Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৭ জানুয়ারি ২০২৬

বাহরাইনে মাদককাণ্ডে ৩ নারীসহ আটক ৭ প্রবাসী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১৭:৫৩

বাহরাইনে মাদককাণ্ডে ৩ নারীসহ আটক ৭ প্রবাসী

বাহরাইন

বাহরাইনে মাদককাণ্ডে ৩ নারীসহ আটক ৭ প্রবাসী

বাহরাইনে মাদক কারবারির অভিযোগে ৭ প্রবাসীকে আটক করেছে দেশটির পুলিশ। এদের মধ্যে তিনজন নারীও রয়েছেন। অভিযুক্তরা দেশটির বিভিন্ন জায়গায় মাদক সরবরাহ ও চালান করছিল বলে পুলিশ নিশ্চিত করেছে। এদের সবাই এশিয়ান নাগরিক হলেও তারা কোন দেশের মানুষ, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি পুলিশ। নিউজ অব বাহরাইনের খবরে আরো বলা হয়েছে, তাদের দেহ তল্লাশি করে প্রায় ১০ কিলোগ্রাম নিষিদ্ধ ওষুধ পাওয়া গেছে, যার বাজারমূল্য ১ লাখ ৬০ হাজার বাহরাইনি দিনারেরও বেশি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে এবং মামলাটি যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রক্রিয়ার জন্য পাঠানো হয়েছে। বাহরাইনের চলমান নিরাপত্তা অভিযানে প্রায় প্রতিদিনই মাদক কারবারের সাথে জড়িত অপরাধীদের শনাক্ত করা হচ্ছে, যাদের মধ্যে অধিকাংশই এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক। বাহরাইনের মাদক সম্পর্কিত আইন অত্যন্ত কঠোর এবং অধিকাংশ ক্ষেত্রেই সাজার মেয়াদ শেষ হলে ব্যক্তিকে নিজ দেশে ডিপোর্ট করা হয়ে থাকে। এই সময় বাংলাদেশি প্রবাসীদের যে কোনো ধরনের মাদকের সংস্পর্শ এড়িয়ে চলা একান্ত জরুরি।


সৌদি আরব

রমজানের আগে মক্কা-মদিনায় অভিযান

রমজান শুরুর আগে মক্কা-মদিনায় দোকানে-শপিং মলে অভিযান জোরদার করেছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। ১ রজব থেকে ৫ শাবানের মধ্যে বড় এই দুটি পবিত্র শহরে ১৭ হাজার ৫০০ অভিযান ইতোমধ্যেই পরিচালনা করেছে পরিদর্শক দল। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, এই সব অভিযান হয়েছে মক্কা-মদিনার সেন্ট্রাল মার্কেট, হাইপার মার্কেট, সেন্ট্রাল হারাম এলাকা, খুচরা দোকানপাট, গোল্ড ও জুয়েলারি দোকান, গ্যাস স্টেশন এবং যেসব এলাকায় হাজিরা ইহরাম বাঁধেন। রমজানের আগে যখন ওমরাহর ভরা মৌসুম চলছে, তখনই শুরু হয়েছে এই অভিযান। সৌদির বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভোক্তার সুরক্ষা বিধি, খাদ্যপণ্যের মান নিশ্চিত, পণ্যের পর্যাপ্ত সরবরাহ ও প্রাপ্যতা যথাযথ আছে কিনা, তা অভিযানে পরিদর্শন করা হচ্ছে। অভিযানের এই সময়ে মক্কা ও মদিনায় থাকা প্রবাসী ব্যবসায়ীদের সতর্ক থাকা প্রয়োজন।      

কুয়েত

কুয়েতে শ্রমিকদের জন্য আবাসিক এলাকা

কুয়েতের আহমাদি গভর্নরেটে আল-শাদাদিয়া অঞ্চলে প্রবাসী শ্রমিকদের জন্য নতুন একটি আবাসন প্রকল্প তৈরির ঘোষণা দিয়েছে মিউনিসিপ্যালিটি। এই হাউজিং স্কিমের ৩টি প্রকল্পের আওতায় আবাসন ইউনিটগুলো পরিকল্পিতভাবে তৈরি করা হবে।যাতে প্রবাসী শ্রমিকদের সুবিধামতো ভাড়া বা অন্যান্য আবাসনের সুযোগ দেওয়া হবে। যাতে তারা নিজের পরিবার ও কর্মজীবনে স্থিতিশীলতা পেতে পারে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এই উদ্যোগ শ্রমিকদের জীবনযাত্রার মান বাড়াতে, জনবসতি উন্নত করতে এবং এলাকায় সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে সাহায্য করবে। তারা আরো জানান, পরিকল্পনাটি সরকারের পাশাপাশি বেসরকারি অংশগ্রহণকে উৎসাহিত করবে, যাতে প্রয়োজনীয় আবাসন দ্রুত ও কার্যকরভাবে সরবরাহ করা যায়।ধারণা করা হচ্ছে, এতে কুয়েতের স্থানীয় বাণিজ্য আরো শক্তিশালী হবে। ফলে প্রবাসী কর্মীদের পাশাপাশি স্থানীয় জনগণও উপকৃত হবেন।  


ওমান

ওমানে ভারি বৃষ্টি, সতর্কতা জারি

ওমানে ভারি বৃষ্টির কারণে নাগরিক ও বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। দেশটির সিভিল ডিফেন্স ও অ্যাম্বুলেন্স অথরিটি জানিয়েছে, ভারি বৃষ্টির কারণে অনেক স্থানে রাস্তা তলিয়ে গেছে এবং প্রায়ই হড়কা বানের সৃষ্টি হচ্ছে। এর কারণে নিরাপত্তাজনিত গুরুত্বপূর্ণ ঝুঁকি তৈরি হয়েছে। এ সময়ে পানিতে তলিয়ে যাওয়া রাস্তা ও জলাশয় এড়িয়ে যেতে চালকদের সতর্ক করা হয়েছে। ভারি বৃষ্টির এই সময়ে গাড়ির গতি কমানো, এক গাড়ি থেকে আরেক গাড়ির নিরাপদ দূরত্ব বজায় রাখা, গাড়িতে শিশুদের নিয়ে চলার সময় বাড়তি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Logo