মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২১ জানুয়ারি ২০২৬
সৌদিতে শুরু হয়েছে বৃহত্তম সামরিক মহড়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ১৭:০৩
সৌদি আরব
সৌদিতে শুরু হয়েছে বৃহত্তম সামরিক মহড়া
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে শুরু হয়েছে বৃহত্তম এক সামরিক মহড়া, যাতে যুক্ত হয়েছে বাংলাদেশ, বাহরাইন, পাকিস্তান, তুরস্ক, আমেরিকাসহ ১৫টি মিত্র দেশ। এই মহড়ায় যোগ দিয়েছে সৌদি আরবের ভূমি, নৌ ও এয়ার ডিফেন্স বাহিনী ছাড়াও ন্যাশনাল গার্ড, স্টেট সিকিউরিটি প্রেসিডেন্সি, গালফ কো-অপারেশন কাউন্সিলের ইউনিফায়েড মিলিটারি কমান্ড। Spears of Victory নামে এই সামরিক মহড়া এমন এক সময় শুরু হয়েছে, যখন মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল-মার্কিন সংঘাত ক্রমেই ঘনিয়ে আসছে। ইরানে চলছে সরকার পতনের আন্দোলন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার বিষয়ে ক্রমাগত হুমকি দিচ্ছেন। অন্যদিকে ইরানও মধ্যপ্রাচ্যের নানা দেশে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার হুমকি দিচ্ছে। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, মহা-অনুশীলনের মূল উদ্দেশ্য হলো অংশগ্রহণকারী বাহিনীগুলোর মধ্যকার যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি, সামরিক অংশীদারিত্বের উন্নতি, পরিকল্পনা ও বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় এবং পরস্পরের সঙ্গে কার্যকর অপারেশনাল সমন্বয় ও সমন্বিত কর্মকাণ্ড তৈরি করা। এটি এই অঞ্চলের অন্যতম বৃহৎ এয়ার ওয়ারফেয়ার অনুশীলন হিসেবে বিবেচিত হচ্ছে।
বাহরাইন
বাহরাইনে আইডি কার্ড নিয়ে সিদ্ধান্ত জানাল সংসদ
বাহরাইনে প্রবাসীদের আইডি কার্ড নিয়ে এসেছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যা দেশটির সংসদ ২১ জানুয়ারি আইন সংশোধনের অনুমোদন করেছে। এতে বলা হয়েছে, বিদেশি নাগরিকদের আইডি কার্ডের মেয়াদ তাদের রেসিডেন্সি পারমিটের মেয়াদ অনুযায়ী নির্ধারণ করা হবে। এই নতুন বিধান অনুযায়ী আর কোনো প্রবাসী বা বিদেশি নাগরিকের আইডি কার্ড তার রেসিডেন্সি পারমিটের সীমার বাইরে থাকবে না। অর্থাৎ রেসিডেন্সি মেয়াদ শেষ হলে আইডি কার্ডও স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে। বিদেশি নাগরিকদের বসবাসের নিয়মগুলো আরো সঠিকভাবে ট্র্যাক ও নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংসদে এটি অনুমোদিত হওয়ার সময় কিছু সদস্য বিলটিকে স্থগিত করার প্রস্তাব দিয়ে বিরোধিতা করলেও তা বাতিল হয়ে সংশোধনীটি পাস হয়েছে। দেশটির আইনমন্ত্রী এই আইডি কার্ড সংশোধনীতে ফির বিষয়ে স্পেসিফিক হার এখনো নির্ধারণ না করলেও ভবিষ্যতে বাস্তব খরচের সঙ্গে মিলিয়ে সেটি নির্ধারণ করা হবে বলে উল্লেখ করেছেন এবং এই আইনের অনুমোদনের পর এর প্রয়োগ আগামীতে শুরু হবে।
কুয়েত
কুয়েতে ট্রাফিক পুলিশের বড়সড় অভিযান
কুয়েতে ট্রাফিক পুলিশ এক বড়সড় ট্রাফিক অভিযান শুরু করেছে। ১১ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত মোট ২৭ হাজার ৯৬৯টি ট্রাফিক লঙ্ঘন রেকর্ড করা হয়েছে। এসব অভিযানে রেসিডেন্সি মামলায় আইন ভাঙা প্রবাসী, মাদক মামলার আসামি, অসাবধান চালকসহ ৩২ জনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মেয়াদোত্তীর্ণ রেসিডেন্সি বা অনুমতি না থাকায় ৫৮ জনকে আটক করা হয়েছে। তবে তারা কোন দেশের নাগরিক, তা জানা যায়নি। ৩৩৩টি গাড়ি ও ২৫টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ৫৩ জন ওয়ান্টেড লিস্টে থাকা আসামিকে ধরা হয়েছে, ৩২টি আদালতের তল্লাশিতে থাকা গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। আরব টাইমসের খবরে বলা হয়, অভিযানটির মাত্রা ছিল ব্যাপক, যাতে ছোটখাটো ১২শ ধাক্কার ঘটনাও পুলিশ সমাধান করেছে। বিশেষত রেসিডেন্সি পারমিট বিষয়ক অভিযান চলমান থাকায় কুয়েতে থাকা প্রবাসী বাংলাদেশিদের ভিসা ও রেসিডেন্সি পারমিটের কাগজপত্র হালনাগাদ রাখা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ফলে অভিযানের এই সময়ে অতিরিক্ত সতর্ক থাকতে হবে প্রবাসী বাংলাদেশিদের।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে শুরু রমজানের পণ্য ছাড়
আমিরাতে রমজানের পণ্য ছাড় বা সেল শুরু হয়ে গেছে। পবিত্র রজমান মাস উপলক্ষে কিছু কিছু কোম্পানি তাদের পণ্যে ৮০ শতাংশ মূল্য ছাড় দিচ্ছে। ফার্নিচার থেকে ঘর সাজসজ্জা, সাজ-সাজনা, খাদ্যদ্রব্য ও এক্সেসরিজ সব থাকছে এই সেলের আওতায়। IKEA- এর মতো বড় বড় ব্র্যান্ডে নির্বাচিত ফার্নিচার ও আনুষঙ্গিক সামগ্রীর উপর ২৫ শতাংশ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা দিয়েছে। Amazon-এ ২৭ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত অ্যামাজন প্রাইম সদস্যদের জন্য ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা দিয়েছে। অনেক রিটেইলার ও অনলাইন স্টোরও রমজানে সেলের ঘোষণা দেওয়ায় ইউএইজুড়ে শপিং সিজনটি ক্রেতাদের জন্য আকর্ষণীয় হয়ে উঠেছে।
logo-1-1740906910.png)