মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৩ জানুয়ারি ২০২৬
বাহরাইনে মাদক পাচার: দুই প্রবাসীর ১৫ বছর জেল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১৯:৫০
বাহরাইন
বাহরাইনে মাদক পাচার: দুই প্রবাসীর ১৫ বছর জেল
মাদককাণ্ডে ধরা পড়ে বিচারে ১৫ বছরের জেল হয়েছে দুই প্রবাসীর। সাথে ৫ হাজার বাহরাইনি দিনার জরিমানা ও সাজা শেষে দেশ থেকে বহিষ্কার করার আদেশ দিয়েছেন মানামার হাই ক্রিমিনাল কোর্ট। কিন্তু প্রবাসীরা কোন দেশের নাগরিক, তা জানানো হয়নি। নিউজ অব বাহরাইনের খবরে পুলিশের বরাত দিয়ে জানানো হয়, রাস রুম্মান এলাকায় পুলিশের রয়্যাল ব্রিগেডের সদস্য গোপনে ড্রাগ বিক্রি করার জন্য বহুল ব্যবহৃত হওয়া ‘ডেড ড্রপ’ পদ্ধতিতে দুইজনকে ড্রাগ বিক্রি করতে দেখেন। সেই পুলিশ সদস্য তাদের পরিচয় জানতে চান এবং দেহ তল্লাশি করেন। তাদের শরীরে ও পকেটে ২৪টি ছোট প্যাকেট দেখতে পান।প্যাকেটগুলোতে ড্রাগ জাতীয় দ্রব্য ছিল। পরে তাদের আটক করে গুদাইবিয়া পুলিশ স্টেশনে পাঠিয়ে অ্যান্টি নর্কোটিক্স ডিরেক্টরেটের হাতে দেওয়া হয়। সন্দেহভাজনদের বাসা তল্লাশি করেও অবৈধ জিনিস বাজেয়াপ্ত করা হয়। তদন্তে আরো বলা হয়, অভিযুক্তরা একটি সংগঠিত অপরাধ নেটওয়ার্কের সদস্য ছিল, যারা পাচার করা ড্রাগ সংগ্রহ, সংরক্ষণ, ভাগ করে দেওয়া ও অর্থ উপার্জনের জন্য সহযোগিতা করত।
কুয়েত
কুয়েতে আইফোন বিক্রিতে প্রতারণা
কুয়েতে বসবাসরত এক মিসরীয় ভারতীয় এক প্রবাসীর সাথে প্রতারণা করে কুয়েত থেকে পালিয়েছে। আরব টাইমসের খবরে বলা হয়েছে, ভারতীয় ব্যক্তিটি ৫ হাজার কুয়েতি দিনারের বিনিময়ে ৯টি আইফোন প্রো ম্যাক্স, একটি অ্যাপল ওয়াচ এবং একটি হেডফোন বিক্রির চুক্তি করেছিল সেই মিসরীয় ব্যক্তির সাথে। মিসরীয় সেই ব্যক্তির কাছে আইফোনের বক্স খুলে ভারতীয় প্রবাসী দেখতে পান, তাতে কোনো আইফোন, অ্যাপল ওয়াচ, হেডফোন নেই। ফোনের বদলে আছে প্যাডলক। এ ব্যাপারে জহরা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, এ ধরনের প্রতারণার ক্ষেত্রে প্রতারকরা আগে থেকে পণ্য একদম আসল পণ্যের মতো প্যাকেজিং করে রাখে, যাতে ক্রেতা তা বুঝতে না পারে এবং টাকা পেয়ে তারা দ্রুত দেশ ছাড়ে। বর্তমানে পুলিশ এই “আইফোন থেকে প্যাডলক” প্রতারণা নিয়ে তদন্ত শুরু করেছে এবং মিসরীয় প্রতারককে খুঁজে বের করার চেষ্টা চলছে। পুলিশ বলছে, কুয়েতে অনলাইন বা চুক্তির মাধ্যমে কেনাকাটা করার সময় পণ্য সতর্কভাবে পরীক্ষা করা এবং বিক্রেতার পরিচয় নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ফলে দেশটিতে ফোন কেনাকাটা নিয়ে সতর্ক থাকতে হবে প্রবাসী বাংলাদেশিদেরও।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে পার্কিং শেড করা যাবে
দুবাইতে বসবাসরত নাগরিক ও প্রবাসীদের জন্য একটি নতুন গাড়ি পার্কিং শেড পারমিট সার্ভিস চালু করা হয়েছে, যার আওতায় ঘর কিংবা বাড়ির সামনে গাড়ি রাখার জায়গায় ছাউনিযুক্ত পার্কিং শেড বসাতে পারবে বাসিন্দারা। তবে এটি শুধু নির্ধারিত ও ঠিকভাবে সংরক্ষিত বাসস্থানের পার্কিং স্পেসগুলোর জন্যই প্রযোজ্য। এই নতুন পারমিট সার্ভিসটি দুবাই রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (RTA) পরিচালনা করছে এবং আবেদনগুলো আরটিএর ওয়েবসাইটে পাওয়া যাবে। অনুমোদিত কন্ট্রাক্টিং কোম্পানিগুলোর মাধ্যমে আবেদন সংগ্রহ ও প্রক্রিয়া সম্পন্ন হবে। এছাড়া এটি আরটিএর ইউনিফায়েড ডিজিটাল পোর্টালের মাধ্যমে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের অনুমোদনের সমন্বয়ে কার্যকর হবে। এই নতুন উদ্যোগের উদ্দেশ্য হচ্ছে বাসিন্দাদের পার্কিং সুবিধা উন্নত করা, যাতে তারা বাড়ির সামনে গাড়ি রাখার জন্য নিরাপদ, ছায়াযুক্ত পার্কিংযের জায়গা পেতে পারেন এবং সাথে তা অনুমোদনের প্রক্রিয়াও সহজ হয়।
সৌদি আরব
সৌদির তাবুকে দেহ ব্যবসার দায়ে আটক প্রবাসী
সৌদি আরবের তাবুক অঞ্চলে পুলিশ একটি নিরাপত্তা অভিযানের সময় মোট ছয়জন বিদেশিকে দেহ ব্যবসার অভিযোগে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে চারজন নারী ও দুইজন পুরুষ। তবে তারা কোন দেশের নাগরিক, তা জানা যায়নি। সৌদি গেজেট জানিয়েছে, তাদের তাবুকের একটি অ্যাপার্টমেন্ট থেকে আটক করা হয়। এ সময় পুলিশের হাতে অভিযুক্তদের স্ন্যাপচ্যাট গ্রুপের ভিডিও আসে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার পর পাবলিক প্রসিকিউশনে হস্তান্তর করা হয়েছে। সৌদিতে দেহ ব্যবসা অত্যন্ত গর্হিত অপরাধ হিসেবে বিবেচিত হয় এবং এর শাস্তি ও অত্যন্ত কঠোর। অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ মেয়াদের কারাদণ্ড ও জরিমানা হতে পারে। সাথে রয়েছে দেশ থেকে বহিষ্কারের মতো বিধান।
logo-1-1740906910.png)