সৌদি আরবে বিদেশিদের জন্য রিয়েল এস্টেট বাজার উন্মুক্ত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১২:৪৪
সৌদি আরবের রিয়েল এস্টেট জেনারেল অথরিটি ঘোষণা করেছে, বিদেশিদের জন্য সম্পত্তি মালিকানার নতুন নিয়ম আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। ২২ জানুয়ারি থেকে এই নিয়ম জাতীয় রিয়েল এস্টেট কাঠামোর অধীনে বাস্তবায়ন শুরু হয়েছে। এর মাধ্যমে সৌদি আরবে বসবাসকারী ও অ-বসবাসকারী বিদেশি নাগরিক, বিদেশি কোম্পানি ও প্রতিষ্ঠান এখন থেকে নির্দিষ্ট শর্তে সম্পত্তি কিনতে পারবেন। আরব নিউজ এ সংবাদ জানিয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিদেশিদের সম্পত্তি মালিকানার আবেদন করা যাবে সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম ‘সৌদি আরব রিয়েল এস্টেট’-এর মাধ্যমে। বাসিন্দা বিদেশিরা তাদের রেসিডেন্স পারমিট ব্যবহার করে সরাসরি আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় আইনগত যাচাই স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে এবং পুরো প্রক্রিয়া অনলাইনে শেষ করা যাবে।
অন্যদিকে যারা সৌদি আরবে বসবাস করেন না, তাদের আবেদন শুরু করতে হবে সৌদি দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে। সেখান থেকে একটি ডিজিটাল আইডি নম্বর পাওয়া যাবে, যা ব্যবহার করে তারা প্ল্যাটফর্মে আবেদন সম্পন্ন করতে পারবেন। বিদেশি কোম্পানি বা প্রতিষ্ঠান যাদের সৌদি আরবে উপস্থিতি নেই, তাদের প্রথমে বিনিয়োগ মন্ত্রণালয়ের ‘ইনভেস্ট সৌদি’ প্ল্যাটফর্মে নিবন্ধন করতে হবে এবং একটি ইউনিফায়েড রেজিস্ট্রেশন নম্বর (৭০০) সংগ্রহ করতে হবে। এরপর তারা অনলাইনে মালিকানা প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, নতুন নিয়ম অনুযায়ী বিদেশি ব্যক্তি, কোম্পানি ও প্রতিষ্ঠান সৌদি আরবের বিভিন্ন শহরে সম্পত্তি কিনতে পারবেন। রিয়াদ ও জেদ্দার মতো বড় শহরে মালিকানা অনুমোদিত হবে। তবে মক্কা ও মদিনায় সম্পত্তি মালিকানা সীমিত থাকবে শুধু সৌদি কোম্পানি ও মুসলিম ব্যক্তিদের জন্য। এ বিষয়ে বিস্তারিত ‘জিওগ্রাফিক জোনস’ নথি ২০২৬ সালের প্রথম প্রান্তিকে প্রকাশ করা হবে।
সৌদি আরব রিয়েল এস্টেট পোর্টালকে সব মালিকানা প্রক্রিয়ার সরকারি ডিজিটাল গেটওয়ে হিসেবে ঘোষণা করা হয়েছে। এটি জাতীয় রিয়েল এস্টেট রেজিস্ট্রির সঙ্গে সরাসরি যুক্ত থাকবে, যাতে স্বচ্ছতা নিশ্চিত হয় এবং সম্পত্তির অধিকার সুরক্ষিত থাকে।
কর্তৃপক্ষ আরো জানিয়েছে, নতুন নিয়ম আন্তর্জাতিক ডেভেলপার ও বিশেষায়িত প্রতিষ্ঠানকে আকৃষ্ট করবে। এর ফলে আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও পর্যটন খাতে নতুন প্রকল্পের মান উন্নত হবে। একই সঙ্গে সৌদি নাগরিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
এই উদ্যোগ সৌদি আরবের অ-তেলভিত্তিক অর্থনীতিতে রিয়েল এস্টেট খাতের অবদান বাড়াবে এবং টেকসই উন্নয়নে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
logo-1-1740906910.png)