মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৫ ডিসেম্বর ২০২৫
সামাজিক মাধ্যমে অপমানে আমিরাতে ২০ হাজার দিরহাম জরিমানা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ১৮:২৫
বাহরাইন
পোস্টাল ব্যালটের নিবন্ধনের সময়সীমা বেড়েছে
নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে প্রবাসীদের পোস্টার ব্যালটে নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ফলে বাহরাইনে থাকা প্রবাসী বাংলাদেশিরা ভোটের নিবন্ধন করতে আরো কিছুদিন সময় পাবেন। নির্বাচন কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৫ ডিসেম্বর পর্যন্ত ৭ লাখ ১৭ হাজার ২১৭ জন নিবন্ধন সম্পন্ন করেছেন।
নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, ২৫ ডিসেম্বর দুপুর ২টা পর্যন্ত বাহরাইন থেকে ১১ হাজার ৩৭৪ জন প্রবাসী পোস্টাল ব্যালটে নিবন্ধন করেছেন। মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার প্রবাসী বাংলাদেশি নিবন্ধন করেছেন। সৌদির পরেই রয়েছে কাতার, ওমান, মালয়েশিয়া, সুংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, কুয়েত ও যুক্তরাজ্যের অবস্থান। প্রবাসীদের পোস্টার ব্যালটে নিবন্ধনের তালিকায় বাহরাইনের অবস্থান ১৩তম।
সংযুক্ত আরব আমিরাত
সামাজিক মাধ্যমে অপমানে ২০ হাজার দিরহাম জরিমানা
সংযুক্ত আরব আমিরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আরেকজনকে অবমাননা করলে গুরুতর আইনি পরিণতি হতে পারে। আবুধাবির ফ্যামিলি, সিভিল ও অ্যাডমিনিস্ট্রেটিভ কেসেস কোর্ট সম্প্রতি এক মামলায় একজন ব্যক্তিকে সামাজিক মাধ্যমের অপদস্ত মন্তব্যের কারণে ২০ হাজার দিরহাম ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন।
গালফ নিউজের খবরে বলা হয়েছে, অভিযোগকারী দাবি করেছিলেন যে অভিযুক্ত ব্যক্তি তার বিরুদ্ধে অনলাইনে এমন ভাষা ব্যবহার করেছে, যা তার সম্মান ও অবস্থান ক্ষুণ্ন করেছে। মামলায় অভিযোগকারী ১ লাখ দিরহাম পর্যন্ত ক্ষতিপূরণ চান। আদালত যদিও বড় অঙ্ক মঞ্জুর করেনি, তবুও অভিযোগকারীর সম্মান ক্ষুণ্ন হওয়ায় ২০ হাজার দিরহাম দেওয়ার রায় দিয়েছেন।
এর আগে অপর ব্যক্তিকে একই ধরনের অপরাধে দোষী সাব্যস্ত করে ৫ হাজার দিরহাম জরিমানা এবং অস্থায়ী ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল, যা পরবর্তী সময়ে নাগরিক মামলার প্রমাণ হিসেবে বিবেচিত হয়েছে।
এই রায় থেকে স্পষ্ট হয়েছে, ইউএইতে অনলাইনে অবমাননাকর মন্তব্য করা শুধু সামাজিকভাবে ভুল নয়, আইনের দিক থেকেও অপরাধ হতে পারে এবং এ জন্য অর্থাদিতে বড় জরিমানাসহ অন্যান্য আইনি ফলাফলের সম্মুখীন হতে পারে। ফলে এ নিয়ে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকা উচিত।
কুয়েত
কুয়েতে এনার্জি ড্রিংকস বিক্রিতে কড়াকড়ি আরোপ
কুয়েতে এনার্জি ড্রিংকস বিক্রিতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। একই সাথে এনার্জি ড্রিংকসের বিক্রিতে শক্তিশালী নিয়ন্ত্রণ আরোপ করেছে দেশটি। নতুন নিয়মে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যেমন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং সরকারি দপ্তর, ক্যাফে ও রেস্তোরাঁ, মুদি দোকান, ভেন্ডিং মেশিন বা ডেলিভারি সেবায় এনার্জি ড্রিংকস বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ১৮ বছরের নিচে কেউ এনার্জি ড্রিংকস কিনতে পারবে না, বিক্রিও করা যাবে না। প্রতিদিন প্রত্যেক ব্যক্তি সর্বোচ্চ দুই টিন পর্যন্তই নিতে পারবে এবং প্রতিটি টিনে ক্যাফেইন থাকতে পারবে সর্বোচ্চ ৮০ মিলিগ্রাম। কুয়েতে এনার্জি ড্রিংকস বিক্রির জন্য প্রচার ও বিজ্ঞাপন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। দেশটির সরকার মনে করছে, যুবক ও তরুণদের মধ্যে এনার্জি ড্রিংকস অতিরিক্ত ব্যবহারের মাধ্যমে সৃষ্টি হতে পারে হৃদরোগ; ঘুমে ব্যাঘাত ও স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। কুয়েতের নতুন আইন এসব সমস্যা কমাতে সাহায্য করবে। কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের এনার্জি ড্রিংকস নিয়ে সরকারের নতুন নির্দেশনা মেনে চলা উচিত বলেই মনে করেন প্রবাসী বাংলাদেশিরা।
logo-1-1740906910.png)