Logo
×

Follow Us

আফ্রিকা

মিসরে পুলিশি অভিযানে শতাধিক বাংলাদেশি আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১৫:৪৭

মিসরে পুলিশি অভিযানে শতাধিক বাংলাদেশি আটক

মিসরের আলেকজান্দ্রিয়া, ইসমায়েলিয়া, পোর্ট সাঈদসহ বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে শতাধিক বাংলাদেশিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটক ব্যক্তিদের অধিকাংশই বৈধ ভিসা ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই মিশনে অবস্থান করে বিভিন্ন পোশাক কারখানায় কাজ করছিলেন বলে জানা গেছে।

এদিকে চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের অনিয়মিত পথে মিসরে নেয়া এবং তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে একটি দালাল চক্রের বিরুদ্ধে।

আটক ব্যক্তিদের মধ্যে ইসমায়েলিয়া অঞ্চলের আবু-সুইর থানায় সুলেমান নামের এক বাংলাদেশি দালালসহ মোট ৯ জন রয়েছেন। অভিযোগ রয়েছে, সুলেমান চাকরির মিথ্যা আশ্বাস দিয়ে বাংলাদেশ থেকে অনিয়মিত পথে শ্রমিকদের মিসরে নিয়ে আসতেন। পরে বিভিন্ন কারখানায় কাজ দেয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে ২০০ ডলার করে আদায় করতেন।

অভিযোগ অনুযায়ী, শ্রমিকরা কারখানায় যোগ দেয়ার কিছুদিন পর সংশ্লিষ্ট ফ্লোর ইনচার্জের সাথে যোগসাজশ করে সুলেমান তাদের চাকরিচ্যুত করাতেন। এরপর অন্য কারখানায় কাজ দেয়ার কথা বলে আবারো প্রত্যেকের কাছ থেকে ২০০ ডলার করে নিতেন।

সম্প্রতি আরো আটজন চাকরিপ্রত্যাশীকে নিয়ে একটি কারখানায় যাওয়ার পথে স্থানীয় পুলিশের হাতে আটক হন সুলেমান। আটক ব্যক্তিদের কারো কাছেই মিসরে অবস্থানের বৈধ কাগজপত্র ছিল না বলে জানা গেছে।

এদিকে গত সপ্তাহে বন্দরনগরী আলেকজান্দ্রিয়ার বুর্জ আল-আরব এলাকায় মাদকবিরোধী অভিযানসহ পৃথক পুলিশি অভিযানে অন্তত ৪২ বাংলাদেশিকে আটক করা হয়েছে। এর মধ্যে একটি অভিযানে ১২ জন বাংলাদেশি আটক হন। আইনানুগ প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে বলে বাংলাদেশ দূতাবাসের একটি সূত্র জানিয়েছে।

আলেকজান্দ্রিয়া, ইসমায়েলিয়া, পোর্ট সাঈদ ও আশার রামাদান শহরে বাংলাদেশিদের আটকের খবর ছড়িয়ে পড়ায় দেশটিতে বসবাসরত প্রবাসীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানরত শ্রমিকেরা গ্রেপ্তার আতঙ্কে চলাফেরা সীমিত করছেন বলে জানা গেছে।

কায়রোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের শ্রম উইং সূত্রে জানা গেছে, ২০১৫ সাল থেকে মিসরে বাংলাদেশি শ্রমিকদের জন্য সাধারণভাবে ওয়ার্ক পারমিট দেয়া বন্ধ রয়েছে। তবে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে কিছু কারখানায় বাংলাদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট পাওয়ার সুযোগ রয়েছে।

এ ক্ষেত্রে বীমার আওতাভুক্ত কারখানাগুলোকে নির্ধারিত কোটা, মিসরের শ্রম মন্ত্রণালয়ের চাহিদা এবং অন্যান্য প্রযোজ্য শর্ত পূরণ করে বাংলাদেশ দূতাবাসে আবেদন করতে হয়।

দূতাবাস থেকে প্রয়োজনীয় নোট ভারবাল সংগ্রহের পর বিশেষ বিবেচনায় এবং প্রচলিত আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট বাংলাদেশি কর্মীদের ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করা যেতে পারে।

তবে এসব নিয়মের বাইরে একশ্রেণির অসাধু বাংলাদেশি দালাল ও মানব পাচারের সাথে জড়িত ব্যক্তিরা চাকরির প্রলোভন দেখিয়ে অনিয়মিত পথে শ্রমিকদের মিসরে নিয়ে আসছেন বলে অভিযোগ রয়েছে। পরে এসব শ্রমিক কর্মসংস্থান, বৈধ কাগজপত্র ও নিরাপত্তাহীনতার সংকটে পড়ছেন। অনেক ক্ষেত্রে চাকরি দেয়ার নামে অর্থ হাতিয়ে নিয়ে তাদের অনিশ্চয়তার মধ্যে ফেলে রাখা হচ্ছে।

চাকরির প্রলোভনে অর্থ হাতিয়ে নেয়া এবং অনিয়মিত পথে শ্রমিক আনার সঙ্গে জড়িত দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন মিশনে বসবাসরত বাংলাদেশিরা।

Logo