রুশ বাহিনীতে বাংলাদেশিদের নিয়োগের অভিযোগ, ইউক্রেনের তদন্ত শুরু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১৭:১০
প্রতীকী ছবি: এআই দিয়ে বানানো
বেসামরিক চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিককে রুশ সামরিক বাহিনীতে নিয়োগের অভিযোগে ফৌজদারি তদন্ত শুরু করেছে ইউক্রেন। এ ঘটনায় বাংলাদেশের সাথে তদন্তে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। একই সাথে বাংলাদেশি নিয়োগকারী প্রতিষ্ঠান ও মধ্যস্থতাকারীদের ভূমিকা খতিয়ে দেখারও দাবি উঠেছে।
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় গত ৬ নভেম্বর বিদেশি নাগরিকদের রুশ সামরিক বাহিনীতে নিয়োগ ও পাচারের অভিযোগে এ তদন্ত শুরু করে। ২৪ নভেম্বর বিষয়টি সামনে আসার পর মানবাধিকার সংগঠন ফোর্টিফাই রাইটস ও ট্রুথ হাউন্ডস তদন্তের উদ্যোগকে স্বাগত জানায়। সংগঠন দুটি বলছে, চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশি নাগরিকদের রাশিয়ায় নেয়া এবং পরে তাদের যুদ্ধে পাঠানোর অভিযোগের পূর্ণাঙ্গ অনুসন্ধানে সংশ্লিষ্ট দেশগুলোর সহযোগিতা প্রয়োজন।
ইউক্রেনের তদন্তে বিশেষভাবে খতিয়ে দেখা হবে, রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি বা কর্মকর্তারা বিদেশি নাগরিকদের নিয়োগ, পরিবহন এবং সামরিক কাজে ব্যবহারের সাথে যুক্ত ছিলেন কিনা। দেশটির ভারপ্রাপ্ত প্রসিকিউটর জেনারেল আন্তন কোভালস্কি জানিয়েছেন, মানব পাচারে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের উপযোগী তথ্য-প্রমাণ সংগ্রহও তদন্তের অন্যতম লক্ষ্য।
১০৪ বাংলাদেশি নিয়োগের তথ্য
বাংলাদেশিদের রুশ সামরিক বাহিনীতে নিয়োগের বিষয়টি নিয়ে চলতি বছরের মার্চে যৌথ অনুসন্ধান চালায় ফোর্টিফাই রাইটস ও ট্রুথ হাউন্ডস। তাদের প্রতিবেদনে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত অন্তত ১০৪ বাংলাদেশিকে রুশ সামরিক বাহিনীতে নিয়োগের তথ্য পাওয়া যায়। তাদের মধ্যে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সংগঠন দুটি।
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশি তরুণদের একটি অংশকে পরিচ্ছন্নতাকর্মী, কারখানার শ্রমিক, ইলেকট্রিশিয়ান কিংবা নিরাপত্তাকর্মীর মতো বেসামরিক চাকরির প্রলোভন দেখানো হয়েছিল। আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধার আশ্বাসে অনেকে বিদেশযাত্রায় রাজি হন। কিন্তু রাশিয়ায় পৌঁছানোর পর তাদের কয়েকজনকে সামরিক স্থাপনায় নিয়ে যাওয়া হয় এবং রুশ ভাষায় লেখা সামরিক চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য করা হয় বলে অভিযোগ রয়েছে।
চুক্তির ভাষা বুঝতে না পারা, পাসপোর্ট ও ব্যক্তিগত নথি আটকে রাখা, হুমকি এবং নির্যাতনের অভিযোগও উঠে এসেছে। পরে স্বল্প সময়ের প্রশিক্ষণ দিয়ে কয়েকজনকে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। সেখানে কেউ নিহত হয়েছেন, কেউ আহত হয়েছেন, আবার কেউ নিখোঁজ বা যুদ্ধবন্দি হয়েছেন।
জাতিসংঘের তদন্তেও বাংলাদেশের নাম
এর আগে গত ২৬ অক্টোবর জাতিসংঘের ইউক্রেনবিষয়ক স্বাধীন তদন্ত কমিশন জানায়, প্রতারণা ও জবরদস্তির মাধ্যমে অন্তত ২৯টি দেশের নাগরিককে রুশ সশস্ত্র বাহিনীতে নিয়োগ করা হয়েছে। কমিশন ৪৮টি দেশের নাগরিকদের নিয়োগসংক্রান্ত তথ্য যাচাই করে এ সিদ্ধান্তে পৌঁছায়। তালিকায় বাংলাদেশের পাশাপাশি ভারত, শ্রীলঙ্কা, ফিলিপাইন, কেনিয়া, নাইজেরিয়া ও উজবেকিস্তানের নাগরিকদের কথাও উল্লেখ করা হয়েছে।
জাতিসংঘের তদন্তে বলা হয়, বিদেশি নাগরিকদের অনেককে ভালো বেতনের বেসামরিক চাকরির প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। পরে তাদের রুশ ভাষায় লেখা সামরিক চুক্তিতে স্বাক্ষর করানো হয়। অনেকের সামরিক প্রশিক্ষণ ছিল মাত্র কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন বা সর্বোচ্চ কয়েক সপ্তাহ। এরপর তাদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। কমিশন বাংলাদেশিদের মধ্যে ঠিক কতজনকে নিয়োগ করা হয়েছে, নিহত হয়েছেন বা নিখোঁজ রয়েছেন, তার নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি।
বাংলাদেশের ভূমিকা চায় মানবাধিকার সংগঠন
ফোর্টিফাই রাইটস ও ট্রুথ হাউন্ডস ইউক্রেনের তদন্তে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছে। তাদের মতে, শুধু রাশিয়ায় থাকা ব্যক্তি বা প্রতিষ্ঠানের ভূমিকা অনুসন্ধান করলেই হবে না; বাংলাদেশে যেসব নিয়োগকারী প্রতিষ্ঠান ও মধ্যস্থতাকারী চাকরির প্রলোভন দেখিয়ে তরুণদের পাঠিয়েছে, তাদের সংশ্লিষ্টতাও তদন্তের আওতায় আনতে হবে।
সংগঠন দুটি ইউক্রেনে আটক বাংলাদেশি যুদ্ধবন্দিদেরও মানব পাচারের শিকার কিনা, তা যাচাই করার আহ্বান জানিয়েছে। গত আগস্টে ইউক্রেনীয় কর্তৃপক্ষের সহযোগিতায় তিন বাংলাদেশি যুদ্ধবন্দির সাক্ষাৎকার নেয়ার সুযোগ পেয়েছিল তারা। এসব ব্যক্তির অবস্থা যাচাই, তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং উপযুক্ত ক্ষেত্রে দেশে ফেরানোর উদ্যোগ নেয়ার ওপরও জোর দিয়েছে মানবাধিকার সংগঠনগুলো।
বাংলাদেশি কর্মীদের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ
রাশিয়ায় চাকরির নামে বাংলাদেশিদের যুদ্ধক্ষেত্রে পাঠানোর অভিযোগ এমন সময়ে সামনে এসেছে, যখন দেশটিতে শ্রমবাজার সম্প্রসারণের বিষয়েও আলোচনা চলছে। মানবাধিকার সংগঠনগুলোর মতে, এ ধরনের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও কার্যকর সুরক্ষা ব্যবস্থা ছাড়া রাশিয়ায় কর্মী পাঠানোর উদ্যোগ নতুন ঝুঁকি তৈরি করতে পারে।
বাংলাদেশি কর্মীদের ক্ষেত্রে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বৈধ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা, রিক্রুটিং এজেন্সির পরিচয় যাচাই এবং বিদেশে যাওয়ার আগে চাকরির চুক্তি ও ভিসার ধরন সম্পর্কে পরিষ্কার ধারণা নেয়া। কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে বেসামরিক চাকরির কথা বলে বিদেশে নিয়ে গিয়ে সামরিক চুক্তিতে স্বাক্ষর করানোর অভিযোগ অত্যন্ত গুরুতর। এ ধরনের প্রতারণা ঠেকাতে বাংলাদেশ ও ইউক্রেনের মধ্যে তথ্য বিনিময়, তদন্তে সহযোগিতা এবং ভুক্তভোগীদের শনাক্ত করে নিরাপদে দেশে ফেরানোর উদ্যোগ জরুরি হয়ে উঠেছে।
logo-1-1740906910.png)