মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৩০ জানুয়ারি ২০২৬
বাহরাইনে জ্বলন্ত চুলা থেকে ঘটছে দুর্ঘটনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ২১:২৯
বাহরাইন
বাহরাইনে জ্বলন্ত চুলা থেকে ঘটছে দুর্ঘটনা
বাহরাইনে জ্বলন্ত চুলা থেকে একের পর এক দুর্ঘটনা ঘটার প্রমাণ পেয়েছে দেশটির সিভিল ডিফেন্স ও সার্ভিস প্রটেকশন। সংস্থাটি বলছে, চুলায় রান্না বসিয়ে শুধু ভুলে যাওয়ার কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২০২৪ ও ২০২৫ সালে রান্নাঘরে চুলা জ্বালিয়ে নেভাতে ভুলে যাওয়ার কারণে দেশটিতে অন্তত ১৮০টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডের বেশির ভাগই ঘটেছে বিভিন্ন এলাকার আবাসিক ভবনগুলোতে। এসব ঘটনায় অনেক বাড়ির রান্নাঘর সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছু ক্ষেত্রে আগুন ঘরের অন্য অংশে ছড়িয়ে পড়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। গরম তেল বা আগুনের কারণে বেশ কয়েকজন দগ্ধও হয়েছেন। দেশটির সিভিল ডিফেন্স ও সার্ভিস প্রটেকশনের বরাত দিয়ে দ্য নিউজ অব বাহরাইন জানিয়েছে, হীদ পুলিশ স্টেশনের প্রধান কর্নেল ড. ওসামা বাহার বলেছেন, রান্নার সময় চুলা জ্বালিয়ে রেখে অন্য কাজে চলে যাওয়ারই এসব দুর্ঘটনার প্রধান কারণ। তিনি নাগরিক ও প্রবাসী সবাইকে রান্নার সময় সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, রান্নাঘরে যথাযথ বায়ুচলাচল নিশ্চিত করা, ফায়ার এক্সটিংগুইশার ও ফায়ার ব্ল্যাঙ্কেট রাখাসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করলে এ ধরনের দুর্ঘটনা অনেকটাই প্রতিরোধ করা সম্ভব।
কুয়েত
কুয়েতের রাস্তায় হকারির বিরুদ্ধে চলছে অভিযান
কুয়েতের বিভিন্ন আইন ভাঙার অভিযোগে একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষের বরাত দিয়ে আরব টাইমস জানিয়েছে, দেশটির পুলিশ, জলিব আল-শুয়ুখ এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে রাস্তার পাশে খাবার বিক্রির দায়ে এক হকারকে গ্রেপ্তার করে। এছাড়া আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল এমন একজন পলাতক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাছাড়া আলাদা আলাদা মামলায় জড়িত থাকার অভিযোগে আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে অবৈধভাবে কুয়েতে অবস্থান করার দায়ে দুইজন প্রবাসীকে আটক করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা এবং অবৈধ কার্যক্রম দমনের অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংযুক্ত আরব আমিরাত
বিদ্যুৎ জেনারেটরে ঝুঁকি, সতর্কতা আমিরাত পুলিশের
সংযুক্ত আরব আমিরাতে বিদ্যুৎ জেনারেটর ব্যবহারের মারাত্মক ঝুঁকি সম্পর্কে সতর্ক করা হয়েছে। আজমানের পুলিশ জানিয়েছে, জেনারেটর থেকে নির্গত কার্বন মনোক্সাইড গ্যাস রংহীন ও গন্ধহীন হওয়ায় অনেক সময় মানুষ বুঝতেই পারে না, কিন্তু এই গ্যাস বন্ধ বা কম বায়ু চলাচলযুক্ত জায়গায় জমে গিয়ে অল্প সময়ের মধ্যেই মানুষ অজ্ঞান হয়ে যায় এমনকি মৃত্যুও হতে পারে। বিশেষ করে বিদ্যুৎ বিভ্রাটের সময় অনেক বাসিন্দাই ঘরের ভেতরে, বেসমেন্টে বা জানালা-দরজার কাছাকাছি জেনারেটর চালু করেন, যা অত্যন্ত বিপজ্জনক। আজমান পুলিশ জোর দিয়ে বলেছে, জেনারেটর কখনোই ঘরের ভেতরে বা আবদ্ধ স্থানে ব্যবহার করা যাবে না, বরং খোলা জায়গায় জানালা ও দরজা থেকে নিরাপদ দূরত্বে রাখতে হবে। জেনারেটর ব্যবহারের সময় পর্যাপ্ত বায়ু চলাচল নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিয়মিত জেনারেটরের রক্ষণাবেক্ষণ করা, ত্রুটি দেখা দিলে সঙ্গে সঙ্গে বন্ধ করতে হবে। বিনা কারণে মাথা ঘোরা, শ্বাসকষ্ট বা অস্বাভাবিক অনুভূত হলে দ্রুত জরুরি সেবায় যোগাযোগ করারও পরামর্শ দেওয়া হয়েছে, যাতে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ার মতো প্রাণঘাতী দুর্ঘটনা এড়ানো যায়।
logo-1-1740906910.png)