Logo
×

Follow Us

বিশ্ব

মালয়েশিয়ায় চালু হয়েছে 'মাইসাইরেন অ্যাপ'

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ২০:২৩

মালয়েশিয়ায় চালু হয়েছে 'মাইসাইরেন অ্যাপ'

মালয়েশিয়ায় দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে দ্রুত সতর্কবার্তা পৌঁছে দিতে চালু হয়েছে জাতীয় আগাম সতর্কতা ব্যবস্থা ‘মাইসাইরেন’ (MySiren)। 

রোববার (২৩ নভেম্বর) পার্লামেন্ট ভবনে ব্যবস্থাটির উদ্বোধন করেন দেশটির যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল। 

ফাহমি ফাদজিল জানিয়েছেন, এই ব্যবস্থার মাধ্যমে মোবাইল ফোনে সরাসরি সতর্কবার্তা পাঠানো হবে। এ জন্য কোনো অ্যাপ ডাউনলোড, নিবন্ধন বা ব্যক্তিগত তথ্য দেয়ার প্রয়োজন নেই। এমনকি ব্যবহারকারীর ফোনের ব্যক্তিগত তথ্যও সংগ্রহ করবে না এই ব্যবস্থা। 

মালয় মেইল পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়, এটি কোনো মোবাইল অ্যাপ নয় এবং এটি ব্যবহারের জন্য কোনো সাবস্ক্রিপশন বা নিবন্ধনের প্রয়োজন নেই। মালয়েশিয়ান কমিউনিকেশন্স অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশন (MCMC) পরিচালিত এই সিস্টেমটি ৪জি (4G) ও ৫জি (5G) নেটওয়ার্ক টাওয়ারের মাধ্যমে নির্দিষ্ট এলাকার সামঞ্জস্যপূর্ণ ফোনে সরাসরি সতর্কবার্তা পাঠায়। মোবাইল ডেটা, ওয়াই-ফাই না থাকলেও বা নেটওয়ার্ক ব্যস্ত থাকলেও এটি কাজ করে।

সেল ব্রডকাস্ট সিস্টেম প্রযুক্তিতে পরিচালিত মাইসাইরেনের মাধ্যমে এক মিনিটেরও কম সময়ে নির্দিষ্ট এলাকার সব উপযোগী মোবাইল ফোনে সতর্কবার্তা পৌঁছানো সম্ভব। বন্যা, ভূমিধস ও প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি অগ্নিকাণ্ড এবং নিখোঁজ শিশু বা ব্যক্তির বিষয়ে সতর্কবার্তা পাঠাতেও এটি ব্যবহার করা যাবে। ফলে সুবিধা নিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। ব্যবহারকারীদের জন্য এ সেবা সম্পূর্ণ বিনামূল্যেই পাওয়া যাবে। 

চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে আগামী ২৯ নভেম্বর সকাল ১০টা ১০ মিনিটে সারা মালয়েশিয়ায় একযোগে মাইসাইরেনের পরীক্ষামূলক সতর্কবার্তা (Public Alert Test) পাঠানো হবে।

Logo