Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ইরানে সরকার পতনের আশঙ্কায় তুরস্কের ‘বাফার জোন’ ভাবনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৯:২০

ইরানে সরকার পতনের আশঙ্কায় তুরস্কের ‘বাফার জোন’ ভাবনা

ইরানে সরকার পতন হলে সীমান্তে সম্ভাব্য শরণার্থী সংকট মোকাবিলায় ‘বাফার জোন’ চালুর পরিকল্পনা করছে তুরস্ক। ব্রিটিশ সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে জানিয়েছে, তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা বৃহস্পতিবার পার্লামেন্টে এক রুদ্ধদ্বার বৈঠকে আইনপ্রণেতাদের এ বিষয়ে ব্রিফ করেছেন।  

বৈঠকে অংশ নেওয়া দুজন জানিয়েছেন, ইরানের রাজনৈতিক পরিস্থিতি ঘিরে একাধিক সম্ভাব্য দৃশ্যপটের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে। একজন অংশগ্রহণকারী জানান, তুর্কি কর্মকর্তারা ‘বাফার জোন’ শব্দটি ব্যবহার করে বোঝান যে, নতুন করে শরণার্থীর ঢল ঠেকাতে দেশটি সব ধরনের ব্যবস্থা নিতে চায়। আরেকজন বলেন, কর্মকর্তারা সরাসরি শব্দটি ব্যবহার না করলেও প্রচলিত ব্যবস্থার বাইরে গিয়ে পদক্ষেপ নিতে প্রস্তুতির কথা জানিয়েছেন।  

তুর্কি কর্মকর্তাদের মতে, সম্ভাব্য অভিবাসনের ক্ষেত্রে যারা আসতে পারেন, তাদের যেন ইরান সীমান্তের ভেতরেই রাখা যায়, সে জন্য সবকিছু করা উচিত।  

চলতি মাসের শুরুতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সঙ্গে ৫৬০ কিলোমিটার দীর্ঘ সীমান্তজুড়ে উন্নত প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২০৩টি ইলেক্ট্রো-অপটিক্যাল টাওয়ার, ৪৩টি লিফট সংযুক্ত টাওয়ার, ৩৮০ কিলোমিটার দীর্ঘ মডুলার কংক্রিট দেয়াল এবং ৫৫৩ কিলোমিটার প্রতিরক্ষামূলক খাল।  

এছাড়া ড্রোন ও বিমানসহ নজরদারি ও পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে সীমান্ত এলাকা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

Logo