Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে প্রতি ৩৪ মিনিটে বিয়ে, প্রতি ৭৫ মিনিটে তালাক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১০:০৫

কুয়েতে প্রতি ৩৪ মিনিটে বিয়ে, প্রতি ৭৫ মিনিটে তালাক

কুয়েতে বিয়ে ও তালাকের হার নিয়ে নতুন পরিসংখ্যান প্রকাশ করেছে দেশটির বিচার মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও গবেষণা বিভাগ। ২০২৫ সালের নভেম্বর মাসে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, গড়ে প্রতি ৩৪ মিনিটে একটি বিয়ে বা পুনর্মিলন এবং প্রতি ৭৫ মিনিটে একটি তালাকের ঘটনা ঘটছে।  

আরব টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই মাসে মোট ১ হাজার ২৫২টি বিয়ে ও পুনর্মিলনের ঘটনা নথিভুক্ত হয়েছে। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪২টি করে বিয়ে বা পুনর্মিলন ঘটেছে। অন্যদিকে একই সময়ে ৫৯৫টি তালাক নথিভুক্ত হয়েছে, যা প্রতিদিন গড়ে ২০টি তালাকের সমান।  

বিয়ে-সংক্রান্ত চুক্তির সংখ্যা ছিল ১ হাজার ১৪৩টি। এর মধ্যে কুয়েতি নাগরিকদের মধ্যে বিয়ে হয়েছে সবচেয়ে বেশি, ৭৩ দশমিক ৩ শতাংশ। এরপর রয়েছে বিদেশি নাগরিকদের মধ্যে বিয়ে, যা ১৬ দশমিক ২ শতাংশ। কুয়েতি পুরুষ ও বিদেশি নারীর মধ্যে বিয়ে হয়েছে ৮ দশমিক ২ শতাংশ এবং বিদেশি পুরুষ ও কুয়েতি নারীর মধ্যে বিয়ে হয়েছে ২ দশমিক ৩ শতাংশ।  

এছাড়া ১০৯টি বিয়ে প্রমাণীকরণ চুক্তি নথিভুক্ত হয়েছে, যা প্রতিদিন গড়ে ৩ দশমিক ৬টি। এর মধ্যে কুয়েতি পুরুষ ও বিদেশি নারীর মধ্যে চুক্তি হয়েছে সবচেয়ে বেশি, ৫৪ দশমিক ১ শতাংশ। আদালতের রায়ের ভিত্তিতে এসব প্রমাণীকরণ লেনদেনের সংখ্যা ছিল ৭৪ দশমিক ৩ শতাংশ।  

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ৮১ দশমিক ৫ শতাংশ বিয়ে চুক্তি সম্পন্ন হয়েছে বিদেশি বিবাহ নিবন্ধনকারীদের মাধ্যমে, আর মাত্র ১৮ দশমিক ৫ শতাংশ হয়েছে শরিয়াহ ডকুমেন্টেশন বিভাগে। এটি প্রমাণ করে, অধিকাংশ মানুষ সরকারি বিভাগের বাইরে অনুমোদিত নিবন্ধনকারীদের ওপর নির্ভর করছে।  

তালাকের ক্ষেত্রে দেখা যায়, কুয়েতি দম্পতিদের মধ্যে তালাকের হার সবচেয়ে বেশি, ৫৮ দশমিক ৭ শতাংশ। একই সময়ে ৯২টি পুনর্মিলনের ঘটনা নথিভুক্ত হয়েছে, যা প্রতিদিন গড়ে তিনটি। এর মধ্যে ৮৫ দশমিক ৯ শতাংশ পুনর্মিলন হয়েছে আনুষ্ঠানিক সনদের মাধ্যমে।  

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, নভেম্বর মাসে ইসলাম গ্রহণ ও অন্যান্য আনুষ্ঠানিক ঘোষণাসহ মোট ৫২ হাজার ৩৫৯টি লেনদেন সম্পন্ন হয়েছে। এর মধ্যে মাত্র ৫৮টি ইসলাম গ্রহণের ঘটনা অনলাইনে সম্পন্ন হয়েছে।  

সবচেয়ে বেশি লেনদেন রেকর্ড করেছে ফারওয়ানিয়া মেইন কোর্টস কমপ্লেক্স। অন্যদিকে রাষ্ট্রহীন বাসিন্দাদের মোট ১ হাজার ১১৫টি ঘটনা নথিভুক্ত হয়েছে, যার মধ্যে ৮৫ দশমিক ৭ শতাংশ ছিল আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি।

Logo