Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদি আরবে ১৮০০ বিদেশি ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৯

সৌদি আরবে ১৮০০ বিদেশি ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় প্রায় ১৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত করেছে। ১ ফেব্রুয়ারি মন্ত্রণালয় জানায়, সেবা প্রদানে ঘাটতি ও মানদণ্ড পূরণে ব্যর্থতার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।  

খালিজ টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মোট ৫ হাজার ৮০০ বিদেশি এজেন্সির কার্যক্রম মূল্যায়ন করা হয়। এর মধ্যে ১৮০০ এজেন্সির কর্মদক্ষতা ও সেবার মানে ঘাটতি পাওয়া গেছে। মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ত্রুটি সংশোধনের জন্য ১০ দিনের সময় দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে শর্ত পূরণ হলে তাদের চুক্তি আবার কার্যকর হবে।  

তবে মন্ত্রণালয় স্পষ্ট করেছে, যেসব ওমরাহ হজযাত্রীর বৈধ ভিসা রয়েছে এবং আগে থেকেই বুকিং করা আছে, তাদের ওপর এই সিদ্ধান্তের কোনো প্রভাব পড়বে না। তাদের সেবা কার্যক্রম আগের মতোই চলবে।  

হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মুখপাত্র ঘাসসান আলনওয়াইমি বলেন, “ওমরাহ খাতের বিশ্বাসযোগ্যতা জোরদার করা এবং হজযাত্রীদের অধিকার রক্ষায় মন্ত্রণালয় নজরদারি ও মূল্যায়ন কার্যক্রম চালু রাখবে।”  

সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় কঠোর মানদণ্ড চালু করেছে। এর লক্ষ্য হলো আন্তর্জাতিক পর্যায়ে সেবার মান উন্নত করা, হজযাত্রীদের অধিকার নিশ্চিত করা এবং অনিয়ম ও প্রতারণা কমানো।  

বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপ বিদেশি এজেন্সিগুলোকে আরো দায়িত্বশীল করবে। তবে একই সঙ্গে তাদের ওপর চাপও বাড়বে। কারণ নির্ধারিত সময়ের মধ্যে মানদণ্ড পূরণ না করলে তারা কার্যক্রম চালাতে পারবে না।

Logo