Logo
×

Follow Us

বিশ্ব

নিউজিল্যান্ডে পড়াশোনা শেষে কাজের ভিসায় নতুন সুবিধা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৭

নিউজিল্যান্ডে পড়াশোনা শেষে কাজের ভিসায় নতুন সুবিধা

নিউজিল্যান্ডে উচ্চশিক্ষা শেষে কর্মসংস্থানের সুযোগ খুঁজছেন এমন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়ায় পরিবর্তন এনেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। সোমবার (২৩ নভেম্বর) থেকে পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা (Post-Study Work Visa) এবং শর্ট-ট্রাম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা (Short-Term Graduate Work Visa)-এর আবেদন নতুন ও উন্নত ইমিগ্রেশন অনলাইন প্ল্যাটফর্মে নেয়া শুরু হয়েছে। একই সাথে স্নাতকোত্তর পর্যায়ের কিছু যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীদের জন্য কাজের ভিসার সুযোগও সম্প্রসারণ করা হয়েছে।

ইমিগ্রেশন নিউজিল্যান্ড জানিয়েছে, নতুন অনলাইন ব্যবস্থায় আবেদন জমা দেয়া, প্রয়োজনীয় তথ্য সরবরাহ এবং আবেদনের অগ্রগতি পর্যবেক্ষণ আগের তুলনায় সহজ হবে। দুই ধরনের ভিসার আবেদনই এখন এই প্ল্যাটফর্মের মাধ্যমে করা যাবে।

নতুন ব্যবস্থার পাশাপাশি ১৬ নভেম্বর থেকে পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার যোগ্যতার পরিধি বাড়ানো হয়েছে। নিউজিল্যান্ডে Level 7 গ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করা এবং একই সঙ্গে স্নাতক ডিগ্রিধারী শিক্ষার্থীরাও নির্দিষ্ট শর্ত পূরণ করলে এ ভিসার জন্য আবেদন করতে পারবেন। তাদের স্নাতক ডিগ্রি নিউজিল্যান্ড অথবা অন্য কোনো দেশের বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত হতে পারে। এ ক্ষেত্রে গ্র্যাজুয়েট ডিপ্লোমার মেয়াদের ভিত্তিতে সর্বোচ্চ এক বছর পর্যন্ত কাজের অনুমতি পাওয়ার সুযোগ রয়েছে।

এছাড়া চালু হয়েছে নতুন শর্ট-ট্রাম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা। নিউজিল্যান্ডে নির্দিষ্ট যোগ্যতার কোর্স সম্পন্ন করা আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ ভিসার মাধ্যমে ছয় মাস পর্যন্ত কাজের সুযোগ পাবেন। এর উদ্দেশ্য হলো, পড়াশোনা শেষ করার পর চাকরি খোঁজা এবং যোগ্যতা অনুযায়ী পরবর্তী সময়ে অ্যাক্রেডিটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসা (Accredited Employer Work Visa - AEWV)-এর মতো দীর্ঘমেয়াদি কর্মভিসায় যাওয়ার সুযোগ তৈরি করা।

এই ভিসার জন্য সাধারণত NZQCF Level 5 থেকে 7 পর্যায়ের যোগ্যতা থাকতে হবে এবং সংশ্লিষ্ট কোর্সটি নিউজিল্যান্ডে অন্তত ২৪ সপ্তাহ পূর্ণকালীনভাবে পড়তে হবে। ইংরেজি ভাষা, ফাউন্ডেশন বা ব্রিজিং কোর্স এ যোগ্যতার আওতায় পড়বে না। আবেদনকারীর নিজের খরচ চালানোর জন্য অন্তত ৫ হাজার নিউজিল্যান্ড ডলার থাকতে হবে। পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষাসহ অন্যান্য অভিবাসন শর্ত পূরণ করতে হবে।

আবেদনকারীদের জন্য সময়সীমাও গুরুত্বপূর্ণ। সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে স্টুডেন্ট ভিসার মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে আবেদন করতে হবে। তবে পিএইচডি শিক্ষার্থীদের জন্য এ সময়সীমা ছয় মাস। নতুন ভিসা পাওয়ার ক্ষেত্রে আগে পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা, বা শর্ট-ট্রাম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা পেয়েছেন কি না, সেটিও বিবেচনায় নেয়া হবে।

ইমিগ্রেশন নিউজিল্যান্ড জানিয়েছে, প্রযুক্তিগত সমস্যার কারণে নতুন অনলাইন ব্যবস্থাটি নির্ধারিত ১৬ নভেম্বরের পরিবর্তে ২৩ নভেম্বর চালু করা হয়েছে। ফলে এখন থেকে সংশ্লিষ্ট দুই ধরনের ভিসার আবেদন নতুন প্ল্যাটফর্মে জমা দিতে হবে।

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এ পরিবর্তন গুরুত্বপূর্ণ হলেও এটি সবার জন্য স্বয়ংক্রিয়ভাবে কাজের অনুমতি নিশ্চিত করে না। কোন কোর্স, শিক্ষাগত যোগ্যতা ও ভিসা-শর্ত পূরণ করলে আবেদন করা যাবে, তা আগে যাচাই করতে হবে। বিশেষ করে বিদেশে পড়াশোনার পরিকল্পনার সময় কোর্স নির্বাচনের পাশাপাশি পড়াশোনা শেষে কাজের সুযোগের বিষয়টিও বিবেচনায় রাখা প্রয়োজন।

Logo