Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ইরান-আমেরিকা উত্তেজনা

ইরান পেছাবে না এক মিলিমিটারও

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১৯:৫৬

ইরান পেছাবে না এক মিলিমিটারও

ইরান-মার্কিন সম্ভাব্য সংঘাতের আশঙ্কা আর চলমান উত্তেজনায় পারস্য উপসাগরে ঘটছে একের পর ঘটনা। ইরান জানিয়েছে, গোটা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তাদের হাতেই রয়েছে। দেশটির আইআরজিসির এক কমান্ডার জানিয়েছেন, যুদ্ধ শুরু হলে তারা এক মিলিমিটারও পেছাবে না। বরং এগিয়ে যাবে সামনের দিকে।   

ইরান-মার্কিন সংঘাতের আশঙ্কা যখন তুঙ্গে, তখন সমঝোতার আলোচনার কথাও ভেসে আসছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিডান দাবি করেছেন, ইরান একটি সম্মানজনক সমঝোতায় রাজি আছে। যদিও তিনি সতর্ক করেছেন, ইরানে হামলা হবে আমেরিকার এক ভুল সিদ্ধান্ত।

যদিও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর এমন দাবি নাকচ করে দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি বলেছেন, ওয়াশিংটনের সাথে সমঝোতার বিষয়ে আলোচনার অনুরোধ কোনো পক্ষ থেকেই করা হয়নি। বরং যুদ্ধের উস্কানির জন্য আমেরিকাকে দায়ী করে আগারচি বলেন, আঘাত এলে শুরু হবে সর্বাত্মক সংঘাত।   

এদিকে, আরব আমিরাতের পর সৌদি আরবও জানিয়ে দিয়েছে, তার দেশের ভূমি ও আকাশ ব্যবহার করে ইরানে কোনো হামলা করতে দেওয়া হবে না। 

কিন্তু কারো কথা শুনতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, তাদের পরবর্তী অ্যাটাক হবে ইরানেই। যার আওতা হবে ভেনেজুয়েলা অভিযানের চেয়ে আরো বড়। 

সংঘাতের শঙ্কা, সমঝোতার ক্ষীণ সম্ভাবনা, হুমকি-পাল্টা হুমকির মধ্যে পারস্য উপসাগরের দিকে ইরানকে নিশানা করে রওনা হয়েছে আরো একটি মার্কিন রণতরী। সমর সাজে সজ্জিত হচ্ছে পারস্য উপসাগর ও তার আশপাশের এলাকা।

ক্ষেপণাস্ত্র সম্ভারে সমৃদ্ধ ইরান কী পারবে বিশ্বের পরাশক্তি মার্কিনিদের থামিয়ে দিতে? কী আছে ইরানের মানুষের ভাগ্যে? খুব শিগগির তা হয়তো পরিষ্কার হয়ে যাবে।

Logo