Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতের আবাসিক রিয়েল এস্টেট নিরাপদ বিনিয়োগ খাত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১২:৪৭

কুয়েতের আবাসিক রিয়েল এস্টেট নিরাপদ বিনিয়োগ খাত

কুয়েতের আবাসিক রিয়েল এস্টেট খাত দীর্ঘদিন ধরেই নিরাপদ বিনিয়োগের জায়গা হিসেবে পরিচিত। সীমিত বিনিয়োগ সুযোগের অর্থনীতিতে এটি শুধু বসবাসের জন্য নয়, বরং ক্রয়ক্ষমতা ধরে রাখার কার্যকর মাধ্যম হিসেবেও কাজ করেছে। তবে সম্প্রতি খালি জমি একচেটিয়া দখল রোধে নতুন আইন এবং বাজার নিয়ন্ত্রণে বিস্তৃত আইনগত কাঠামো নিয়ে আলোচনা শুরু হওয়ায় খাতটি নতুন এক মোড়ে দাঁড়িয়েছে। আরব টাইমস এ নিয়ে প্রকাশ করেছে বিশেষ প্রতিবেদন।  

রিয়েল এস্টেট বিশেষজ্ঞ আলা বেহবেহানি মনে করেন, খালি জমি দখল রোধে আনা আইন আবাসিক বাজারে তেমন বড় প্রভাব ফেলবে না। কারণ মূল সমস্যা হলো চাহিদা ও সরবরাহের ভারসাম্যহীনতা। জমি বরাদ্দ ও সরকারি আবাসন প্রকল্পের গতি বাড়ানো না গেলে দাম বাড়তেই থাকবে। তিনি বলেন, অনেক মালিক অতিরিক্ত কর ও ফি ক্রেতাদের ওপর চাপিয়ে দিতে পারেন, ফলে দাম আরো বাড়তে পারে। আবার কেউ কেউ জমি ভাড়া দেওয়ার দিকে ঝুঁকতে পারেন।  

গবেষক ফাওয়াজ আল-মাইমুনি মনে করেন, খালি জমির ওপর কর আরোপ কোনো বিচ্ছিন্ন পদক্ষেপ নয়, বরং দীর্ঘদিনের ঘাটতি পূরণের অংশ। বর্তমানে বাজারে স্থবিরতা দেখা দিয়েছে, বিনিয়োগকারীরাও কিনতে অনাগ্রহী। ফলে মূলধন অন্য খাতে সরে যাচ্ছে। তার মতে, আবাসিক রিয়েল এস্টেট আর আগের মতো নিরাপদ আশ্রয় নয়, বরং নতুন নিয়মে এর লাভজনকতা অনিশ্চিত হয়ে পড়ছে। তিনি অনুমান করছেন, ভবিষ্যতে আবাসিক খাত দীর্ঘমেয়াদি বিনিয়োগ থেকে মাঝারি বা স্বল্পমেয়াদি বিনিয়োগে রূপ নিতে পারে।  

অন্যদিকে গবেষক আব্দুর রহমান আল-হুসাইনান ভিন্ন মত দিয়েছেন। তার মতে, নতুন আইন বাজারে স্বচ্ছতা বাড়িয়েছে এবং ক্রেতাদের আস্থা ফিরিয়েছে। তিনি বলেন, আইন কার্যকর হওয়ার পর আবাসিক সম্পত্তির চাহিদা বরং বেড়েছে এবং বড় অঙ্কের লেনদেনও হয়েছে। তার ধারণা, ২০২৬ সালের মাঝামাঝি সময়ে বাজার আগের চেয়ে ভালো করবে।  

কুয়েতের অর্থনীতি তেলনির্ভর হওয়ায় প্রকৃত উৎপাদনশীল বিনিয়োগের সুযোগ সীমিত। শেয়ারবাজারে স্বল্পমেয়াদি জল্পনা-কল্পনা বেশি থাকলেও আবাসিক রিয়েল এস্টেট বাস্তব চাহিদার সঙ্গে যুক্ত। ফলে এটি দীর্ঘদিন ধরে সঞ্চয় রক্ষার নিরাপদ মাধ্যম হিসেবে কাজ করেছে। তবে নতুন আইন বাস্তবায়নের কঠোরতা এবং সরকারি নজরদারির ওপর নির্ভর করবে ভবিষ্যতের বাজার। 

সব মিলিয়ে, কুয়েতের আবাসিক রিয়েল এস্টেট খাত এখনো অনেকের কাছে নিরাপদ বিনিয়োগের জায়গা হলেও নতুন নিয়ম ও আইনগত কাঠামো বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। কেউ মনে করছেন এটি স্বচ্ছতা বাড়াবে, আবার কেউ বলছেন লাভজনকতা কমে যাবে। ফলে খাতটি এখন এক রূপান্তরের পথে দাঁড়িয়ে আছে।

Logo