বাহরাইনে অবৈধভাবে ওয়ার্ক পারমিট নেওয়ায় ৮ প্রবাসীর সাজা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ২০:৫৫
বাহরাইনে ভুয়া কোম্পানির নামে অবৈধভাবে ওয়ার্ক পারমিট নেওয়ার অভিযোগে আটজনকে দোষী সাব্যস্ত করেছে আদালত। তাদের বিরুদ্ধে কারাদণ্ড, জরিমানা এবং স্থায়ীভাবে দেশ থেকে বহিষ্কারের আদেশ দেওয়া হয়েছে।
বাহরাইনের অ্যাটর্নি জেনারেল ও পাবলিক প্রসিকিউশন কর্তৃপক্ষ জানিয়েছে, তিনটি পৃথক মামলায় আটজন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়েছে। শ্রমবাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষের (LMRA) তদন্তে দেখা যায়, ভুয়া কোম্পানির নামে বিপুল সংখ্যক ওয়ার্ক পারমিট নেওয়া হয়েছে, যেগুলোর কোনো বৈধ প্রয়োজন ছিল না।
প্রথম মামলায় পাঁচজন অভিযুক্তকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তাদের স্থায়ীভাবে বহিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে। তারা ৫১টি ভুয়া কোম্পানির নামে ৯৩টি ওয়ার্ক পারমিট নিয়েছিলেন। দ্বিতীয় মামলায় একজন অভিযুক্তকে ৬১ হাজার দিনার জরিমানা করা হয়েছে এবং তাকেও স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তিনি ৩২টি ভুয়া কোম্পানির নামে ৬১টি ওয়ার্ক পারমিট নিয়েছিলেন। তৃতীয় মামলায় দুই অভিযুক্তকে যথাক্রমে ৪০ হাজার দিনার ও ২ হাজার দিনার জরিমানা করা হয়েছে এবং তাদেরও বহিষ্কার করা হয়েছে। এ মামলায় ২১টি ভুয়া কোম্পানির নামে ৪২টি ওয়ার্ক পারমিট নেওয়া হয়েছিল।
পাবলিক প্রসিকিউশন জানিয়েছে, এলএমআরএর পরিদর্শন দল এসব অনিয়ম শনাক্ত করে। তদন্তে দেখা যায়, নথিভুক্ত কোম্পানিগুলোর বাস্তবে অস্তিত্বই নেই। এরপর ব্যাপক তদন্ত চালানো হয়, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ, সাক্ষীদের বক্তব্য গ্রহণ এবং নথি ও ইলেকট্রনিক রেকর্ড পর্যালোচনা করা হয়। পর্যাপ্ত প্রমাণ পাওয়ার পর মামলাগুলো আদালতে পাঠানো হয় এবং আদালত রায় ঘোষণা করে।
বাহরাইনে শ্রমবাজার নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। ভুয়া কোম্পানির নামে ওয়ার্ক পারমিট নেওয়া শুধু শ্রমবাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করে না, বরং অভিবাসন ব্যবস্থায়ও বড় ধরনের অনিয়মের জন্ম দেয়। এ ধরনের অপরাধ দমন করে দেশটি শ্রমবাজারে স্বচ্ছতা ও বৈধতা নিশ্চিত করতে চায়।
logo-1-1740906910.png)