স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১০০ জনের বেশি অভিবাসী পৌঁছেছেন। অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকায় করে পশ্চিম আফ্রিকা থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আসা এসব অভিবাসীর সংখ্যা এক দিনে আগমনের আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এ ঘটনায় দ্বীপপুঞ্জটিতে নতুন করে অভিবাসন সংকটের চাপ তৈরি হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত দেশটির সামুদ্রিক উদ্ধার সংস্থার তথ্য থেকে এ কথা জানা গেছে। এ ঘটনায় দ্বীপপুঞ্জে অভিবাসন পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। চলতি মাসের শুরুতেই আঞ্চলিক সরকার এ পরিস্থিতিকে ‘অসহনীয়’ বলে বর্ণনা করেছিল।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্পেনের সামুদ্রিক উদ্ধার সংস্থার তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক অভিবাসী ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন। এর আগে প্রায় দুই সপ্তাহ আগে এক দিনে সর্বোচ্চ দেড় হাজার অভিবাসীর আগমনের রেকর্ড ছিল।
উদ্ধারকারী সংস্থার তথ্য অনুযায়ী, বিপজ্জনক সমুদ্রযাত্রার সময় একটি নৌকা থেকে এক অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। একই যাত্রাপথে এক নারী সন্তান জন্ম দিয়েছেন। পশ্চিম আফ্রিকা থেকে আসা অধিকাংশ নৌকা ভিড়েছে এল হিয়েরো দ্বীপে। প্রায় ১১ হাজার ৪০০ মানুষের বসবাস এই দ্বীপে। পশ্চিম আফ্রিকা থেকে ইউরোপে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হয়ে উঠেছে দ্বীপটি।
পশ্চিম আফ্রিকা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর আটলান্টিক রুটটি বিশ্বের অন্যতম বিপজ্জনক অভিবাসনপথ হিসেবে পরিচিত। প্রতিবছর হাজার হাজার মানুষ অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকায় করে এই পথ পাড়ি দেয়ার চেষ্টা করেন। উত্তাল সমুদ্র, প্রবল স্রোত এবং দীর্ঘ সমুদ্রপথের ঝুঁকি উপেক্ষা করেই স্পেনের ভূখণ্ডে পৌঁছানোর আশায় তারা এই বিপজ্জনক যাত্রায় নামেন।
রয়টার্স জানায়, শরৎকালে সমুদ্রের পরিস্থিতি তুলনামূলক অনুকূলে থাকায় এ পথে অভিবাসীদের যাত্রা বেড়ে যায়। চলতি বছরের নভেম্বরের শেষ নাগাদ ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানো অভিবাসীর সংখ্যা ২৮ হাজার ১০৩ জনে দাঁড়িয়েছে। গত দুই মাসেই সেখানে পৌঁছেছেন প্রায় ২১ হাজার মানুষ।
এদিকে অভিবাসীদের এই ঢল সামাল দিতে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইউরোপীয় দেশগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি সেনেগাল ও গাম্বিয়ার সঙ্গে সীমান্ত নিয়ন্ত্রণে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি শ্রমিক সংকটে থাকা খাতগুলোর জন্য বৈধ অভিবাসনের পথ উন্মুক্ত রাখার প্রয়োজনীয়তার কথাও বলেছেন।
অভিবাসীদের এই বিপুল আগমন সামাল দিতে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী সংস্থাগুলোর ওপর চাপ বাড়ছে। বিশেষ করে তুলনামূলক কম জনসংখ্যার এল হিয়েরো দ্বীপে আশ্রয়, চিকিৎসা ও অন্যান্য জরুরি সেবা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
উল্লেখ্য, পশ্চিম আফ্রিকা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার সমুদ্রপথটি ইউরোপে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ অভিবাসন রুট। উন্নত জীবন ও কর্মসংস্থানের আশায় প্রতি বছর হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই পথে যাত্রা করেন।
logo-1-1740906910.png)