মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২২ জানুয়ারি ২০২৬
বাহরাইনে গ্যাস সিলিন্ডার নিয়ে সতর্কতা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১৮:৫৭
বাহরাইন
বাহরাইনে গ্যাস সিলিন্ডার নিয়ে সতর্কতা
বাহরাইনে গ্যাস সিলিন্ডার ব্যবহারে নাগরিক ও বাসিন্দাদের সতর্ক করেছে পুলিশ। গ্যাস লিক থেকে আগুন ও বিস্ফোরণের ঘটনা বাড়লেও অনেকেই এখনো এর ঝুঁকি সম্পর্কে সচেতন নন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ ও ২০২৫ সালে গ্যাস লিকের কারণে দেশটিতে ৩০০টির বেশি অগ্নিকাণ্ড এবং ২১টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ২০২৪ সালে মুহাররাক এলাকার একটি অ্যাপার্টমেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাড়ির মালিক, তিন শিশুসহ কয়েকজন আহত হন।
হীদ পুলিশ স্টেশনের প্রধান কর্নেল ড. ওসামা বাহার জানান, গ্যাস সিলিন্ডার সব সময় খোলা ও ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। গ্যাসের গন্ধ পাওয়া গেলে কোনো অবস্থাতেই বৈদ্যুতিক সুইচ অন বা অফ করা যাবে না। কারণ এতে আগুন ধরে যাওয়ার ঝুঁকি থাকে। তিনি আরো বলেন, রান্নাঘরে পর্যাপ্ত বায়ুচলাচল ও ভেন্টিলেশন নিশ্চিত করা এবং গ্যাস সিলিন্ডার ও চুলার সংযোগ নিয়মিত পরীক্ষা ও রক্ষণাবেক্ষণ করলে দুর্ঘটনা এড়ানো সম্ভব।
বাহরাইনে বসবাসরত অনেক প্রবাসী বাংলাদেশি একসঙ্গে একই বাসায় থাকেন। এমন পরিস্থিতিতে সামান্য অসতর্কতাও বড় বিপদের কারণ হতে পারে। তাই সবাইকে গ্যাস ব্যবহারে আরো সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।
সৌদি আরব
সৌদিতে মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা
সৌদি সরকার রমজান মাসকে সামনে রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তুতির সিদ্ধান্ত ঘোষণা করেছে। দেশটির ধর্মমন্ত্রী শেখ আব্দুল্লাতিফ আল-শেখ জানান, রমজানে মসজিদের বাইরে আজান ও ইকামা ছাড়া অন্য কোনো অডিও সম্প্রচারে লাউডস্পিকার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, নামাজের সময়সূচি উম্ম আল-কুরা ক্যালেন্ডার অনুযায়ী কঠোরভাবে অনুসরণ করা হবে। একই সঙ্গে সব মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্ন, নিরাপদ ও সুসজ্জিত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে নারীদের নামাজের স্থানগুলোতে বাড়তি যত্ন নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।
সার্কুলারে ইফতার আয়োজন নিয়েও স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত মসজিদ প্রাঙ্গণেই ইফতারের ব্যবস্থা করতে হবে এবং পানি ও অন্যান্য সহায়তা সুশৃঙ্খলভাবে বিতরণের কথা বলা হয়েছে, যাতে অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলা এড়ানো যায়। সৌদি কর্তৃপক্ষ বলছে, রোজাদারদের জন্য শান্ত ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতেই এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে মঙ্গলবার সৌদি আরবে শাবানের চাঁদ দেখা গেছে। এই চাঁদ দেখার মাধ্যমেই রমজান শুরুর দিন নির্ধারণ করা হয় এবং মুসলিমরা আনুষ্ঠানিকভাবে রমজানের প্রস্তুতি শুরু করেন।
কুয়েত
কুয়েতে খারাপ দিনের সতর্কতা
কুয়েতে খারাপ আবহাওয়া সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অফিস। বৃহস্পতিবার থেকে সপ্তাহের বাকি দিনগুলোতে দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি ও বজ্রবিদ্যুৎসহ বৈরী আবহাওয়া বিরাজ করবে। এমন অবস্থা রোববার পর্যন্ত চলবে।বৃহস্পতিবার কিছু জায়গায় হালকা বৃষ্টি, শুক্রবার মাঝারি বৃষ্টি এবং শনিবার সন্ধ্যা ও রোববার বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।রোববার ভোর থেকেই পরিস্থিতির অবনতি হবে। উত্তর-পশ্চিমী শক্তিশালী বাতাস দেশব্যাপী দৃশ্যমানতা কমিয়ে দিতে পারে। তাপমাত্রা বৃহস্পতিবার থেকে রোববার সর্বোচ্চ হবে ১৫-২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, আর সর্বনিম্ন প্রায় ৫-১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হতে পারে। তবে রোববারের পর বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে কমতে শুরু করবে। এই সময়ে প্রবাসী ও বাসিন্দাদের আবহাওয়া আপডেট নিয়মিত অনুসরণ করে চলাচল করতে অনুরোধ করা হয়েছে।
logo-1-1740906910.png)