Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৯ জানুয়ারি ২০২৬

কুয়েতে বিভিন্ন এলাকায় চলছে যৌথ অভিযান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১৮:৩৮

কুয়েতে বিভিন্ন এলাকায় চলছে যৌথ অভিযান

বাহরাইন

বাহরাইনে বদভ্যাস নিয়ে জনরোষ বাড়ছে

বাহরাইনে থুথু বা চুইংগাম ফেলার মতো বদভ্যাস নিয়ে জনরোষ বাড়ছে। দেশটির মানামা ও অন্যান্য শহরগুলোতে জনস্বাস্থ্য ও সাফ সুতরতা বজায় রাখার ক্ষেত্রে এই থুতু ফেলার সমস্যা বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে। দেশটির পাবলিক ক্লিনলিনেস আইনে স্পষ্টভাবে বলা আছে, সড়ক, ফুটপাত, সেতু, বাজার ও জনসমাগম স্থানে থুতু ফেলা, চুইংগাম বা অন্য কোনো আবর্জনা ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ এবং এই নিয়ম ভঙ্গ করলে ৫০ থেকে ৩০০ বাহরাইনি দিনারের জরিমানা ধার্য করা হতে পারে। কিন্তু বাসিন্দাদের অনেকে বিষয়টি মানছেন না বা হাল্কাভাবে নিচ্ছেন। সম্প্রতি স্থানীয় বাসিন্দারা বিভিন্ন সামাজিক মাধ্যমে এই নিয়ে ছবি ও ভিডিও প্রকাশ করেছেন, যেখানে মানামা, সুকের ব্যস্ত সড়ক ও ফুটপাতগুলোতে মানুষের থুতু ফেলার দৃশ্য স্পষ্টভাবে দেখা যায়। অনেক ক্ষেত্রে সাইনবোর্ডে স্পষ্ট করে আইনি সতর্কতা থাকার পরও বাসিন্দারা তা অমান্য করছেন। বিষয়টি নিয়ে কিছু সংসদ সদস্য মন্তব্য করেছেন, এটি শুধু “অভদ্র আচরণ” নয়, বরং জনস্বাস্থ্য ও পরিবেশের জন্যও বিপজ্জনক। সদস্যরা পুলিশের পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষকে আরো কঠোরভাবে আইন বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। এছাড়া সরকার বিভিন্ন জনসচেতনতা ক্যাম্পেইন পরিচালনা করছে, যাতে মানুষ সচেতন হয়, শহরের রাস্তা, ফুটপাত ও জনসমাগম স্থানগুলো পরিষ্কার রাখা যায় এবং সবাই নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে পারে।


কুয়েত

কুয়েতে বিভিন্ন এলাকায় চলছে যৌথ অভিযান

কুয়েতের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে পুলিশ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যৌথ তল্লাশি। মুবরাক আল-কাবীর এলাকায় এই তল্লাশি চালানো হয়, যেখানে একটি বাড়িতে তল্লাশি করে লাইসেন্স ছাড়া খাদ্যপণ্য তৈরি ও বিক্রি করা হচ্ছিল। অভিযানে দেখা গেছে, সেখানে অনুমোদন ছাড়া খাদ্যপণ্য তৈরি করা হচ্ছিল, যা শরীরের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

একই সময়ে সালমিয়া এলাকায়ও দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় কঠোর অভিযান পরিচালনা করে। অভিযানে নকল পণ্য, প্রতারণামূলক জিনিসপত্র এবং মেয়াদোত্তীর্ণ ওষুধসহ বিপজ্জনক সামগ্রী জব্দ করা হয়েছে। এছাড়া অনুমোদনবিহীন গাড়ি মেরামতের গ্যারেজ বন্ধ করা হয়েছে এবং একটি গুদামও তল্লাশি ও সিল করা হয়েছে। এই অভিযানগুলোতে আইন ও নিরাপত্তা বজায় রেখে জনস্বাস্থ্য ও ভোক্তা সুরক্ষা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, অভিযানের মাধ্যমে নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং সবাইকে নিরাপদ ও নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করতে বাধ্য করা হবে। 


সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে ব্যক্তিগত তথ্য সুরক্ষায় পুলিশের সতর্কতা

আমিরাতের দুবাইয়ের পুলিশ নাগরিক ও বাসিন্দাদের ব্যক্তিগত ও ব্যাংকিং তথ্যের যথাযথ নিরাপত্তার ব্যাপারে সবাইকে সতর্ক বার্তা দিয়েছে। পুলিশ সতর্ক করে বলেছে, অনলাইনে ব্যক্তিগত ও ব্যাংকিং তথ্য লুকিয়ে রাখা এখন খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রতারণাকারীরা অত্যন্ত দক্ষতার সাথে অত্যাধুনিক সাইবার ফ্রড প্রযুক্তি ব্যবহার করে লোকজনের সংবেদনশীল তথ্য যেমন এমিরেটস আইডি, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস, পাসওয়ার্ড, ওটিপি ইত্যাদি হাতিয়ে নিতে চাইছে। সেই সাথে পুলিশ আরো বলেছে, অচেনা কল বা মেসেজে ব্যক্তিগত তথ্য শেয়ার করা উচিত নয়। তাছাড়া অচেনা ও অপ্রয়োজনীয় কোনো লিংকে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে। কেউ যদি ব্যক্তিগত তথ্য চায়, তাহলে আগে তার পরিচয় নিশ্চিত করে নেওয়া উচিত। কারণ অনেক প্রতারক সরকারি বা ব্যাংক কর্মী হওয়ার ভান করে ব্যক্তিগত ডিটেইল চাইতে পারে। পুলিশ আরো নির্দেশনা দিয়ে বলেছে, শক্ত পাসওয়ার্ড ব্যবহার, two factor authentication চালু রাখা ও নিয়মিত ডিভাইস অ্যাপ আপডেট রাখা নিরাপত্তা বাড়াতে সাহায্য করে আর অনলাইন ফ্রড প্রতিরোধে সচেতন থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা পন্থা। সন্দেহজনক কিছু হলে নাগরিক ও বাসিন্দাদের পুলিশকে রিপোর্ট করতে অনুরোধ করা হয়েছে।  


Logo