মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৬ জানুয়ারি ২০২৬
সৌদির রিয়াদে নতুন টার্মিনাল উদ্বোধন: ৬৬ হাজার নতুন চাকরির সুযোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ১৭:৪৭
বাহরাইন
বাহরাইনের রাস্তায় মারপিট, এশিয়ান প্রবাসী আটক
বাহরাইনের উত্তর গভর্নরেটে রাস্তায় প্রকাশ্য দিবালোকে একদল এশিয়ানের মধ্যে মারপিট আর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সেই ঘটনা সামাজিক মাধ্যমে প্রকাশ হওয়ায় টনক নড়ে পুলিশের। পুলিশ জানিয়েছে, আর্থিক লেনদেনের কারণে দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়, যা সংঘর্ষে রূপ নেয়। জিডিএন অনলাইন ও নিউজ অব বাহরাইন খবরে জানিয়েছে, তৃতীয় পক্ষ হাঙ্গামা থামানোর ব্যর্থ চেষ্টার করার পর বাহরাইন পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ মারপিটে জড়িতদের আটক করে হেফাজতে নিয়েছে। কিন্তু তারা এশিয়ার কোন দেশের নাগরিক, তা জানায়নি। এ ঘটনা বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে, কারণ সাধারণভাবে আর্থিক বিরোধগুলো কখনোই এমন প্রকাশ্যে সংঘর্ষের দিকে না গিয়ে শান্তিপূর্ণভাবে সমাধান হয়ে থাকে। বাহরাইন পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে থাকা কারণগুলো বের করতে এবং ভবিষ্যতে এমন ধরনের সংঘর্ষ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে নিশ্চিত করেছে।
কুয়েত
কুয়েতে অভিযানে এক দিনে আটক ২৫ জন
কুয়েতে পুলিশি অভিযানে এক দিনে ২৫ জনকে আটক করা হয়েছে। একটি অভিযানে জালিব আল শুয়ুখ এলাকায় পুলিশ এক এশিয়ান পুরুষ ও একজন নারীকে হাতে তৈরি অবৈধ মদ বিক্রির সময় হাতেনাতে আটক করে। তাদের কাছ থেকে প্রায় ৩০ বোতল দেশীয় মদ জব্দ করে। পুলিশের বরাত দিয়ে দ্য আরব টাইমস অনলাইন জানিয়েছে, এই অভিযানে যাদের আটক করা হয়েছে, তাদের মধ্যে রয়েছে আবাসন আইন লঙ্ঘনকারী ও পলাতক হিসেবে তালিকাভুক্ত ব্যক্তি এবং এদের অধিকাংশের বিরুদ্ধে আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা ছিল, যাদের অনেকেই আবার সন্দেহজনক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। আটককৃতদের যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এসব অভিযান চলবে, তাই কুয়েত প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকা প্রয়োজন।
সৌদি আরব
সৌদির রিয়াদে বিমানবন্দরে নতুন টার্মিনাল
রিয়াদের কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নতুন টার্মিনাল ২ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। টার্মিনাল ১-এর বার্ষিক যাত্রী ধারণক্ষমতা ছিল ৬ মিলিয়ন, আর টার্মিনাল ২ চালু হওয়ার পর তা ১৪ মিলিয়নে উন্নীত হয়েছে। এর ফলে বিমানবন্দর থেকে সরাসরি ও অপ্রত্যক্ষভাবে প্রায় ৬৬ হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। নতুন টার্মিনালটির উন্নত ডিজাইন এবং আধুনিক সুবিধাগুলো আন্তর্জাতিক যাত্রীদের জন্য আরো আরামদায়ক পরিবেশ তৈরি করবে এবং বিমানবন্দরের অপারেশন আরো মসৃণ করবে। উদ্বোধনী অনুষ্ঠানে রিয়াদের আমির প্রিন্স ফয়সাল বিন বান্দার বলেন, রিয়াদ এখন আন্তর্জাতিক সম্মেলন, ব্যবসা এবং পর্যটনের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতের আকাশে এলিয়েন গুঞ্জন
দুবাইয়ের আকাশে জ্বলতে থাকা সবুজ লাইট নিয়ে নাগরিক ও বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই সেই ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে ইউএফও বা এলিয়েন গুঞ্জন সামনে এনেছেন। ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকেই গুজব ছড়াতে থাকেন যে, দুবাইয়ের আকাশে এলিয়েন দেখা গেছে। কেউ কেউ একে অতি প্রাকৃত ঘটনার সাথে তুলনা করেছেন। অনেক নেটিজেন এটাও ভেবেছেন যে, এটা ড্রোন শো অথবা স্কাইডাইভারদের লাইট বা লেজার শোয়ের অংশ হতে পারে। গালফ নিউজের খবরে জল্পনার অবসান হয়েছে। খবরে বলা হয়েছে, এসব এলিয়েন বা লেজার শো থেকে নেমে আসা আলো নয়, বরং দুবাই ইন্টারন্যাশনাল ফিন্যান্স সেন্টারের একটি প্রচারণামূলক ইভেন্টের লেজার বিম, যা নিচু স্তরের মেঘের সঙ্গে প্রতিফলিত হয়ে আকাশে সবুজ আলোর প্রতিফলন তৈরি করছিল।
logo-1-1740906910.png)