মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৮ জানুয়ারি ২০২৬
সৌদির ক্রাউন প্রিন্সের সাথে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১৯:০৮
সৌদি আরব
সৌদি ক্রাউন প্রিন্সের সাথে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ
মধ্যপ্রাচ্যে ইরান-মার্কিন সম্ভাব্য সংঘাতের প্রেক্ষাপটে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের সাথে ফোনালাপ হয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের। আলোচনায় সৌদি ক্রাউন প্রিন্স পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ইরান আক্রমণে সৌদির আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। এ খবর দিয়েছে সৌদির সরকারি সংবাদ সংস্থা সৌদি গেজেট।
সৌদির ক্রাউন প্রিন্স জানিয়েছেন, সৌদি আরব ইরানের সার্বভৌমত্বকে সম্মান করে এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সংলাপ ও কূটনৈতিক সমাধানের পন্থাকে সমর্থন করে। তিনি আরো জানান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে এবং সংঘাত এড়াতে সৌদি আরব সব সময় শান্তিপূর্ণ পথ অনুসরণের ওপরই জোর দেবে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেনকিয়ান সৌদি ক্রাউন প্রিন্সের ইরানের পক্ষে এমন কঠোর অবস্থান এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় মুহাম্মদ বিন সালমানের প্রশংসা করেন।
বাহরাইন
বাহরাইনে ১ ফেব্রুয়ারি স্মার্ট ট্রাফিক ক্যামেরা চালু
বাহরাইনের রাস্তায় ফেব্রুয়ারি থেকে ‘স্মার্ট ক্যামেরা সিস্টেম’ চালুর ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির জেনারেল ডিরেক্টরেট অব ট্রাফিক জানিয়েছেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে স্মার্ট ক্যামেরা সিস্টেমের প্রথম ধাপ চালু হবে। দ্য নিউজ অব বাহরাইনের খবরে জানা যায়, এই অপারেটিং সিস্টেমটি সর্বাধুনিক প্রযুক্তির, যা রাস্তায় চলাচলের সময় পথচারী, চালক এবং গাড়ির যে কোনো আইন লঙ্ঘনকে সহজেই ধরে ফেলতে পারবে। এই সিস্টেম চালু হলে ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে নজরদারি আরো কড়াকড়ি হবে এবং সড়ক নিরাপত্তার মান আরো উন্নত হবে। এই উন্নত পর্যবেক্ষণ ব্যবস্থা মূলত গাড়ির গতিসীমা লঙ্ঘন, রেড লাইট অমান্য, জরুরি যানবাহনের লেন ব্যবহার, ড্রাইভিং করার সময় মোবাইল ফোন ব্যবহার করা, সিটবেল্ট না পরা, সামনের সিটে শিশু বসিয়ে রাখার মতো বিভিন্ন ট্রাফিক লঙ্ঘনকে শনাক্ত করতে সক্ষম হবে বলে দেশটির জেনারেল ডিরেক্টরেট নিশ্চিত করেছে। বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশি আছেন প্রায় দেড় লাখ। রাস্তায় চলাচল বা ড্রাইভিংয়ের সময় যে কোনো ধরনের দণ্ড বা জরিমানা এড়াতে সবাইকে দেশটির আইন মেনে চলা একান্ত জরুরি।
কুয়েত
কুয়েতে প্রবাসীদের গাড়ির মালিকানা নিয়ে সিদ্ধান্ত
কুয়েতে বসবাসরত প্রবাসীদের ব্যক্তিগত গাড়ি ব্যবহারের ওপর নতুন সিদ্ধান্ত কার্যকর হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, কুয়েতে বসবাসরত যে কোনো প্রবাসী সর্বোচ্চ তিনটি যানবাহনের মালিক হতে পারবেন। দেশটির ট্রাফিক বিভাগের বরাত দিয়ে দ্য আরব টাইমস অনলাইন জানিয়েছে, এই নিয়মের আওতায় ব্যক্তিগত গাড়ির পাশাপাশি মোটরসাইকেল, পিকআপ ভ্যান বা অনুরূপ যে কোনো মটরচালিত যানবাহনও অন্তর্ভুক্ত থাকবে। নির্ধারিত সীমার বেশি নতুন যানবাহন নিবন্ধনের সুযোগও আর থাকবে না এবং সব ক্ষেত্রেই প্রচলিত আইন অনুযায়ী নিবন্ধন ও নবায়ন প্রক্রিয়া অনুসরণ করতে হবে। কর্তৃপক্ষ বলছে, ট্রাফিক ব্যবস্থাপনা আরো সুশৃঙ্খল করা এবং যানবাহনের সংখ্যা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
logo-1-1740906910.png)