সাইপ্রাসে বিদেশিদের আবাসিক অনুমতি নবায়নে নতুন নিয়ম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৬
ইউরোপের দেশ সাইপ্রাসে বসবাসরত বিদেশি নাগরিকদের জন্য আবাসিক অনুমতি বা রেসিডেন্স পারমিট (Residence Permit) নবায়নের নিয়মে বড় পরিবর্তন আসছে। আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে নির্দিষ্ট পাঁচ শ্রেণির আবাসিক অনুমতি নবায়নের আবেদন আর সরাসরি অভিবাসন দপ্তরে জমা দেয়া যাবে না। এসব আবেদন করতে হবে দেশটির সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে।
সাইপ্রাসের অভিবাসন বিভাগ জানিয়েছে, সরকারি সেবা ডিজিটাল করার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে দেশটিতে কর্মরত বিদেশি নাগরিক, গৃহকর্মী, বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের কর্মী এবং নির্দিষ্ট শ্রেণির পরিবারের সদস্যদের আবাসিক অনুমতি নবায়নের প্রক্রিয়ায় পরিবর্তন আসবে।
যে পাঁচ ধরনের অনুমতিপত্রে পরিবর্তন
নতুন নিয়মের আওতায় প্রথমত, বেতনভুক্ত চাকরিতে নিয়োজিত বিদেশি কর্মীদের অস্থায়ী আবাসিক অনুমতিপত্র নবায়ন করতে হবে অনলাইনে। দ্বিতীয়ত, গৃহকর্মীদের আবাসিক অনুমতি নবায়নের আবেদনও একই ব্যবস্থায় জমা দিতে হবে।
তৃতীয় শ্রেণিতে রয়েছে বিদেশি স্বার্থসংশ্লিষ্ট কোম্পানিতে কর্মরত বিদেশি নাগরিকদের আবাসিক অনুমতিপত্র। চতুর্থ শ্রেণিতে পড়বে নির্দিষ্ট কিছু পারিবারিক পুনর্মিলনভিত্তিক আবাসিক অনুমতি। বিশেষ করে দীর্ঘমেয়াদি বাসিন্দাদের পরিবারের সদস্য এবং বিদেশি স্বার্থসংশ্লিষ্ট কোম্পানিতে কর্মরত ব্যক্তিদের পরিবারের সদস্যদের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে।
পঞ্চম শ্রেণিতে রয়েছে দীর্ঘমেয়াদি বসবাসের অনুমতিপত্র। এসব শ্রেণির অনুমতিপত্র নবায়নের ক্ষেত্রে ২০২৭ সালের প্রথম দিন থেকে সরাসরি আবেদন গ্রহণ বন্ধ হয়ে যাবে।
কীভাবে আবেদন করতে হবে
সাইপ্রাসের সরকারি ডিজিটাল সেবা পোর্টাল gov.cy-এর মাধ্যমে আবেদন জমা দিতে হবে। এ জন্য আবেদনকারীর একটি যাচাইকৃত ‘সাই-লগইন’ বা CY Login অ্যাকাউন্ট থাকতে হবে। এটি দেশটির সরকারি অনলাইন সেবাগুলো ব্যবহারের জন্য নির্ধারিত ডিজিটাল পরিচয়ব্যবস্থা।
অ্যাকাউন্টে প্রবেশ করে প্রয়োজনীয় আবেদন ফরম পূরণ, সহায়ক নথি সংযুক্ত এবং নির্ধারিত ফি পরিশোধ করা যাবে। আবেদন জমা দেয়ার পর অনলাইনে সেটির অগ্রগতিও পর্যবেক্ষণ করা সম্ভব হবে। অনুমতিপত্র সংগ্রহের স্থান নির্বাচনের সুবিধাও থাকবে।
তবে পুরো প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন হলেও আবেদনকারীদের সব ক্ষেত্রে দপ্তরে যাওয়া থেকে অব্যাহতি দেয়া হচ্ছে না। প্রয়োজন অনুযায়ী স্বাক্ষর ও বায়োমেট্রিক তথ্য দেয়ার জন্য সরাসরি উপস্থিত হতে হবে।
বাংলাদেশি প্রবাসীদের জন্য কী পরিবর্তন আসবে
সাইপ্রাসে কর্মরত বাংলাদেশিদের একটি অংশ চাকরি, গৃহকর্ম এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের ভিত্তিতে আবাসিক অনুমতি নিয়ে বসবাস করেন। তাদের মধ্যে যারা নতুন নিয়মের আওতাভুক্ত পাঁচ শ্রেণির অনুমতিপত্রধারী, তাদের পরবর্তী নবায়নের জন্য অনলাইন ব্যবস্থার সাথে পরিচিত হতে হবে।
বিশেষ করে যাদের আবাসিক অনুমতির মেয়াদ ২০২৭ সালের শুরুতে বা তার পরবর্তী সময়ে শেষ হবে, তাদের আগে থেকেই CY Login অ্যাকাউন্ট তৈরি ও যাচাই করে রাখা প্রয়োজন। আবেদন জমা দেয়ার সময়সীমা ও প্রয়োজনীয় নথি সম্পর্কে সরকারি নির্দেশনা অনুসরণ করাও জরুরি।
তবে সাইপ্রাসে থাকা সব বিদেশি নাগরিকের আবাসিক অনুমতিপত্রের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে না। শিক্ষার্থী, দর্শনার্থী কিংবা অন্যান্য শ্রেণির অনুমতিপত্রের নবায়ন এই পাঁচটি ক্যাটাগরির অন্তর্ভুক্ত নয়।
সাইপ্রাস সরকারের মতে, ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে আবেদন গ্রহণ, ফি পরিশোধ এবং আবেদন পর্যবেক্ষণের প্রক্রিয়া আরো সহজ ও দ্রুত করা সম্ভব হবে। ফলে দেশটিতে বৈধভাবে বসবাসরত বিদেশি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের আবাসিক অনুমতি নবায়নে নতুন পদ্ধতির সাথে আগে থেকেই প্রস্তুত থাকা প্রয়োজন।
logo-1-1740906910.png)