মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৬ জুলাই ২০২৫
আমিরাতে লটারি জিতলেন বাংলাদেশের তরুণ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ২০:৫৯
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে লটারি জিতলেন বাংলাদেশের তরুণ
প্রথমবারের চেষ্টায় লটারিতে আমিরাতের শারজাহর এক প্রবাসী বাংলাদেশি ৫০ হাজার দিরহাম জিতেছেন। টাকার অঙ্কে তা আনুমানিক ১৬ লাখ ৬৪ হাজার টাকা। গালফ নিউজের খবরে বলা হয়েছে, ২২ বছর বয়সী প্রবাসী বাংলাদেশি তরুণের নাম খোরশেদ আলম। তিনি চার বছর ধরে শারজাহতে বসবাস করছেন। বিগ টিকিট লটারিতে প্রথমবারের চেষ্টায় ৫০ হাজার দিরহাম জেতায় তিনি রোমাঞ্চিত ও আনন্দিত। খোরশেদ মূলত অন্য ২০ জনকে সাথে নিয়েই এই লটারি কিনেছিলেন। উদ্যোক্তাদের খোরশেদ জানিয়েছেন, লটারিতে পাওয়া টাকা অংশীদারদের মধ্যে ভাগ করে দেবেন। খোরশেদ বলেন, ভাগ্য সহায় থাকলে যে কোনো কিছু সম্ভব, তাই তিনি ঝুঁকি নিয়েছেন।
সৌদি আরব
বিদেশিরাও কি মক্কা-মদিনায় সম্পত্তি কিনতে পারবেন?
সৌদি আরবে বৈধভাবে বসবাসকারী বিদেশি ব্যক্তিরা ব্যক্তিগত আবাসনের উদ্দেশ্যে সীমাবদ্ধ এলাকার বাইরে একটি আবাসিক সম্পত্তির মালিক হতে পারবেন। তবে এটি মক্কা ও মদিনার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সৌদি গেজেটের এক রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে। জুলাই মাসের শুরুতে মন্ত্রিসভার অনুমোদনের পর সৌদি আরব আনুষ্ঠানিকভাবে অ-সৌদিদের রিয়েল এস্টেট মালিকানা নিয়ন্ত্রণকারী তার নতুন আইনের সম্পূর্ণ বিবরণ প্রকাশ করেছে। ২৫ জুলাই সরকারি গেজেটটি প্রকাশের ১৮০ দিন পর কার্যকর হবে। এই অধিকারগুলোর মধ্যে রয়েছে সম্পত্তির ব্যবহার, ইজারা এবং অন্যান্য রিয়েল এস্টেট স্বার্থ। তবে অবস্থান, সম্পত্তির ধরন এবং ব্যবহারের উপর ভিত্তি করে মালিকরা বিভিন্ন নিয়ন্ত্রণ ও বিধিনিষেধের আওতার মধ্যে থাকবেন। আইনের একটি গুরুত্বপূর্ণ বিধান অনুসারে, রিয়েল এস্টেট জেনারেল অথরিটির প্রস্তাব এবং অর্থনৈতিক ও উন্নয়নবিষয়ক কাউন্সিলের অনুমোদনক্রমে সৌদি মন্ত্রিপরিষদ বিদেশি মালিকানার জন্য অনুমোদিত অঞ্চলগুলো নির্ধারণ করবে। মালিকানার শতাংশ এবং কত সময় ধরে তারা সম্পত্তির মালিক থাকবেন, তাও নির্ধারণ করবে। এছাড়া কেউ যদি আইন বা নিয়ম ভঙ্গ করেন বা মিথ্যা তথ্য দেন, তবে তাকে ১০ মিলিয়ন রিয়াল পর্যন্ত জরিমানা করারও বিধানও রাখা হয়েছে।
কুয়েত
মাদক ও আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চলছে
মাদক ব্যবহার, চোরাচালান আর আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে এক অভিযানে কুয়েতে দুই এশীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তবে এই দুই এশিয়ান কোন দেশের নাগরিক বা তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। কুয়েত টাইমসের খবরে বলা হয়েছে, এই অভিযানে ৫২ জন সন্দেহভাজনকে ধরা হয়েছে, যাদের মধ্যে ৩০ জন পুরুষ এবং ২২ জন মহিলা। অন্য আরেক অভিযানে ৪০ লাখ ক্যাপ্টাগন মাদকের এক চালান ধরতে সক্ষম হয়েছে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী। মাদকগুলো পানি পরিশোধনের পাইপের ভেতরে কৌশলগতভাবে লুকিয়ে রাখা হয়েছিল। পৃথক অভিযানে মন্ত্রণালয় ছয়টি আবাসিক এলাকা- মিশরেফ, জাবের আল-আলি, নাহদা, ফাইহা, সাদ আল-আবদুল্লাহ এবং কুসুরে পরিচালিত একটি বড় মদ উৎপাদন ও বিতরণ নেটওয়ার্ক ভেঙে দিয়েছে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী।
logo-1-1740906910.png)