Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদির রিয়াদে বেড়ে গেছে অপহরণ, আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৫, ১২:৩৩

সৌদির রিয়াদে বেড়ে গেছে অপহরণ, আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা

সৌদি আরবের রিয়াদে প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত এলাকায় বেড়ে গেছে অপহরণ, চাঁদাবাজি আর ছিনতাইয়ের মতো ঘটনা। গেল কয়েক মাসে তিনটি অপহরণের ঘটনা ঘটেছে। ঘটেছে মুক্তিপণ আদায়ের মতো ঘটনাও। 

গত ১৯ এপ্রিল গভীর রাতে রিয়াদের হায়েল উজারা বা হারা এলাকায় ব্যবসায়ী আব্বাস উদ্দিনের বাসায় ঢুকে পড়ে বাংলাদেশি কিছু দুষ্কৃতিকারী। দুষ্কুতিকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন আব্বাস উদ্দিন ও তার এসএসসি পরীক্ষার্থী ছেলে শাহরিয়ার। লুট করে নিয়ে যায় বাসায় থাকা মালপত্র ও নগদ অর্থ। আহত অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে পরীক্ষা দিচ্ছে শাহরিয়ার।  

আহত আব্বাস উদ্দিনের ছোট ভাই লক্ষ্মীপুর জেলা কমলনগর উপজেলার ৫নং চর পলকন ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন মাইগ্রেশন কনসার্নকে জানান, ঘটনাটি সম্পর্কে তিনিও জানতে পেরেছেন। সৌদিতে তার ভাইয়ের বাসায় ঘটে যাওয়া ঘটনার বিষয়ে স্থানীয় পুলিশ দেখভাল করছে। তবে এর বাইরে তিনি কিছু বলতে রাজি হননি।

অন্যদিকে,  সৌদি আরবের রিয়াদে থাকা লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলার কেতুড়ী গ্রামের রিয়াদ প্রবাসী নুর আলম সবুজ অপহরণের শিকার হয়েছিলেন। রিয়াদে এক প্রেস কনফারেন্সে তিনি অভিযোগ জানিয়ে বলেন, অপহরণকারীরা তাকে শারীরিক নির্যাতন করেছে। তার পরিবারের কাছ থেকে বাংলাদেশে বিকাশ এবং বিভিন্ন মাধ্যমে ১০ লাখ টাকা মুক্তিপণ আদায় শেষে তাকে মুক্তি দিয়েছে।

নূর আলম সবুজ জানান, তিনি রিয়াদের একজন ট্যাক্সিচালক। কয়েক দিন আগে রিয়াদের ইশারা খাজ্জান মেট্রো স্টেশনে যাত্রী তুলে দেন। পরে সেই যাত্রীরাই তাকে অপহরণ করে। তাৎক্ষণিকভাবে অপহরণকারীরা তার কাছে থাকা ১৬ হাজার ২৫০ রিয়াল ছিনিয়ে নেয়। তারা দেশ থেকে আরো পাঁচ লাখ টাকা জোগাড় করে দিতে বলে। সেই টাকা দেশ থেকে জোগাড় করে অপহরণকারীদের বিকাশ নম্বরে দেন সবুজ। ‘হুমকি দেয়া হয় যাতে বিকাশ নম্বরে ফোন করে কোনো প্রকার ইনকোয়ারি করা না হয়’ অভিযোগ করেন সবুজ। সম্পূর্ণ টাকা দেয়ার পর সবুজকে ছেড়ে দেয়া হয়। নূর আলম সবুজ সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের কাছে দাবি করেন, যাতে অপহরণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সৌদি সরকার তৎপর হয়।    

সৌদি আরবের রিয়াদে দিন দিন অপহরণ, ছিনতাই, চাঁদাবাজি বেড়ে চলেছে বলেও অভিযোগ করেন প্রবাসী বাংলাদেশিরা। দেশের ভাবমূর্তি রক্ষার্থে সৌদি আরবের রিয়াদে সংঘটিত এসব অপরাধ বন্ধ করার জন্য দাবি করেছেন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের সহযোগিতাও কামনা করেছেন তারা। 

রিয়াদ প্রবাসী সংবাদ কর্মীরা বলছেন, বাংলাদেশি দুষ্কৃতিকারীদের মাধ্যমে এভাবে ছিনতাই, অপহরণ চলতে থাকলে সৌদি আরবে ৩২ লক্ষ প্রবাসী বাংলাদেশির ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়বে। এ ব্যাপারে এখনই দূতাবাস কঠোর পদক্ষেপ না নিলে একদিকে বাংলাদেশ যেমন শ্রমবাজার হারাবে, অন্যদিকে প্রবাসী বাংলাদেশিদের সৌদি আরব থেকে চলে যেতে হবে। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অপরাধী দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ দূতাবাস ও সৌদি প্রশাসন যৌথভাবে কাজ করলে এই সমস্যার সমাধান হবে বলে মনে করছেন প্রবাসীরা।

মাইগ্রেশন কনসার্ন রিপোর্ট।

Logo