মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২০ জানুয়ারি ২০২৬
বাহরাইনে অভিযান চলবে ২০২৬ সালেও
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১৯:১০
বাহরাইন
বাহরাইনে অভিযান চলবে ২০২৬ সালেও
বাহরাইনে অবৈধ কর্মীদের শনাক্তে অভিযান ২০২৬ সালেও জোরালো থাকবে বলে জানানো হয়েছে। দেশটির লেবার মার্কেট রেগুলেটরি অথরিটি জানিয়েছে, ২০২৫ সালে মোট ৫ হাজার ২৮৬ জন অবৈধ কর্মীকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। এসব কর্মীদের মূলত শ্রম আইন ও আবাসন আইন লঙ্ঘনের দায়ে আটক করে বহিষ্কার করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রম আইন ও আবাসন আইন মানা হচ্ছে কিনা, তা যাচাই করতে ওই বছর ৫৯ হাজারের বেশি পরিদর্শন ও ৮৬৩টি যৌথ অভিযান চালানো হয়, যেখানে শত শত অবৈধ কর্মী ধরা পড়ে। চলতি ২০২৬ সালের জানুয়ারির প্রথম দিকেও অভিযান অব্যাহত ছিল, শুধু এক সপ্তাহেই শতাধিক অভিযান পরিচালনা করা হয়েছে এবং আরো অবৈধ কর্মীকে আটক ও ডিপোর্ট করা হয়েছে। এসব অভিযান রাজধানীসহ বাহরাইনের সব অঞ্চলে চালানো হচ্ছে এবং আইন ভাঙলে মালিক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ বলছে, শ্রমবাজার শৃঙ্খলাবদ্ধ রাখা ও দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান চলমান থাকবে। এই বাস্তবতায় দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশি কর্মীদের কাগজপত্র হালনাগাদ রাখা, আইন মেনে চলা গুরুত্বপূর্ণ।
সৌদি আরব
সৌদিতে মার্কেটিং পেশায় ৬০% থাকবেন নাগরিকরা
সৌদি আরবে মার্কেটিং ও সেলস সম্পর্কিত সব পেশায় দেশটির নাগরিকদের কমপক্ষে ৬০ শতাংশ নিয়োগের সুযোগ বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটি। সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বলেছে, তিন মাস পর থেকে প্রাইভেট সেক্টরে যেসব প্রতিষ্ঠান তিন বা তার বেশি কর্মী নিয়োগ দেয়, তাদের এখন মার্কেটিং ও সেলস পেশার কাজের কমপক্ষে ৬০% কর্মী হতে হবে সৌদি নাগরিক। যার মধ্যে মার্কেটিং ম্যানেজার, বিজ্ঞাপন ম্যানেজার, মার্কেটিং স্পেশালিস্ট, গ্রাফিক ডিজাইন ও পাবলিক রিলেশনস পেশা, এমনকি ফটোগ্রাফির মতো পেশাও আছে। একইভাবে বিক্রয়ের ক্ষেত্রে সেলস ম্যানেজার, খুচরা ও পাইকারি বিক্রয় প্রতিনিধিরা, আইটি ও যোগাযোগ সরঞ্জাম বিক্রয় বিশেষজ্ঞ, বাণিজ্যিক বিশেষজ্ঞ এবং অন্যান্য বিক্রয় পেশাও আছে। সরকার বলেছে, এই সিদ্ধান্তের উদ্দেশ্য হলো সৌদি নাগরিকদের জন্য কাজের সুযোগ বৃদ্ধি করা, শ্রমবাজারকে আরো আকর্ষণীয় করা। সৌদি আরব দেশটিতে সৌদিকরণের অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে সব সেক্টরে ৭০ শতাংশ সৌদি নাগরিকদের চাকরির লক্ষ্য ঠিক করেছে। এতে করে নানা পেশায় বাংলাদেশিসহ প্রবাসীদের কাজের সুযোগ কমে যাবে।
কুয়েত
কুয়েতে বর্জ্য পরিষ্কারে টাকা দিতে হবে
কুয়েতে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন ঘোষণা এসেছে, যাতে যে বেশি বর্জ্য সৃষ্টি করবে, তাকে তার ব্যবস্থাপনা খরচের জন্য অর্থ দিতে হবে। দেশটির মিউনিসিপ্যাল কাউন্সিলের সদস্য আলিয়া আল-ফারসি এই প্রস্তাব দিয়েছেন, যাতে প্রাইভেট ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে বর্জ্য ফেলা, সংগ্রহ, চিকিৎসা ও বর্জ্য ধ্বংস করার জন্য টাকা দিতে হবে। এই প্রস্তাবটিতে বর্জ্য বহনের যানবাহন, ধ্বংস করার স্থান তৈরি, জমি পুনরুদ্ধার ও পরিবেশ উন্নতির কাজেও খরচের টাকা নেওয়ার কথা বলা হয়েছে। পরিকল্পনায় “polluter pays” নীতি কার্যকর করার কথা থাকছে, যার মানে প্রস্তাবটিতে সাধারণ আবাসিক অংশের মানুষের জন্য এই ফি নেওয়া হবে না, বরং বাণিজ্যিক ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেই টার্গেট করা হবে। সরকারের আশা, এই উদ্যোগের ফলে বর্জ্য সঠিকভাবে বেছে ফেলা, রিসাইক্লিং ও পরিবেশবান্ধব ব্যবস্থাপনা বাড়বে এবং পরিবেশের ক্ষতি কমবে।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে গোল্ডের দাম রেকর্ড উচ্চতায় উঠছে
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গত কয়েক সপ্তাহ ধরে গোল্ডের দাম রেকর্ড পরিমাণ বাড়ছে। মঙ্গলবার ২৪ ক্যারেট গোল্ড এক গ্রামে প্রায় ৫৬৬ (দিরহাম) পর্যন্ত পৌঁছে গেছে, অর্থাৎ ২০ দিনের মধ্যে প্রায় ৪৫ দিনার বেড়েছে। একই সময় ২২ ক্যারেট গোল্ড ও প্রতি গ্রামে ৫২৪ দিনার পর্যন্ত উঠেছে। বিশ্বব্যাপী রাজনৈতিক অস্থিতিশীলতা ও বিশ্ববাজারে নিরাপদ বিনিয়োগ হিসেবে গোল্ডের চাহিদা বাড়ছে। বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কিত উত্তেজনা ও শুল্কের পরিমাণ বাড়ায় বিনিয়োগকারীরা গোল্ডে অর্থ বিনিয়োগ করছেন। এর ফলে দুবাইয়ের গোল্ডের বাজারে এই দাম বিরাজ করছে, যা দ্বিধাহীনভাবে গত বছর ও চলতি মাসে রেকর্ড উচ্চতার দিকে যাচ্ছে।
logo-1-1740906910.png)