মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৯ জানুয়ারি ২০২৬
সংযুক্ত আরব আমিরাতে শাবান মাসের চাঁদ দেখা গেছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১৯:৪৩
বাহরাইন
বাহরাইনের ইসা টাউনে দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু
বাহরাইনের ইসা টাউনে মারাত্মক এক সড়ক দুর্ঘটনায় এক এশিয়ান প্রবাসী মারা গেছেন। নিউজ অব বাহরাইন এই খবর দিয়েছে। খবরে আরো জানা যায়, মোটরসাইকেল চালানোর সময় ভারসাম্য হারিয়ে এই মারাত্মক দুর্ঘটনা ঘটে। এশিয়ান হলেও মৃত ব্যক্তি কোন দেশের নাগরিক, সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। বাহরাইনে গাড়ি চলাচলে শৃঙ্খলা বজায় রাখা, ড্রাইভারদের আচরণ সংহত করা ও দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন কড়াকড়ি করা হয়েছে। আইনে আনা হয়েছে বড় অঙ্কের টাকার জরিমানা।তারপরও দুর্ঘটনায় এমন মৃত্যু সেখানে বসবাসরত নাগরিক ও প্রবাসীদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সৌদি আরব
সৌদিতে খাবার অপচয় কমেছে
সৌদি আরবে খাবার অপচয়ের পরিমাণ ও খাবারের ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে কমে এসেছে। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, বর্তমানে সৌদি আরবে একজন মানুষ বছরে গড়ে প্রায় ১৫৫ কেজি খাবার নষ্ট বা অপচয় করে। এর মধ্যে আছে ৬৭.২ কেজি খাবার নষ্ট করা। আর খাবার সংরক্ষণ ও পরিবহনের সময় ৮৭.৮ কেজি খাবার সরাসরি অপচয় হয় দেশটিতে। খাদ্য অপচয় ১৮.৯% থেকে নেমে এসেছে ১৫.৮% তে। অন্যদিকে খাদ্য ক্ষতির সূচকও ১৪.২% থেকে ১২.১% এ নেমে এসেছে। আরেক রিপোর্টের তথ্য অনুযায়ী, সৌদি আরব ২০১৯ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত খাদ্য অপচয় কমিয়ে এনেছে প্রায় ১৬%, যা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে ইতিবাচক অগ্রগতি হিসেবে গণ্য করছে সৌদি সরকার।
কুয়েত
কুয়েতে ৩৪ মিনিটে বিয়ে, ৭৫ মিনিটে তালাক হচ্ছে
কুয়েতে গত বছর ৩৪ মিনিটে একটি করে বিয়ে আর ৭৫ মিনিটে একটি করে তালাকের ঘটনা ঘটেছে। কুয়েতে বিয়ে ও তালাকের হার নিয়ে সাম্প্রতিক পরিসংখ্যানে এই গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। দেশটির শরিয়া নোটারাইজেশন বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর মাসে মোট ১ হাজার ২৫২টি বিবাহ, পুনর্মিলন ও সংশ্লিষ্ট পারিবারিক অনুষ্ঠান নথিভুক্ত হয়েছে, যার অর্থ হলো গড়ে প্রতি ৩৪ মিনিটে একটি করে বিয়ের ঘটনা ঘটেছে। একই সময়ে দেশে মোট ৫৯৫টি তালাক রেকর্ড করা হয়েছে, অর্থাৎ গড়ে প্রতি ৭৫ মিনিটে একটি তালাক হয়েছে। পরিসংখ্যানে আরো দেখা গেছে, মোট বিয়ের মধ্যে ৭৩.৩ শতাংশ বিয়ে কুয়েতি নাগরিকদের মধ্যেই হয়েছে, আর বাকি বিয়েগুলো কুয়েতি ও প্রবাসী বা বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সংঘটিত হয়েছে। এছাড়া উল্লেখযোগ্য সংখ্যক দম্পতি সালিশ ও পারিবারিক সমঝোতার মাধ্যমে আবার সংসারে ফিরে এসেছেন, যাতে এটা স্পষ্ট, বিচ্ছেদের পাশাপাশি সম্পর্ক রক্ষার চেষ্টাও চলছে। এই পরিসংখ্যান কুয়েতে পারিবারিক কাঠামো, সামাজিক পরিবর্তন এবং দাম্পত্য সম্পর্কের বাস্তব চিত্র তুলে ধরেছে।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে শাবানের চাঁদ দেখা গেছে
সংযুক্ত আরব আমিরাতে শাবানের চাঁদ দেখা গেছে। আর এর মধ্য দিয়ে দেশটিতে রমজানের দিন গণনা শুরু হয়ে গেছে। আল খাতিম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরির বিশেষজ্ঞরা আবুধাবিতে ১৯ জানুয়ারি সকাল ১১টার দিকে নতুন হালকা চাঁদের ক্রিসেন্ট পর্যবেক্ষণ করেছেন, যা শাবান ১৪৪৭ হিজরি মাসের সূচক হিসেবে ধরা হয়। দ্য গালফ নিউজ এই খবর দিয়েছে। সেই হিসাবে ১৯ জানুয়ারি সোমবার রজবের শেষ দিন হিসেবে ঘোষণা করেছে।ফতোয়া কাউন্সিল জানিয়েছে, তারা খাতিম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরির বিশেষজ্ঞদের সঙ্গে একত্র হয়েই এই সিদ্ধান্ত নিয়েছে। ফলে ২০ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার শাবানের প্রথম দিন হিসেবে পালন করা হবে। শাবান মাসটি রমজানের ঠিক আগের মাস, তাই মুসলমানরা এই সময়ে রমজানের প্রস্তুতি শুরু করেন। হিজরি মাসগুলো সাধারণত ২৯ বা ৩০ দিন হয়ে থাকে। ফতোয়া কাউন্সিল আরো জানিয়েছে, ২০২৬-এর রমজান মাস ও চাঁদ দেখা সরকারি কমিটির ঘোষণা অনুযায়ী নির্ধারিত হবে। অনুমান করা হচ্ছে, ১৮ অথবা ১৯ ফেব্রুয়ারি হবে রমজানের প্রথম দিন।
logo-1-1740906910.png)