Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৭ ডিসেম্বর ২০২৫

নতুন বছরকে স্বাগত জানাতে মধ্যপ্রাচ্যে জমজমাট আয়োজন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৮:০৬

নতুন বছরকে স্বাগত জানাতে মধ্যপ্রাচ্যে জমজমাট আয়োজন

বাহরাইন

বাহরাইনে এলো ছুটির ঘোষণা, ৮ স্থানে হবে আতশবাজি 

ইংরেজি নতুন বছর আসার আগেই খুশির আমেজ শুরু হয়ে গেছে বাহরাইনে। নতুন বছরের প্রথম দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। নিউজ অব বাহরাইনের খবরে বলা হয়েছে, নাগরিক ও বাসিন্দারা যাতে আনন্দ নিয়ে নতুন বছর উদযাপন করতে পারে, সে জন্য বাহরাইনের রাজার তরফ থেকে এসেছে এমন ঘোষণা।

এদিকে, রাজধানী মানামায় আতশবাজি আর নতুন বছরকে স্বাগত জানানোর নানা অনুষ্ঠানমালা ঘোষণা করা হয়েছে। সমুদ্রের তীরঘেঁষে দেশটিতে ফায়ারওয়ার্কের আয়োজন হয়ে থাকে দেশটিতে। এ বছর মানামার ৮টি স্থানে আতশবাজির আয়োজন হবে। তার মধ্যে রয়েছে দ্য অ্যাভেনিউস, বাহরাইন ওয়াল্ড ট্রেড সেন্টার, বাহরাইন হার্বার, সিফ ডিসট্রিক্টস, ফোর সিজনস বিল্ডিং, শেখ হামাদ ব্রিজ ও ইসা বিন সালমান ব্রিজের মধ্যবর্তী এলাকা, বাহরাইন বে বিচ ও মাসারি আল বাহরাইন। বাহরাইন বেতে অনুষ্ঠিত হবে ড্রোন শোর আনন্দ আয়োজন।


সংযুক্ত আরব আমিরাত

দুবাইয়ের ৪০টি স্থানে আতশবাজির আয়োজন

মধ্যপ্রাচ্যে থার্টিফার্স্ট নাইটের সবচেয়ে বড় আয়োজনটি হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। দুবাইয়ের আকাশজুড়ে একসাথে ৪০টি স্থানে ৪৮টি আতশবাজির আয়োজন করা হয়েছে। বুর্জ খলিফা, দুবাই ফ্রেম, এক্সপো সিটি, গ্লোবাল ভিলেজসহ নগরীর গুরুত্বপূর্ণ স্থানে এই প্রদর্শনী হবে। গালফ নিউজের খবরে বলা হয়েছে, এই বিশাল আয়োজন নিরাপদ ও সুশৃঙ্খল করতে মাঠে নামানো হবে প্রায় ১০ হাজার পুলিশ অফিসার, হাজারো সেফটি কর্মী এবং জরুরি সেবার বিশেষ বিশেষ টিম। নতুন বছরের আগের রাত থেকে দুবাই থামবে না এক মুহূর্তের জন্যও। মেট্রো, বাস ও পাবলিক ট্রান্সপোর্ট চলবে টানা ৪৩ ঘণ্টা। রাস্তায় থাকবে হাজার হাজার ট্যাক্সি ও বাস। যাতে সবাই নিরাপদে ঘরে ফিরতে পারেন। সব মিলিয়ে ২০২৬ সালের নতুন বছর মানেই দুবাইয়ে আলো, নিরাপত্তা আর উদযাপনের এক অবিস্মরণীয় রাত। 


কুয়েত

কুয়েতে টানা তিন দিন ছুটি

নতুন ইংরেজি বছর উপলক্ষে কুয়েতে তিন দিনের ছুটি পাচ্ছেন নাগরিক ও  প্রবাসীরা। পহেলা জানুয়ারি বৃহস্পতিবার থাকবে ছুটি। শুক্রবার ও শনিবার মিলিয়ে তিন দিনের ছুটি পাওয়া যাবে। এই তিন দিনের ছুটি নতুন বছরে পরিবারের সাথে সময় কাটানো, বিশ্রাম পাওয়া ও উদযাপন করার সুযোগ হিসেবে গুরুত্ব পাচ্ছে। এছাড়া নতুন বছর উদযাপনের প্রস্তুতি নিচ্ছে কুয়েতের মানুষ। নতুন বছরকে স্বাগত জানাতে দেশটির লাক্সারি হোটেলে গান সংগীতের আয়োজন করেছে। এছাড়া নানা সামাজিক অনুষ্ঠানে যোগ দেবেন দেশটির নাগরিক ও বাসিন্দারা। দেশটিতে নতুন বছরকে কেন্দ্র করে আতশবাজি, লাইট শোর মতো কোনো অনুষ্ঠান আয়োজনের সরকারি কোনো ঘোষণা আসেনি। ৪ জানুয়ারি থেকে খুলবে কুয়েতের অফিস-আদালত।   


সৌদি আরব

কাবা শরিফে ঘটল চাঞ্চল্যকর ঘটনা

পবিত্র মক্কার গ্রান্ড মসজিদের ভেতরের চত্বরে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। এক ব্যক্তি মক্কার ভেতরে একটি ভবনের উপরের তলা থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। মসজিদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিষয়টি দ্রুত শনাক্ত করে তড়িঘড়ি করে এগিয়ে আসেন। কিন্তু ওই ব্যক্তি লাফিয়ে পড়লে নিচে থাকা এক নিরাপত্তাকর্মী তাকে লুফে নেওয়ার চেষ্টা করলে তিনি নিজেও আহত হন। পরে চিকিৎসার জন্য দুইজনকেই হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মক্কায় আহত নিরাপত্তা কর্মীর খোঁজ নেন। তিনি তার সাহস ও তৎপরতার জন্য প্রশংসা করেন। সৌদি গেজেটের খবরে লাফিয়ে পড়া ব্যক্তির নাম-পরিচয় বা কোন দেশের নাগরিক তা প্রকাশ করা হয়নি। এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে মক্কায়। পবিত্র মসজিদ মক্কার তত্ত্বাবধানকারী কর্তৃৃপক্ষ আগত হাজি ও দর্শনার্থীদের অনুরোধ করেছেন, তারা যেন পবিত্র এই  মসজিদে নিয়ম ও নিরাপত্তা নির্দেশনা মেনে চলেন। কেননা মক্কার মতো এমন পবিত্র স্থানে সবার নিরাপত্তা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। 

Logo