দুবাইয়ে বিয়ে করলেই কর্মীদের বোনাস ১৬ লাখ টাকা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ১০:১১
সংযুক্ত আরব আমিরাতের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান আল হাবতুর গ্রুপ তাদের কর্মীদের জন্য অভাবনীয় এক আর্থিক প্রণোদনার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির কর্মরত আমিরাতি নাগরিকরা বিয়ে করলে পাবেন ৫০ হাজার দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকা। আর বিবাহের পর দুই বছরের মধ্যে সন্তান জন্ম নিলে সেই অনুদান দ্বিগুণ হয়ে দাঁড়াবে ১ লাখ দিরহাম (প্রায় ৩২ লাখ টাকা)।
দুবাইয়ের প্রখ্যাত ব্যবসায়ী এবং আল হাবতুর গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খালাফ আল হাবতুর সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘোষণা দেন। তিনি বলেন, বিবাহ ও পরিবার গঠন কেবল ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। একটি সুস্থ ও স্থিতিশীল পরিবারই শক্তিশালী জাতি ও টেকসই কমিউনিটির ভিত্তি গড়ে তোলে।
আমিরাত সরকার দীর্ঘদিন ধরে তরুণদের পারিবারিক জীবন শুরু করতে বিভিন্ন তহবিল ও সহায়তার মাধ্যমে উৎসাহ দিয়ে আসছে। তবে খালাফ আল হাবতুর মনে করেন, শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়। সমাজের সব পক্ষ, বিশেষ করে বেসরকারি খাতকেও এ ক্ষেত্রে বাস্তব ভূমিকা রাখতে হবে।
২০২৫ সালের সর্বশেষ তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের মোট জনসংখ্যা প্রায় ১ কোটি ১৫ লাখ। তবে এর মধ্যে স্থানীয় আমিরাতি নাগরিকদের সংখ্যা মাত্র ১৫ শতাংশ। জনসংখ্যার এই ভারসাম্যহীনতা দূর করতে এবং নাগরিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির ফেডারেল ও স্থানীয় সরকার ইতোমধ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে। আল হাবতুর গ্রুপের এই উদ্যোগ সরকারি প্রচেষ্টাকে আরো বেগবান করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এই আর্থিক প্রণোদনা তরুণদের বিবাহ ও পরিবার গঠনে উৎসাহিত করবে। একই সঙ্গে জনসংখ্যার ভারসাম্য রক্ষা ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, বেসরকারি খাতের এমন উদ্যোগ ভবিষ্যতে অন্যান্য প্রতিষ্ঠানকেও অনুপ্রাণিত করবে।
আল হাবতুর গ্রুপের এই ঘোষণা শুধু কর্মীদের জন্য আর্থিক সহায়তা নয়, বরং সমাজে পরিবার গঠনের গুরুত্বকে নতুনভাবে তুলে ধরেছে। সরকারের পাশাপাশি বেসরকারি খাতের এই ধরনের উদ্যোগ সংযুক্ত আরব আমিরাতের সামাজিক কাঠামোকে আরো শক্তিশালী করবে।
logo-1-1740906910.png)