Logo
×

Follow Us

বিশ্ব

কানাডায় চিকিৎসকদের স্থায়ী বসবাসের ৫টি উপায় জানাল আইআরসিসি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১৮:১৬

কানাডায় চিকিৎসকদের স্থায়ী বসবাসের ৫টি উপায় জানাল আইআরসিসি

প্রতীকী ছবি: এআই দিয়ে বানানো

স্বাস্থ্যসেবা খাতে চিকিৎসকের ঘাটতি পূরণে বিদেশে প্রশিক্ষিত চিকিৎসকদের আকৃষ্ট করতে অভিবাসনের একাধিক পথ তুলে ধরেছে কানাডা সরকার। দেশটিতে স্থায়ীভাবে বসবাস ও কাজের জন্য আন্তর্জাতিক চিকিৎসকদের পাঁচটি অভিবাসন কর্মসূচির মাধ্যমে আবেদন করার সুযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে এক্সপ্রেস এন্ট্রি, প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রাম, আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম এবং গ্রামীণ ও ফরাসিভাষী জনগোষ্ঠীকেন্দ্রিক দুটি বিশেষ অভিবাসন উদ্যোগ।

কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (আইআরসিসি) জানিয়েছে, দেশটির স্বাস্থ্য ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে যোগ্য বিদেশি চিকিৎসকদের স্থায়ীভাবে বসবাসের (PR) সুযোগ দেয়া হচ্ছে। এ উদ্যোগের লক্ষ্য শুধু চিকিৎসক নিয়োগ নয়, বরং বিভিন্ন প্রদেশ ও অপেক্ষাকৃত ছোট জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় প্রয়োজনীয় জনবল নিশ্চিত করা।

চিকিৎসকদের জন্য পাঁচটি অভিবাসন পথ

বিদেশি চিকিৎসকদের জন্য প্রথম সুযোগ হলো এক্সপ্রেস এন্ট্রি। এটি কানাডার দক্ষ কর্মীদের স্থায়ী বসবাসের আবেদন ব্যবস্থাপনার একটি কেন্দ্রীয় পদ্ধতি। যেসব চিকিৎসক নির্ধারিত অর্থনৈতিক অভিবাসন কর্মসূচির যোগ্যতা পূরণ করেন, তারা এ ব্যবস্থায় প্রোফাইল তৈরি করে আবেদন করতে পারেন। কানাডায় চিকিৎসক হিসেবে গত তিন বছরের মধ্যে অন্তত এক বছর পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা থাকলে ২০২৬ সালে চালু হওয়া চিকিৎসকদের জন্য বিশেষ ক্যাটাগরির আমন্ত্রণের সুযোগও রয়েছে।

দ্বিতীয় পথ প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রাম (পিএনপি)। কানাডার বিভিন্ন প্রদেশ ও অঞ্চল নিজেদের স্বাস্থ্যসেবার চাহিদা অনুযায়ী বিদেশি চিকিৎসক মনোনয়ন দিতে পারে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রদেশে চিকিৎসক হিসেবে কাজের চাকরির প্রস্তাব অথবা সহায়তাপত্র প্রয়োজন হতে পারে। চিকিৎসকদের মনোনয়নের জন্য প্রাদেশিক ও আঞ্চলিক পর্যায়ে সর্বোচ্চ পাঁচ হাজার ফেডারেল অভিবাসন স্থান সংরক্ষিত রাখার কথা জানিয়েছে কানাডা সরকার। মনোনয়ন পাওয়ার পর স্থায়ী বসবাসের আবেদন প্রক্রিয়াধীন থাকা অবস্থায় কাজ শুরু করার জন্য যোগ্য চিকিৎসকদের ওয়ার্ক পারমিট দ্রুত, ১৪ দিনের মধ্যে প্রক্রিয়াকরণের ব্যবস্থাও রয়েছে।

তৃতীয় সুযোগ আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম (এআইপি)। কানাডার আটলান্টিক অঞ্চলের প্রদেশগুলোতে বসবাস ও কাজ করতে আগ্রহী চিকিৎসকেরা এ কর্মসূচির আওতায় আবেদন করতে পারেন। এ ক্ষেত্রে সাধারণত নির্ধারিত নিয়োগকর্তার কাছ থেকে চাকরির প্রস্তাব প্রয়োজন হয়। পাশাপাশি কর্ম-অভিজ্ঞতা অথবা আটলান্টিক কানাডায় যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার মতো নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে।

চতুর্থ পথ রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট (আরসিআইপি)। কানাডার ছোট ও গ্রামীণ জনগোষ্ঠীতে দক্ষ কর্মীর চাহিদা পূরণে এ কর্মসূচি চালু করা হয়েছে। চিকিৎসকদের ক্ষেত্রে গত তিন বছরের মধ্যে অন্তত এক বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা অথবা যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক হওয়ার শর্ত রয়েছে। পাশাপাশি অংশগ্রহণকারী এলাকার অনুমোদিত নিয়োগকর্তার কাছ থেকে চাকরির প্রস্তাব পেতে হবে।

পঞ্চম সুযোগ ফ্রাঙ্কোফোন কমিউনিটি ইমিগ্রেশন পাইলট (এফসিআইপি)। কানাডার কুইবেক প্রদেশের বাইরে ফরাসিভাষী সংখ্যালঘু জনগোষ্ঠীর এলাকায় বসবাস ও কাজ করতে আগ্রহী দক্ষ কর্মীদের জন্য এ কর্মসূচি। চিকিৎসকদেরও নির্ধারিত কাজের অভিজ্ঞতা বা যোগ্য শিক্ষাগত শর্ত পূরণ করতে হবে। পাশাপাশি ফরাসি ভাষায় যোগাযোগের সক্ষমতা এবং অংশগ্রহণকারী এলাকার অনুমোদিত নিয়োগকর্তার চাকরির প্রস্তাব প্রয়োজন।

বাংলাদেশি চিকিৎসকদের কী যোগ্যতা লাগবে

কানাডার এসব অভিবাসন কর্মসূচিতে আবেদন করার সুযোগ থাকলেও বিদেশি চিকিৎসকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পেশাগত স্বীকৃতি ও লাইসেন্স। শুধু স্থায়ী বসবাসের অনুমতি পেলেই কানাডায় চিকিৎসক হিসেবে রোগী দেখার অধিকার পাওয়া যায় না।

আইআরসিসির নির্দেশনা অনুযায়ী, কানাডায় চিকিৎসা পেশায় কাজ করতে হলে বিদেশে অর্জিত শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা মূল্যায়ন করাতে হবে। একই সাথে যে প্রদেশ বা অঞ্চলে কাজ করতে চান, সেখানকার সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছ থেকে চিকিৎসক হিসেবে লাইসেন্স নিতে হবে। এ প্রক্রিয়ায় যোগ্যতা যাচাই, পরীক্ষা, প্রশিক্ষণ বা অন্যান্য শর্ত পূরণের প্রয়োজন হতে পারে।

তাই বাংলাদেশি চিকিৎসকদের প্রথমেই নিজেদের শিক্ষাগত সনদ, চিকিৎসা পেশায় অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট প্রদেশের লাইসেন্স পাওয়ার শর্ত যাচাই করা প্রয়োজন। এরপর কোন অভিবাসন কর্মসূচির যোগ্যতা তাদের সাথে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ, তা নির্ধারণ করে আবেদনপ্রক্রিয়া শুরু করতে হবে।

সবার জন্য একই সুযোগ নয়

কানাডার পাঁচটি কর্মসূচির শর্ত এক নয়। কোনো কোনো ক্ষেত্রে কানাডায় কাজের অভিজ্ঞতা, কোথাও নির্দিষ্ট নিয়োগকর্তার চাকরির প্রস্তাব, আবার কোনো কর্মসূচিতে ফরাসি ভাষাজ্ঞান প্রয়োজন। ফলে শুধু চিকিৎসক হলেই স্থায়ী বসবাসের অনুমতি নিশ্চিত হবে না।

বাংলাদেশের চিকিৎসকদের জন্য কানাডার এ উদ্যোগ আন্তর্জাতিক কর্মসংস্থানের একটি সম্ভাব্য পথ তৈরি করেছে। তবে অভিবাসন প্রক্রিয়ার পাশাপাশি পেশাগত লাইসেন্স অর্জনের প্রস্তুতিও সমান গুরুত্বপূর্ণ। প্রয়োজনীয় যোগ্যতা, অভিজ্ঞতা ও ভাষাগত দক্ষতা থাকলে আগ্রহীরা কানাডার সরকারি ওয়েবসাইটে নিজেদের উপযোগী কর্মসূচি যাচাই করে আবেদন করতে পারেন।

আবেদনের বিস্তারিত: https://www.canada.ca/en/immigration-refugees-citizenship/services/immigrate-canada/medical-doctors.html

Logo