Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

স্থগিত হলো আবুধাবির শান্তি বৈঠক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০০

স্থগিত হলো আবুধাবির শান্তি বৈঠক

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে পূর্বনির্ধারিত শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়নি। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ৩১ জানুয়ারি রাতে দেওয়া ভিডিও ভাষণে জানান, ইউক্রেন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরো তথ্যের অপেক্ষায় আছে এবং আগামী সপ্তাহে নতুন বৈঠক হওয়ার আশা করছে। বার্তা সংস্থা রয়টার্স এ সংবাদ জানিয়েছে।

এক সপ্তাহ আগে আবুধাবিতে তিন পক্ষের প্রতিনিধিরা ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে বৈঠকে মিলিত হয়েছিলেন। সেখানে রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা মুখোমুখি বসে ওয়াশিংটনের প্রস্তাবিত শান্তি কাঠামো নিয়ে আলোচনা করেছিলেন। তবে কোনো ফলাফল আসেনি। এরপর ১ ফেব্রুয়ারি ফের বৈঠকের সূচি নির্ধারণ করা হয়েছিল।  

জেলেনস্কি বলেন, “আমরা আমেরিকান পক্ষের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ রাখছি এবং তাদের কাছ থেকে পরবর্তী বৈঠকগুলোর বিষয়ে বিস্তারিত আশা করছি। ইউক্রেন সব কার্যকর মাধ্যমে কাজ করতে প্রস্তুত।” তিনি আরো বলেন, “এটা গুরুত্বপূর্ণ যে বৈঠকগুলো অনুষ্ঠিত হচ্ছে এবং ফলাফল আসছে। আগামী সপ্তাহে বৈঠক হবে বলে আমরা আশা করছি।”  

৩১ জানুয়ারি ফ্লোরিডায় ক্রেমলিনের দূত কিরিল দিমিত্রিয়েভের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের বৈঠক হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এই বৈঠকে নেতৃত্ব দেন। তিনি আলোচনাকে ‘ইতিবাচক ও গঠনমূলক’ বলে বর্ণনা করেছেন।  

উইটকফ আলোচনায় অগ্রগতির মূল বিষয় হিসেবে ভূখণ্ডের প্রশ্নকে সামনে আনেন। মস্কো চায়, ইউক্রেন তাদের পুরো দনবাস অঞ্চল রাশিয়াকে ছেড়ে দিক। কিন্তু ইউক্রেন বারবার এই দাবি প্রত্যাখ্যান করেছে।  

ওয়াশিংটন ইউক্রেন যুদ্ধ অবসানে কূটনৈতিক উদ্যোগে নেতৃত্ব দিয়ে আসছে। চার বছর আগে রাশিয়ার আক্রমণের মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। এখনো সংঘাত চলমান থাকায় শান্তি আলোচনার প্রতিটি পদক্ষেপ আন্তর্জাতিকভাবে গুরুত্ব পাচ্ছে।

Logo