মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৪ জানুয়ারি ২০২৬
মধ্যপ্রাচ্যে ইরান-আমেরিকা যুদ্ধের ছাঁয়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১৯:২২
মধ্যপ্রাচ্যে ইরান-আমেরিকা যুদ্ধের ছাঁয়া
ইউরোপের ডাচ বিমান সংস্থা কেএলএম মধ্যপ্রাচ্যের ইরাক, ইরান ও ইসরায়েলের আকাশসীমা ছাড়াও উপসাগরীয় একাধিক দেশের ওপর দিয়ে বিমান চলাচল স্থগিত করেছে। এর ফলে সংস্থাটি দুবাই, রিয়াদ, দাম্মাম ও তেল আবিব এমন কয়েকটি গন্তব্যে ফ্লাইট সময় পর্যন্ত স্থগিত রাখছে। যুক্তরাষ্ট্রে সৈন্য টাস্কফোর্স মোতায়েন ও ইরানের সঙ্গে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা বিবেচনায় নিয়ে তারা ফ্লাইট বাতিল করেছে। এয়ার ফ্রান্সও দুবাই রুটে ফ্লাইট সাময়িক বন্ধ করেছে এবং অন্যান্য বড় বিমান সংস্থাগুলোও পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে।
যদিও দুবাই, কাতার, সৌদির রিয়াদসহ বড় বড় বিমানবন্দর থেকে বিমান ওঠানামায় কোনো প্রভাবের খবর দেয়নি মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যমগুলো।
কাতার
মধ্যপ্রাচ্যের ইরান-যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সংঘাতের এই সময়ে কাতারে শুরু হয়েছে গালফভুক্ত দেশগুলোর এক সামরিক মহড়া। যাতে যোগ দিয়েছে সৌদি আরব, বাহরাইনের মতো দেশগুলো। সৌদি গেজেট ও নিউজ অব বাহরাইনের খবরে বলা হয়েছে, অ্যারাবিয়ান গালফ সিকিউরিটি ফোর নামে এই সামরিক মহড়ার মূল লক্ষ্য গালফভুক্ত দেশগুলোর মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি ও কৌশলগত প্রস্তুতি জোরদার করা ও স্থিতিশীলতা বজায় রাখা। একই সাথে পরিবর্তিত পরিস্থিতিতে বহিঃশক্তির আক্রমণ মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া। জিসিসিভুক্ত দেশ সৌদি, বাহরাইন, কুয়েত, কাতার, আরব আমিরাতে রয়েছে আমেরিকার বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। ইরান ইতোমধ্যে হুমকি দিয়ে রেখেছে, আমেরিকা বা ইসরায়েল দেশটি আক্রমণ করলে ইরানও এসব ঘাঁটিতে আক্রমণ চালাতে পারে।
বাহরাইন
বাহরাইনে এক প্রবাসীর প্রতিষ্ঠান সিলগালা
বাহরাইনে এক প্রবাসীর অবৈধ ও লাইসেন্সবিহীন শিক্ষাপ্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। নিউজ অব বাহরাইনের খবরে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি বেশ কয়েক দিন ধরে বিদেশি ডিগ্রি ও একাডেমিক সনদ দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা আদায় করছিল।তদন্তে প্রকাশ পায়, প্রতিষ্ঠানটির কোনো সরকারি অনুমোদন ছিল না এবং তারা যে ডিগ্রি ও সনদের প্রতিশ্রুতি দিচ্ছিল, সেগুলো ছিল ভুয়া ও প্রতারণামূলক। বাহরাইন পুলিশ প্রতিষ্ঠানটির মালিককে গ্রেফতার করে গুরুত্বপূর্ণ নথিপত্র, কম্পিউটার, মোবাইল ফোন এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়, যাতে ঠিক কতজন ভুক্তভোগীর কাছ থেকে সে কত টাকা নিয়েছে, তা জানা যায়। প্রতিষ্ঠানটির মালিক এশিয়ান বলা হলেও তার নাম-পরিচয় বা এশিয়ার কোন দেশের নাগরিক, তা জানানো হয়নি। বাহরাইন পুলিশ এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বা অর্থ লেনদেনের আগে তার সরকারি অনুমোদন যাচাই করে নিতে বলেছে প্রবাসীদের।
কুয়েত
কুয়েতের শুয়ুখে অভিযান জোরদার
কুয়েতের শুয়ুখ ইন্ডাস্ট্রিয়াল এলাকায় শ্রমিকদের নিরাপত্তা এবং শ্রম আইন মেনে চলার অভিযান আরো জোরদার করা হয়েছে। কুয়েতের শ্রম ও জনকল্যাণবিষয়ক কর্তৃপক্ষ এই অভিযান পরিচালনা করছে। প্রতিদিনই কারখানা, গুদাম ও কাজের স্থাপনা পরিদর্শন করে শ্রমিকদের কাজের পরিবেশ, সেফটি মানদণ্ড, স্বাস্থ্যবিধি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য জোরদার চেকিং চলছে। এই কর্মসূচির আওতায় শ্রমিকদের থাকার জায়গা, কাজের সময়, বিশ্রামের সুযোগ, সুরক্ষা সরঞ্জামাদি ও আইনগত সুবিধা যথাযথভাবে প্রদান হচ্ছে কিনা তার দিকে বিশেষ মনোযোগ দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ ব্যাপকভাবে উৎপাদন সাইটগুলোও পরিদর্শন করছে, শ্রমিকদের সাথে কথা বলছে এবং প্রয়োজনে তাদের শ্রম অধিকার ও নিরাপত্তা সম্পর্কিত তথ্য দিচ্ছে, যাতে কোনো কর্মী-শ্রমিক কোনো রকম শোষণ বা ঝুঁকির সম্মুখীন না হয়।পাশাপাশি যারা আইন ভঙ্গ করছে, তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার মাধ্যমে লোকজনের কাজের জায়গা নিরাপদ, ন্যায্য ও সামঞ্জস্যপূর্ণ থাকার ব্যাপারে সরকারি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।
সৌদি আরব
সৌদির রিয়াদের মেট্রোতে জন্ম নিল এক শিশু
সৌদি আরবের রিয়াদ মেট্রোর আল আন্দালুস স্টেশনে যাত্রাপথেই জন্ম নিয়েছে এক শিশু। সৌদি গেজেট জানায়, এক নারী যাত্রী পরিবারসহ মেট্রোতে ভ্রমণের সময় হঠাৎ প্রসব বেদনা অনুভব করেন। বিষয়টি বুঝতে পেরে স্টেশনের কর্মীরা দ্রুত সাহায্যে এগিয়ে আসেন। রিয়াদ মেট্রো কর্তৃপক্ষের নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগের সদস্যরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে ওই নারী ও তার পরিবারকে নিরাপদ স্থানে নিয়ে যান এবং প্রাথমিক চিকিৎসা দেন। পরে অ্যাম্বুলেন্স এসে মা ও নবজাতককে হাসপাতালে নিয়ে যায়।হাসপাতাল সূত্রে জানা গেছে, মা ও শিশু দুজনই সুস্থ আছে। দ্রুত ও মানবিক সহায়তার জন্য মেট্রো কর্তৃপক্ষ, স্টাফ এবং জরুরি সেবাদানকারীরা প্রশংসা কুড়িয়েছেন। রিয়াদ মেট্রোর ইতিহাসে এটি একটি ব্যতিক্রমী ঘটনা, স্টেশনেই কোনো যাত্রীর সন্তানের জন্ম এবং পরবর্তী সময়ে নিরাপদ চিকিৎসা নিশ্চিত হওয়ার প্রথম নজির। এই ঘটনার স্মরণে মেট্রো কর্তৃপক্ষ ওই নারী যাত্রী ও তার পরিবারকে মেট্রোর ফার্স্ট ক্লাস ডার্ব কার্ড উপহার দিয়েছে।
logo-1-1740906910.png)