে ১০ দিনের গ্রেস পিরিয়ড দেওয়া হয়েছে, যাতে তারা নিজেদের ত্রুটি সংশোধন করে সেবার মান উন্নত করতে পারে। এই সময়ের মধ্যে বিদ্যমান ভিসা, আবাসন ও পরিবহনসহ সব ভ্রমণ পরিষেবা স্বাভাবিকভাবেই চলবে। তবে স্থগিতাদেশ কার্যকর থাকবে কেবল নতুন ভিসা ইস্যু এবং চুক্তি নবায়নের ক্ষেত্রে। যেসব সংস্থা নির্ধারিত ১০ দিনের মধ্যে সমস্যাগুলো সমাধান করতে পারবে, তারা পুনরায় তাদের চুক্তি সক্রিয় করে নতুন ভিসা প্রদান শুরু করতে পারবে।
কুয়েত
কুয়েতে চালু হতে যাচ্ছে আধুনিক প্রযুক্তিনির্ভর ট্রাফিক সিস্টেম
কুয়েতে চালু হতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক আধুনিক ইলেকট্রনিক ট্রাফিক মনিটরিং সিস্টেম। এই ব্যবস্থায় স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হবে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের। পাশাপাশি সড়কে যানবাহনের চলাচল সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হবে। আরব টাইমসের খবরে বলা হয়েছে, এই সিস্টেমের আওতায় খাদ্য ও অন্যান্য পণ্য সরবরাহকারী ডেলিভারি অ্যাপসহ বিভিন্ন ডেলিভারি সেবাকে মনিটর করা হবে। পর্যায়ক্রমে ট্যাক্সি, রাইড-শেয়ারিং সার্ভিস, গাড়ি ভাড়া এবং পাবলিক ট্রান্সপোর্টসহ বিভিন্ন যানবাহনকেও এই নজরদারির আওতায় আনা হবে।কুয়েতের জেনারেল ট্রাফিক ডিপার্টমেন্টের সহকারী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খালেদ আল-আদওয়ানি জানিয়েছেন, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ট্রাফিক আইন কার্যকরে আরো কার্যকর ভূমিকা রাখা। তিনি বলেন, আধুনিক প্রযুক্তির পাশাপাশি ড্রাইভারদের সচেতনতা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়বদ্ধতা নিশ্চিত করা গেলে সড়কে স্থায়ী শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব।
logo-1-1740906910.png)