Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ইরান-আমেরিকা মুখোমুখি, বাড়ছে যুদ্ধের আশঙ্কা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ২১:২৯

ইরান-আমেরিকা মুখোমুখি, বাড়ছে যুদ্ধের আশঙ্কা

মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন পৌঁছে গেছে মধ্যপ্রাচ্যে। রোববার সন্ধ্যা থেকে অবস্থান করছে ইরানের খুব কাছাকাছি। প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাসংবলিত একটি নৌযান ইসরায়েলের দিকে রওনা হয়েছে। এ খবর দিয়েছে সিজিটিএন, সৌদি গেজেটসহ বিশ্বের নানা সংবাদ মাধ্যম। 

তুরস্কের সংবাদমাধ্যম তুর্কিয়ে টুডে জানিয়েছে, ইউএসএস আব্রাহাম লিংকনের নেতৃত্বাধীন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপে একাধিক আর্লেই বার্ক শ্রেণির ডেস্ট্রয়ার রয়েছে, যেগুলো টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রে সজ্জিত। এতে যুক্তরাষ্ট্রের মারাত্মক আক্রমণ সক্ষমতা তৈরি হয়েছে। রণতরীতে থাকা ক্যারিয়ার এয়ার উইং-৯ এফ-৩৫সি লাইটনিং টু স্টেলথ যুদ্ধবিমান ও এফ/এ-১৮ই/এফ সুপার হর্নেট পরিচালনা করছে।

এছাড়া যুক্তরাষ্ট্র জর্ডানে এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান এবং কাতারে বি-৫২ স্ট্র্যাটোফরট্রেস বোমারু বিমান মোতায়েন করেছে, ফলে বিভিন্ন স্তরে, নানা দিক থেকে ইরানকে আঘাত হানার সক্ষমতা গড়ে তুলেছে মার্কিনিরা।

এদিকে, ইরানের রাজধানী তেহরানের সেন্ট্রাল তেহরান স্কয়ারে বড়সড় বিলবোর্ড উঠেছে, যাতে মার্কিন সম্ভাব্য হামলা নিয়ে জনগণকে সতর্ক করা হয়েছে। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, ইরানের প্যারামিলিটারি রেভ্যলুশনারি গার্ড যে কোনো ধরনের সংঘাতের আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। নেওয়া হয়েছে পাল্টা হামলার প্রস্তুতি। ইরান হুমকি দিয়ে রেখেছে, দেশটিতে আমেরিকা হামলা করলে, সর্বাত্মক যুদ্ধই ছড়িয়ে পড়বে গোটা অঞ্চলে।

Logo