Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৮ জানুয়ারি ২০২৬

সৌদিতে গণবহিষ্কার কার্যক্রম জোরদার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১৮:২২

সৌদিতে গণবহিষ্কার কার্যক্রম জোরদার

সৌদি আরব

সৌদিতে গণবহিষ্কার কার্যক্রম জোরদার

সৌদিতে গণবহিষ্কার কার্যক্রম জোরদার করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে দেশটি গত এক সপ্তাহে ১৪ হাজার ৬২১ জন প্রবাসীকে দেশটি থেকে বহিষ্কার করেছে। গালফ নিউজের খবরে বলা হয়েছে, গত ৮ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত অভিযানে মোট ১৮ হাজার ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ১১ হাজার ৩৪৩ জনকে আবাসন আইন, ৩ হাজার ৮৫৮ জন সীমান্ত নিরাপত্তা আইন ও ২ হাজার ৮৫৩ জন শ্রম আইন লঙ্ঘনের জন্য অভিযুক্ত হয়েছেন। এছাড়া ১৯ হাজার ৮৩৫ জনকে তাদের রাষ্ট্রীয় দূতাবাসে পাঠানো হয়েছে ভিসা-সংক্রান্ত কাগজপত্র সংগ্রহের জন্য।অভিযুক্তদের ৪০% ইয়েমেনি ও ৫৯% ইথিওপিয়ান নাগরিক। তবে যে এক শতাংশ প্রবাসীকে বহিষ্কার করা হয়েছে, তারা কোন দেশের নাগরিক, তা জানানো হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে, সময়ের অতিরিক্ত দেশে অবস্থান করলে বা পরিবহন ও আশ্রয় দেওয়ার মতো সহায়তার জন্য ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড, এক মিলিয়ন সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা ও অপরাধে ব্যবহৃত যানবাহী বা সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে।


বাহরাইন

বাহরাইনের আইডি কার্ডের মেয়াদে আসছে না কোনো পরিবর্তন

বাহরাইনের প্রবাসীদের দেওয়া আইডি কার্ডের মেয়াদের বিষয়ে কোনো পরিবর্তন আসছে না। ফলে আইডি কার্ডের মেয়াদের বিষয়ে বিদ্যমান নিয়মই বহাল থাকছে। সম্প্রতি বাহরাইনের সংসদে বিদেশি নাগরিকদের আইডি কার্ডের বৈধতা বিষয়ে বিল নিয়ে বিতর্ক তৈরি হয়। এই বিল কার্যকর হলে বিদেশি শ্রমিকদের (Expat) আইডি কার্ডের বৈধতা শুধু তাদের বসবাসের মেয়াদ পর্যন্ত সীমাবদ্ধ করা যেত। অর্থাৎ বসবাসের মেয়াদ শেষ হলেই কার্ডের আর কোনো বৈধতা থাকত না। গত মঙ্গলবার এই প্রস্তাব সংসদে আলোচনার জন্য উঠেছিল। বিলের সমর্থকরা দাবি করেন, এটি ভিসার মেয়াদ শেষে বাহরাইনে বিদেশি কর্মীদের অতিরিক্ত সময় বসবাস বন্ধ করতে সাহায্য করবে। অন্যদিকে, সরকার বলছে বর্তমানে একই নিয়ম চলমান আছে এবং নতুন সংশোধন সম্পূর্ণ অপ্রয়োজনীয়, যা জটিলতা তৈরি করবে। কেননা দেশটিতে বিভিন্ন ধরনের আবাসিক পারমিটের মেয়াদ ভিন্ন। বাহরাইনের স্বরা্ষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বাহরাইন ছাড়ার ৩০ দিন পর আইডি কার্ড স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যায়। অন্যদিকে, বাহরাইনের আইন কমিশন ও পার্লামেন্ট কমিটি এ ব্যাপারে একমত যে, আইডি কার্ডের কোনো সংস্কারের আপাতত প্রয়োজন নেই।


কুয়েত

গাড়ি চুরির অভিযোগ এক নাগরিকের বিরুদ্ধে

কুয়েতের সালমিয়া পুলিশ দেশটিতে বসবাস করা এক এশিয়ানের গাড়ি চুরির মামলার সফল সমাধান করেছে। পুলিশের তদন্ত রিপোর্টে জানা গেছে, সেই এশিয়ান প্রবাসী ব্যাংক থেকে চেক ভাঙানোর পর গ্যারেজে গাড়ির চাকা ঠিক করতে গিয়েছিলেন। তিনি গাড়িটি চালু রেখেই বিল পরিশোধ করছিলেন। সেই সময় অভিযুক্ত ব্যক্তি গাড়ি ও গাড়িতে থাকা টাকা চুরি করে পালিয়ে যায়। মামলাটি সালমিয়া পুলিশের কাছে রিপোর্ট করা হলে ক্রিমিনাল সিকিউরিটি সেক্টর তৎক্ষণাৎ তদন্ত শুরু করে। গ্যারেজের কন্ট্রোল রুমের সিসিটিভি ফুটেজ এবং বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির সাহায্যে সন্দেহভাজনকে শনাক্ত করা হয়।অভিযুক্ত একজন কুয়েতি নাগরিক ও সরকারি কর্মচারী। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে আর সেই কুয়েতি অপরাধ স্বীকারও করেছে। এই ঘটনার পর পুলিশ নাগরিক ও প্রবাসীদের সতর্ক করেছে, গাড়ি চালু রেখে যেন ড্রাইভাররা বাইরে বেরিয়ে কোথাও না যান।  


সংযুক্ত আরব আমিরাত

শিক্ষার্থীরা ওষুধ নিতে পারবে না স্কুলে

সংযুক্ত আরব আমিরাত সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে ছাত্রছাত্রীদের ক্লাসে ওষুধ নিয়ে আসা বিষয়ে সতর্কতা জারি করেছে। গালফ নিউজের খবরে বলা হয়েছে, ছাত্রছাত্রীরা প্রায়ই স্কুলে ভুল ডোজের ওষুধ নিয়ে আসে, এমনকি তা বন্ধুদের সাথে শেয়ারও করে, যা মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ। ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া শিক্ষার্থীরা কোনো ওষুধ নিয়ে ক্লাসে আসতে পারবে না। প্রযোজ্য ক্ষেত্রে ওষুধগুলো স্কুল কর্তৃপক্ষ বা স্বাস্থ্যকর্মীর তত্ত্বাবধানে সংরক্ষণ করতে হবে। প্রেসক্রিপশনে অবশ্যই শিক্ষার্থীর নাম, ওষুধের নাম, ডোজ ও সময় উল্লেখ থাকতে হবে।

Logo