Logo
×

Follow Us

বিশ্ব

কানাডায় বিয়ে করে অভিবাসনের নামে প্রতারণা করলেই হতে পারে শাস্তি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:০৬

কানাডায় বিয়ে করে অভিবাসনের নামে প্রতারণা করলেই হতে পারে শাস্তি

প্রতীকী ছবি: এআই দিয়ে বানানো

কানাডায় স্বামী বা স্ত্রীকে স্পন্সর করে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেয়ার নিয়মের অপব্যবহার ঠেকাতে সতর্ক করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। শুধু অভিবাসনের সুবিধা পাওয়ার উদ্দেশ্যে বিদেশি নাগরিকের সাথে বিয়ের আয়োজন বা তথাকথিত ‘ম্যারেজ অব কনভিনিয়েন্স’ করা আইনত অপরাধ। এ ধরনের প্রতারণায় কানাডার নাগরিক বা স্থায়ী বাসিন্দা স্পন্সর এবং বিদেশি আবেদনকারী; উভয়েই আইনি জটিলতায় পড়তে পারেন।

কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (আইআরসিসি) এক সতর্কবার্তায় জানিয়েছে, কোনো বিদেশি নাগরিককে কানাডায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দিতে কেবল কাগজে-কলমে বিয়ে করা কিংবা প্রকৃত দাম্পত্য সম্পর্ক ছাড়াই বিয়ের মাধ্যমে স্পন্সরশিপের আবেদন করা প্রতারণার শামিল। এ ধরনের ব্যবস্থাকে ‘ম্যারেজ অব কনভিনিয়েন্স’ বলা হয়।

অভিবাসন কর্মকর্তারা আবেদনকারীদের বৈবাহিক সম্পর্কের সত্যতা যাচাই করেন। বিয়ে বা সম্পর্কটি প্রকৃত কিনা, তা বোঝার জন্য আবেদনকারীদের দেয়া তথ্য, সম্পর্কের ইতিহাস, পারস্পরিক যোগাযোগ এবং অন্যান্য প্রাসঙ্গিক নথি পরীক্ষা করা হতে পারে। প্রয়োজনে স্পন্সর ও আবেদনকারীকে আলাদাভাবে সাক্ষাৎকারেও ডাকা হতে পারে।

আইআরসিসির সতর্কতা অনুযায়ী, ভুয়া বিয়ের মাধ্যমে অভিবাসন সুবিধা নেয়ার চেষ্টা প্রমাণিত হলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে। পরিস্থিতি অনুযায়ী ফৌজদারি অভিযোগসহ আরো গুরুতর আইনি পরিণতির মুখোমুখি হতে পারেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিদেশি আবেদনকারীর ক্ষেত্রে কানাডায় প্রবেশে নিষেধাজ্ঞা বা ভবিষ্যৎ অভিবাসন আবেদনে জটিলতাও তৈরি হতে পারে।

কানাডার নাগরিক ও স্থায়ী বাসিন্দারা নির্দিষ্ট শর্ত পূরণ করে তাদের বৈধ স্বামী বা স্ত্রী কিংবা কমন-ল পার্টনারকে স্পন্সর করতে পারেন। তবে স্পন্সরশিপের জন্য সম্পর্কটি বাস্তব হতে হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আইআরসিসির নির্ধারিত যোগ্যতা ও অন্যান্য শর্ত পূরণ করতে হবে।

অভিবাসন কর্তৃপক্ষ একই সাথে প্রতারণামূলক প্রস্তাব ও দালালচক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। অর্থের বিনিময়ে বিয়ে, ভুয়া সম্পর্কের নথি তৈরি কিংবা নিশ্চিতভাবে কানাডার স্থায়ী বসবাসের প্রতিশ্রুতি দেয়া ব্যক্তিদের প্রস্তাবে সাড়া না দেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

বাংলাদেশসহ বিভিন্ন দেশের যেসব নাগরিক কানাডায় পরিবার পুনর্মিলনের মাধ্যমে যেতে চান, তাদের জন্য এ সতর্কবার্তা গুরুত্বপূর্ণ। বৈধ দাম্পত্য সম্পর্ক থাকলে সরকারি নিয়ম অনুসরণ করে আবেদন করা যায়। কিন্তু শুধু ভিসা বা স্থায়ী বসবাসের সুবিধা পাওয়ার উদ্দেশ্যে বিয়ের নাটক সাজানো স্পন্সর ও আবেদনকারী; দু'জনের জন্যই বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।

Logo