মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৭ ডিসেম্বর ২০২৫
১৬ ডিসেম্বর ঘিরে বাহরাইনে আনন্দ আয়োজন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১৯:৩০
বাহরাইন
১৬ ডিসেম্বর ঘিরে বাহরাইনে আনন্দ আয়োজন
বাহরাইনে বাংলাদেশ ইয়ুথ ক্লাব ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস ও বাহরাইনের জাতীয় দিবসে বড় ধরনের রেলির আয়োজন করেছে, যা সাড়া ফেলেছে বাহরাইনে। দেশটির গণমাধ্যম দ্য ডেইলি ট্রিবিউন সেই খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে।
৭০টি গাড়ি এই রেলিতে অংশ নেয়, যা বাসাইটিন থেকে শুরু হয়ে বাহরাইন বে, সিফ এলাকা দিয়ে হামাদ টাউনের রাউন্ড অ্যাবাউন্টে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানের শুরুতেই বাহরাইন এবং বাংলাদেশের জাতীয় সংগীত বাজানো হয় এবং উভয় দেশের পতাকা প্রদর্শন করা হয়। ইয়ুথ ক্লাবের এই আয়োজনের মূল উদ্দেশ্য বাহরাইনে বসবাসকারী প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মাঝে সম্প্রীতি ও একতা বৃদ্ধি করা এবং দুই দেশের সংস্কৃতি ও বন্ধুত্বকে অরো শক্তিশালী করে তোলা।
এদিকে, বাহরাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসেও মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার। দূতাবাসের কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশিরাও এতে অংশ নেন।রাষ্ট্রদূত বাহরাইন প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং একটি সমৃদ্ধ, উন্নত ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে একসাথে কাজ করার কথা বলেন।
কুয়েত
কুয়েতে ৫৮৯টি ফুড ট্রাকের লাইসেন্স বাতিল
কুয়েতে ৫৮৯টি মোবাইল ফুড ট্রাকের লাইসেন্স বাতিল করেছে দেশটির সরকার। কুয়েতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, এসব ফুড ট্রাকের লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, তারা এখন এসব ফুড ট্রাকের লাইসেন্স পুনর্বিবেচনা করার সুযোগ পাবেন। এসব ফুড ট্রাকে অনেক সময় কাজ করে থাকেন প্রবাসী কর্মীরা। বিপুল সংখ্যক ফুড ট্রাকের লাইসেন্স বাতিলের কারণে অসুবিধায় পড়বেন বিভিন্ন দেশের প্রবাসীরা কর্মীরা।
তবে দেশটির কর্তৃপক্ষ বলছে, তাদের মূল উদ্দেশ্য হলো এই ব্যবসা পরিচালনার পরিবেশকে আরো নিয়মিত করা এবং সবাইকে সমান সুযোগ দেওয়া। বিবৃতিতে আরো জানানো হয়, মন্ত্রণালয় চাইছে যাদের ইতোমধ্যেই লাইসেন্স আছে, তাদের উচিত স্মার্ট লাইসেন্সের জন্য আবেদন করা। এই লাইসেন্স পেলে তা ফুড ট্রাকে স্পষ্টভাবে প্রদর্শন করতে হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে অকার্যকর লাইসেন্সগুলো বাজার থেকে দ্রুত সরানো যাবে এবং যারা ব্যবসায় সৎভাবে জড়িত, তাদের জন্য আরো সুযোগ তৈরি হবে।
সংযুক্ত আরব আমিরাত
২০২৬ সালে আমিরাতে রোজার ঈদ ২০ মার্চ
২০২৬ সালে সংযুক্ত আরব আমিরাত মুসলমানদের গুরুত্বপূর্ণ দুই ঈদের সম্ভাব্য তারিখ ও দীর্ঘ ছুটির তালিকা প্রকাশ করেছে। গালফ নিউজের খবরে বলা হয়েছে, আমিরাতে রোজার ঈদ বা ইদুল ফিতরের সম্ভাব্য তারিখ ২০ মার্চ শুক্রবার। যার কারণে ২০২৬ সালের ১৯ থেকে ২২ মার্চ ৩-৪ দিনের ছুটি পেতে পারেন দেশটির নাগরিক ও বাসিন্দারা। সেই হিসাবে বাংলাদেশে রোজার ঈদ হতে পারে ২১ মার্চ শনিবার।
আর কোরবানির ঈদ বা ঈদুল আজহার ছুটি হতে পারে ২৬ মে মঙ্গলবার। সে ক্ষেত্রে কোরবানি ঈদের ছুটি হতে পারে ২৬ মে থেকে ২৯ মে পর্যন্ত। সংযুক্ত আরব আমিরাতে এটিই হবে ২০২৬ এর সবচেয়ে বড় ছুটি। তবে এই ছুটি পুরোটাই চাঁদ দেখার ওপর নির্ভরশীল। চাঁদ দেখা গেলে তা পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।
সৌদি আরব
সৌদিতে হজ পরিবহনের নিয়ম ভঙ্গে বিপুল জরিমানা
সৌদি আরবে হজ পরিবহনের নিয়ম ভঙ্গ করলে সর্বোচ্চ এক লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে। গুরুতর নিয়ম ভঙ্গ করলে লাইসেন্স স্থায়ীভাবে বাতিল বা ১-৩ বছর পর্যন্ত ব্যান করার বিধান করা হয়েছে। সৌদির হজ মন্ত্রণালয় জানিয়েছে, অনুমোদিত লাইসেন্স ছাড়া কেউ পরিবহন সেবা দিতে পারবে না। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নির্দিষ্ট এলাকার মধ্যে হজ পরিবহন পরিষেবা পরিচালনা করা যাবে না।
হজ পরিবহন সেবা প্রদানকারীদের জানানো হয়েছে, হজের সময় অপারেশন চলাকালীন ব্যবহৃত যানবাহন বিকল হওয়ার সাথে সাথেই শহর এবং শহরতলির মধ্যে এক ঘণ্টার মধ্যে হাজিদের বিকল্প পরিবহনের ব্যবস্থা করতে হবে। শহরের বাইরে হলে তার সময়সীমা দুই ঘণ্টা হবে। যদি সেবা প্রদানকারীরা তা করতে ব্যর্থ হয়, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি বিকল্প পরিবহন ব্যবস্থা প্রদান করবে এবং পরিষেবা প্রদানকারীকে এ জন্য খরচ বহন করতে হবে।
logo-1-1740906910.png)