Logo
×

Follow Us

বিশ্ব

মালয়েশিয়ায় ইমিগ্রেশন পাসের শর্ত ভাঙার শীর্ষে বাংলাদেশিরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১৭:৫৭

মালয়েশিয়ায় ইমিগ্রেশন পাসের শর্ত ভাঙার শীর্ষে বাংলাদেশিরা

মালয়েশিয়ায় ইমিগ্রেশন পাসের শর্ত লঙ্ঘনের ঘটনায় বিদেশিদের মধ্যে শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। ২০২৩ সাল থেকে ২০২৬ সালের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশিদের বিরুদ্ধে এ ধরনের ৬ হাজার ৮৯৮টি ঘটনা নথিভুক্ত করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল ২৫ নভেম্বর দেশটির পার্লামেন্টে লিখিত জবাবে এ তথ্য জানান। তার দেয়া পরিসংখ্যানে দ্বিতীয় অবস্থানে থাইল্যান্ডের নাগরিকরা। দেশটির ৪ হাজার ৮৫৬ জন নাগরিক ভিসার শর্ত লঙ্ঘন করেছেন। এছাড়া ইন্দোনেশিয়ার ২ হাজার ১৫৪, চীনের ১ হাজার ২০৭, ভিয়েতনামের ১ হাজার ৪৬, পাকিস্তানের ৮২৩, মিয়ানমারের ৫৩১, ভারতের ৫০০, নেপালের ৩২৮, লাওসের ১৭২ এবং ফিলিপাইনের ১৫৭ জন নাগরিকের নাম রয়েছে তালিকায়। সব মিলিয়ে এ সময়ে ইমিগ্রেশন আইন লঙ্ঘনের ১৮ হাজার ৮৩৮টি ঘটনা রেকর্ড করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সামাজিক ভ্রমণ পাস কিংবা ভিসামুক্ত সুবিধায় মালয়েশিয়ায় প্রবেশ করে কোনো বিদেশি নাগরিকের কাজ করা বা ব্যবসা পরিচালনার অনুমতি নেই। বৈধ ওয়ার্ক পারমিট ও প্রয়োজনীয় পাস ছাড়া বাণিজ্যিক কার্যক্রম এবং খুচরা ব্যবসা পরিচালনা সম্পূর্ণ নিষিদ্ধ। এসব কর্মকাণ্ডে জড়িত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মালয়েশিয়ায় পর্যটক বা সামাজিক ভ্রমণ ভিসায় প্রবেশ করে কাজ বা ব্যবসা পরিচালনা, অনুমোদিত কাজের বাইরে অন্য পেশায় যুক্ত হওয়া কিংবা ভিসার নির্ধারিত শর্ত ও মেয়াদ লঙ্ঘনের মাধ্যমে বিদেশিরা ইমিগ্রেশন পাসের নিয়ম ভাঙেন।

বিভিন্ন চেম্বার অব কমার্সের অভিযোগের পরিপ্রেক্ষিতে অবৈধ কাজ ও ব্যবসা বন্ধে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত দেশজুড়ে ৫ হাজার ৫৩টি অভিযান পরিচালনা করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। এসব অভিযানে বৈধ কাগজপত্র ছাড়া বিদেশি কর্মী নিয়োগ দেয়ার অভিযোগে ৮০১ জন নিয়োগকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

অভিযানের বিস্তারিত তুলে ধরে মন্ত্রী জানান, বিশেষ অভিযান ‘অপারেসি সেলেরা’র আওতায় ৭৫৯টি অভিযান চালিয়ে ২ হাজার ৩৩৮ জনকে আটক করা হয়েছে। ‘অপারেসি বেলাঞ্জা’র ৪০৯টি অভিযানে আটক হয়েছেন ৫৮৯ জন এবং ‘অপারেসি জাজা’র ৭৫টি অভিযানে আটক করা হয়েছে ৯০ জন অবৈধ অভিবাসীকে।

নিয়মিত অভিযানের পাশাপাশি অভিবাসন কর্মকর্তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সার্বক্ষণিক নজরদারি ও পরিদর্শন চালাচ্ছেন। এ সময় প্রতিষ্ঠানগুলোর মালিক ও নিয়োগকর্তাদের অভিবাসন আইন মেনে চলার বিষয়ে সতর্ক করা হচ্ছে।

এছাড়া অভিবাসন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ এবং অভিবাসন বিধিমালা ১৯৬৩ অনুযায়ী অপরাধী নিয়োগকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সব রাজ্যের অভিবাসন বিভাগকে অভিযান বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়া হয়েছে।

Logo