গত দুই দশকে পাঁচ গুণ বেড়েছে বাহরাইনের অর্থনীতি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ২১:০৫
বাহরাইনের জাতীয় অর্থনীতি বিষয়ক উপসচিব মরিয়ম আল আনসারি জানিয়েছেন, গত দুই দশকে দেশের অর্থনীতি পাঁচ গুণের বেশি বৃদ্ধি পেয়েছে। ২০০০ সালে যেখানে জিডিপি ছিল প্রায় ৯ বিলিয়ন মার্কিন ডলার, ২০২৪ সালের শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ বিলিয়ন ডলারেরও বেশি। উৎপাদন ও সেবা খাতের ধারাবাহিক উন্নয়ন এই প্রবৃদ্ধিকে সম্ভব করেছে।
তিনি উল্লেখ করেন, ২০০৫ থেকে ২০২৪ সালের মধ্যে সরকারি ও বেসরকারি খাতে কর্মরত বাহরাইনি নাগরিকদের গড় মাসিক আয় প্রায় দ্বিগুণ হয়েছে। এটি প্রমাণ করে যে কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে নাগরিকদের অগ্রাধিকার দেওয়ার নীতি কার্যকর হয়েছে।
আল আনসারি বলেন, এই সাফল্য এসেছে মহামান্য রাজা হামাদ বিন ইসা আল খলিফা এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খলিফার নেতৃত্বে গৃহীত উন্নয়ন যাত্রার অংশ হিসেবে।
তিনি আরো জানান, সরকারি ও বেসরকারি খাতের চলমান সহযোগিতা জাতীয় অর্থনীতিকে টেকসই ভিত্তিতে আরো শক্তিশালী করবে। এর ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে, নাগরিকদের আয় বৃদ্ধি পাবে এবং উন্নয়নের সুযোগ আরো বিস্তৃত হবে।
logo-1-1740906910.png)