যুক্তরাজ্যে ভ্রমণে সতর্কতা
১০ হাজার পাউন্ডের বেশি নিলেই জানাতে হবে কর্তৃপক্ষকে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১৭:৫৮
প্রতীকী ছবি: এআই দিয়ে বানানো
যুক্তরাজ্যে যাতায়াতের সময় সাথে ১০ হাজার পাউন্ড বা এর সমমূল্যের বেশি নগদ অর্থ থাকলে কাস্টমস কর্তৃপক্ষকে তা ঘোষণা করতে হবে। ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসে প্রবেশ কিংবা এসব অঞ্চল থেকে অন্য দেশে যাওয়ার ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য। অর্থের পরিমাণ নির্ধারিত সীমায় পৌঁছালে পাউন্ডের পাশাপাশি অন্য যে কোনো মুদ্রা বহন করলেও ঘোষণা দেয়ার বাধ্যবাধকতা রয়েছে।
যুক্তরাজ্য সরকারের নির্দেশনা অনুযায়ী, একজন ভ্রমণকারীর কাছে থাকা অর্থের পাশাপাশি একই পরিবারের বা একসাথে ভ্রমণকারী একটি দলের মোট নগদ অর্থের পরিমাণও বিবেচনায় নেয়া হয়। অর্থাৎ, দলের সদস্যদের কাছে আলাদাভাবে ১০ হাজার পাউন্ডের কম থাকলেও সম্মিলিত অর্থের মূল্য নির্ধারিত সীমায় পৌঁছালে ঘোষণা দিতে হবে।
নগদ অর্থ বলতে শুধু নোট ও কয়েন বোঝায় না; এর মধ্যে বাহক বন্ড, ট্রাভেলার্স চেক এবং নির্দিষ্ট ধরনের স্বাক্ষর করা চেকও অন্তর্ভুক্ত। একাধিক মুদ্রা বহন করলে সেগুলোর সম্মিলিত মূল্য হিসাব করে সীমা নির্ধারণ করা হয়।
যেভাবে জানাতে হবে
ভ্রমণকারীরা অনলাইনে অথবা সীমান্তে কাস্টমস কর্মকর্তাদের অর্থের কথা জানাতে পারেন। যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে নির্ধারিত অনলাইন ফরম পূরণ করে যাত্রার সর্বোচ্চ ৭২ ঘণ্টা আগে এ প্রক্রিয়া সম্পন্ন করা যায়। অনলাইনে জানাতে না পারলে ফোনের মাধ্যমেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগের সুযোগ রয়েছে।
গ্রেট ব্রিটেনে প্রবেশের সময় আগে থেকে ঘোষণা না দিলে নির্দিষ্ট ক্ষেত্রে বিমানবন্দর বা বন্দরের কাস্টমস এলাকায় ‘রেড চ্যানেল’ ব্যবহার করে অর্থের তথ্য জানানো যায়। এ জন্য বর্ডার ফোর্স কর্মকর্তার কাছ থেকে নির্ধারিত কাগজের ফরম নেয়ার সুযোগও রয়েছে। অন্যদিকে, গ্রেট ব্রিটেন থেকে অন্য দেশে যাওয়ার ক্ষেত্রে যাত্রার আগেই অর্থের কথা জানাতে হবে।
নিয়ম না মেনে নির্ধারিত সীমার বেশি অর্থ নিয়ে গেলে বর্ডার ফোর্স কর্মকর্তারা সেই অর্থ জব্দ করতে পারেন। এই নিয়মের লঙ্ঘন হলে অর্থ ফেরত পেতে সর্বোচ্চ ৫ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানাও দিতে হতে পারে।
উত্তর আয়ারল্যান্ডে নিয়ম আলাদা
এ ক্ষেত্রে একটি বিষয় মনে রাখা জরুরি, ১০ হাজার পাউন্ডের নিয়মটি গ্রেট ব্রিটেন, অর্থাৎ ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসের জন্য। উত্তর আয়ারল্যান্ডে নগদ অর্থ নেয়ার ক্ষেত্রে আলাদা বিধান রয়েছে। সেখানে ইউরোপীয় ইউনিয়নের বাইরের কোনো দেশ থেকে প্রবেশের সময় ১০ হাজার ইউরো বা সমমূল্যের বেশি অর্থ নিলে জানাতে হয়। গ্রেট ব্রিটেন থেকে উত্তর আয়ারল্যান্ডে যাওয়ার ক্ষেত্রেও নির্দিষ্ট পরিস্থিতিতে এ সীমা প্রযোজ্য।
বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পড়াশোনা, চাকরি, ব্যবসা কিংবা পারিবারিক প্রয়োজনে যাতায়াতকারী ব্যক্তিদেরও বিষয়টি মাথায় রাখা প্রয়োজন। বিশেষ করে শিক্ষার্থীদের টিউশন ফি, পরিবারের সদস্যদের অর্থসহায়তা কিংবা ব্যবসায়িক লেনদেনের জন্য বড় অঙ্কের নগদ অর্থ নেয়ার পরিকল্পনা থাকলে যাত্রার আগে নিয়ম যাচাই করা উচিত।
তবে নির্ধারিত সীমার বেশি অর্থ নেয়া নিষিদ্ধ নয়; শর্ত হলো, আইন অনুযায়ী প্রয়োজনীয় তথ্য জানাতে হবে। ভ্রমণের আগে অর্থের উৎস, মালিকানা এবং কী কাজে অর্থ ব্যবহার করা হবে; এসব তথ্য প্রস্তুত রাখাও গুরুত্বপূর্ণ।
logo-1-1740906910.png)