মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৫ জানুয়ারি ২০২৬
সৌদি ও বাহরাইনের সমুদ্র সংযোগ সড়কে চালু হলো ফ্রি ওয়াই-ফাই
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১৮:৫৮
বাহরাইন
সৌদি ও বাহরাইনের সমুদ্র সংযোগ সড়কে চালু হলো ফ্রি ওয়াই-ফাই
বাহরাইন ও সৌদি আরবের মধ্যে সমুদ্র সংযোগ সড়ক কিং ফাহাদ কজওয়েতে যাত্রীদের জন্য ফ্রি ওয়াই-ফাই সেবা চালু করা হয়েছে। এখন থেকে ওয়াই-ফাইয়ের মাধ্যমে যাত্রীরা যাত্রাপথে ইন্টারনেট সংযোগের সুবিধা পাবেন। এই নতুন পরিষেবা কেবল নির্দিষ্ট জায়গায় নয়, বরং কজওয়ের ডিপার্চার এবং ইমিগ্রেশন প্রসেসিং জোনগুলোতেও কার্যকর থাকবে, যাতে যাত্রীরা যাত্রার সময় ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ চালিয়ে যেতে পারেন, সাথে যে কোনো প্রয়োজনীয় তথ্য অনলাইনে তৎক্ষণাৎ অ্যাক্সেস করতে পারেন। দ্য ডেইলি ট্রিবিউনের খবরে আরো জানানো হয়েছে, ট্রাভেল-এক্সপেরিয়েন্সকে আরো আরামদায়ক করার উদ্দেশ্যে এই উদ্যোগটি চালু হয়েছে, যাতে বাহরাইন ও সৌদি আরবের মধ্যে চলাচল করা দুই দেশের নাগরিক ও বাসিন্দারা এখন তাদের স্মার্টফোন বা ল্যাপটপ ব্যবহার করে বিনামূল্যে ওয়াই-ফাইর মাধ্যমে দ্রুত ইন্টারনেট সুবিধা গ্রহণ করতে পারেন।
কুয়েত
কুয়েতে কয়লা জ্বালানো নিয়ে সতর্কতা
কুয়েতে কয়লা জ্বালানো নিয়ে নাগরিক ও বাসিন্দাদের সতর্ক করেছে দেশটির ফায়ার ফোর্স। কুয়েতে প্রবল শীতের এই সময়ে ঘরের ভেতর কয়লা জ্বালাচ্ছেন অনেকেই। কিন্তু বদ্ধ ঘরে কয়লা জ্বালানোর ক্ষেত্রে সাবধান করা হয়েছে। কেননা ঘরের ভেতর কয়লা জ্বালানোর কারণে কার্বন মনোক্সাইড গ্যাস তৈরি হয়। ফায়ার ফোর্স সতর্ক করেছে, এই গ্যাস দেখা যায় না এবং এর কোনো গন্ধ নেই। কিন্তু এর সংস্পর্শে এলে ধীরে ধীরে অজ্ঞান হয়ে পড়ার বা মৃত্যু ঝুঁকির সম্ভাবনা বেড়ে যায়। ফায়ার ফোর্স জানিয়েছে, শীতের সময় অনেকেই ঘর বা ক্যাম্পের ভেতরে কয়লা ব্যবহার করেন, যা মারাত্মক ঝুঁকি তৈরি করে। তাই ঘরের ভেতরে কয়লা ব্যবহার না করা, যেখানে কয়লা জ্বালানো হোক না কেন, সেখানে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখা এবং নিরাপত্তা নিয়ম মেনে চলার জন্য নাগরিক ও প্রবাসীদের অনুরোধ জানানো হয়েছে কুয়েত ফায়ার ফোর্সের পক্ষ থেকে।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে শ্রমিকদের গোপন অভিযোগ দায়েরে রেকর্ড
আরব আমিরাতে ২০২৫ সালে ১৭ হাজারেরও বেশি শ্রমিক গোপনে তাদের কর্ম পরিবেশের বিষয়ে অভিযোগ দায়ের করেছেন। এই গোপন অভিযোগ ব্যবস্থার মাধ্যমে শ্রমিকরা তাদের কর্মস্থলে কোনো ধরনের চাপ বা প্রতিশোধের ভয় ছাড়াই অধিকার লঙ্ঘনের বিষয়গুলো জানাতে পারছেন, যা শ্রমিকদের মধ্যে আইনি সুরক্ষা ও আস্থার প্রতিফলনকেই নির্দেশ করে। গালফ নিউজের খবরে বলা হয়েছে, শুধু শ্রমিকই নয়, বরং চার হাজারের বেশি সাধারণ নাগরিকও শ্রমবাজারে অনিয়ম বা অসদাচরণের বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছেন, যা সামাজিক সচেতনতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। একই বছরে শ্রম আইন, অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে ৯ মিলিয়নেরও বেশি শ্রমিক বাধ্যতামূলক নিয়মানুবর্তিতা বিষয়ক কর্মসূচিতে অংশ নিয়েছেন। এছাড়া মন্ত্রণালয়ের ৩২৬টি গাইডেন্স কেন্দ্র বিভিন্ন ভাষায় সেবা দিচ্ছে এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তিন মিলিয়নেরও বেশি শ্রমিক স্ব-নির্দেশিত অনলাইন প্রশিক্ষণ সম্পন্ন করেছে, যেখানে ১৭টি ভাষায় তথ্য সহায়তা দেওয়া হচ্ছে। এসব ছাড়াও আরাে নানা উদ্যোগ মিলিয়ে আমিরাতে শ্রম অধিকার রক্ষায় একটি আরো স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও শক্তিশালী শ্রম পরিবেশ গড়ে উঠছে।
সৌদি আরব
সৌদিতে অবৈধদের আটক ও বহিষ্কার
সৌদিতে নিরাপত্তা বাহিনী সেখানে চলা নিয়মিত অভিযানে বিভিন্ন দেশের ১৮ হাজার ২০০ অভিবাসীকে আটক করেছে। একই সাথে ১৪ হাজার ৪৫১ জনকে দেশটি থেকে বহিষ্কার করেছে। সৌদি পুলিশ জানিয়েছে, আটক ও বহিষ্কৃতদের সবাই আবাসন আইন, সীমান্ত নিরাপত্তা আইন ও শ্রম আইন লঙ্ঘন করেছে। সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছে আবাসন আইন লঙ্ঘনের কারণে। সেই সংখ্যা ১১ হাজার ৪৪২ জন। আর ২ হাজার ৮২৭ জন শ্রম আইন লঙ্ঘনের কারণে আটক হয়েছে। এসব অপরাধে আটককৃতদের ৯৯ শতাংশ ইয়েমেনি ও ইথিওপিয়ান। বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। তবে এই এক শতাংশে কোন কোন দেশের নাগরিককে আটক বা বহিষ্কার করা হয়েছে, তার তালিতা প্রকাশ করা হয়নি। সৌদি সরকার বরাবর সতর্ক করেছে, যারা অবৈধ হবে এবং যারা অবৈধদের আশ্রয় দেবে, তাদের সর্বোচ্চ ১৫ বছরের জেল বা ১ মিলিয়ন রিয়াল জরিমানা হতে পারে।
logo-1-1740906910.png)