Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

দুবাইয়ে নির্মিত হবে বিশ্বের প্রথম স্বর্ণের রাস্তা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৯:২১

দুবাইয়ে নির্মিত হবে বিশ্বের প্রথম স্বর্ণের রাস্তা

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আবারো বিশ্বকে চমকে দিল। এবার তারা তৈরি করতে যাচ্ছে বিশ্বের প্রথম স্বর্ণের সড়ক। রাস্তাটির নাম হবে ‘গোল্ড স্ট্রিট’ এবং এটি নির্মাণ করা হবে দুবাইয়ের নবগঠিত গোল্ড ডিস্ট্রিক্টে।  

২৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে গোল্ড ডিস্ট্রিক্ট উদ্বোধনের সময় রিয়েল এস্টেট ডেভেলপার প্রতিষ্ঠান ইথরা দুবাই এই ঘোষণা দেয়। খালিজ টাইমস জানিয়েছে, ‘হোম অব গোল্ড’ নামে পরিচিত এই এলাকায় স্বর্ণ ও গহনাশিল্প-সংক্রান্ত সব কার্যক্রম এক ছাদের নিচে আনার পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে খুচরা ও পাইকারি বাণিজ্য, বুলিয়ন ট্রেড, বিনিয়োগ, স্বর্ণ ব্যবসা এবং সংশ্লিষ্ট লাইফস্টাইল খাত অন্তর্ভুক্ত থাকবে।  

বর্তমানে গোল্ড ডিস্ট্রিক্টে এক হাজারেরও বেশি খুচরা বিক্রেতা রয়েছে। এখানে স্বর্ণালংকার ছাড়াও পারফিউম, কসমেটিকস ও লাইফস্টাইল পণ্য বিক্রি হচ্ছে। ইতোমধ্যে জাওহারা জুয়েলারি, মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, আল রোমাইজান ও তানিশক জুয়েলারির মতো বড় ব্র্যান্ড তাদের ফ্ল্যাগশিপ স্টোর স্থাপন করেছে। জুয়েলারি ব্র্যান্ড জয়ালুক্কাস ঘোষণা দিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় ২৪ হাজার বর্গফুটের একটি ফ্ল্যাগশিপ স্টোর চালু করবে।  

ইথরা দুবাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ইসাম গালাদারি বলেন, গোল্ড ডিস্ট্রিক্ট দুবাইয়ের ঐতিহ্য, বাণিজ্যিক সক্ষমতা ও ভবিষ্যৎ সম্ভাবনাকে একত্রিত করবে। দুবাই ডিপার্টমেন্ট অব ইকোনমি অ্যান্ড ট্যুরিজমের অধীনস্থ ফেস্টিভ্যালস অ্যান্ড রিটেইল এস্টাবলিশমেন্টের প্রধান নির্বাহী আহমেদ আল খাজা বলেন, “স্বর্ণ দুবাইয়ের সাংস্কৃতিক ও বাণিজ্যিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। এই উদ্যোগের মাধ্যমে আমরা ঐতিহ্যকে সম্মান জানাচ্ছি এবং একই সঙ্গে সৃজনশীল ও টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি।”  

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে সংযুক্ত আরব আমিরাত প্রায় ৫৩ দশমিক ৪১ বিলিয়ন ডলারের স্বর্ণ রপ্তানির করেছে। দেশটি বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্বর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত।

Logo