এবার বাহরাইনে মিলল টিক মারা খোলা পোস্টাল ব্যালট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১১:৩৭
বাহরাইনে খোঁজ মিলেছে গণভোটে হ্যাঁ টিক মারা খোলা ব্যালট। যদিও পোস্টাল ব্যালটের ভোটিং শুরুর কথা জানুয়ারি ২২ তারিখ থেকে। মাইগ্রেশন কনসার্নের হাতে আসা দুটি ভিডিও বিশ্লেষণ করে দেখা গেছে, কেবল গণভোটের খোলা ব্যালট নয়, মূলভোটের খোলা ব্যালটেরও দেখা মিলেছে বাহরাইন থেকে পাওয়া ভিডিওতে।
গেল ১১ জানুয়ারি বাহরাইনের হীদ শহরের এক প্রবাসীর বাড়িতে শতাধিক পোস্টাল ব্যালটের খোঁজ পান আরেক দল প্রবাসী বাংলাদেশি। সেই সময়ের তোলা ভিডিওতে এমন খোলা টিক মারা ব্যালটের সন্ধান পান প্রবাসী বাংলাদেশিরা। তখন এটি প্রকাশ না পেলেও ধীরে ধীরে এসব ভিডিও সামনে আসতে শুরু করেছে।ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ডিসমিস ল্যাব জানিয়েছে, ভিডিওটি যে ভুয়া এ রকম কোনো প্রমাণ তারা পায়নি।
শুধু তাই নয়, হীদ শহরে শতাধিক ব্যালটের খোঁজ পাওয়া সেই বাড়ির দেয়ালে, ব্যতিক্রমভাবে ঠিকানা ও ভুয়া পোস্টাল কোড লেখাও দেখতে পান প্রবাসীরা। তাদের অভিযোগ, এভাবে ঠিকানা লিখে পোস্টাল ব্যালটগুলোকে এক বাড়িতে আনা হয়েছিল। তাছাড়া এই বাসা থেকে পাওয়া ২৩৩টি পোস্টাল ব্যালট দূতাবাসে জমা দেয়ার কথা থাকলেও জমা দেওয়া হয়েছে ১২৯। ১০৪টি ব্যালট পেপারের হদিস এখনো মিলছে না।
প্রবাসীরা জানিয়েছেন, পোস্টাল ব্যালট নিয়ে মাইগ্রেশন কনসার্নের খবর প্রকাশ ও নির্বাচন কমিশনের কড়া নির্দেশনার পর ব্যালট সংগ্রহে এখন কড়াকড়ি আরোপ করেছে বাহরাইনের পোস্ট অফিসগুলো। একজনের পোস্টাল ব্যালট দেওয়া হচ্ছে না আরেকজনকে। পোস্টাল ব্যালট সংগ্রহে এখন কিউআর কোড স্ক্যান করতে হচ্ছে, দেখা হচ্ছে প্রবাসীর আইডি কার্ড, দিতে হচ্ছে সইও। যদিও পোস্টাল ব্যালট বিলি বণ্টনের শুরুর দিকে যা ছিল একেবারেই শিথিল। কিন্তু এখন প্রশ্ন উঠেছে, সেই সময় যেসব প্রবাসীর ব্যালট খোলা হয়েছিল এবং ভোট দেওয়া হয়েছিল, তারা কী আবার নতুন করে পোস্টাল ব্যালট পাবেন?
এদিকে, নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ২২ জানুয়ারি থেকে পোস্টাল ব্যালটের ভোট দেওয়া শুরু করতে পারবেন প্রবাসীরা। ১২ ফেব্রুয়ারি ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে ব্যালট নির্বাচন কমিশনে না পৌঁছালে, তা গণনায় আসবে না।
logo-1-1740906910.png)